নারী আসনে বসে ৩২ লাখ রুপি জরিমানা!
ভারতের ‘দিল্লি মেট্রো’ ট্রেন সার্ভিসে নারীদের জন্য সংরক্ষিত কামরায় পুরুষদের বসা নিষেধ। আদেশ অমান্য করলে জরিমানাসহ বিভিন্ন শাস্তি অবধারিত। তবু থামানো যাচ্ছে না পুরুষ যাত্রীদের। শুধু নারীদের জন্য সংরক্ষিত আসনে বসায় গত দুই বছরে পুরুষ যাত্রীরা ৩২ লাখ রুপি জরিমানা গুনেছেন। রেলসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলতি বছরের আগস্ট মাসে নারীদের আসন দখল করেন এক হাজার ৫৩৮ জন পুরুষ যাত্রী। জরিমানা হিসেবে তাঁদের গুনতে হয়েছে তিন লাখ ৮০ হাজার রুপি। বিপুল অঙ্কের অর্থ গচ্চা গেলেও নিয়মের তোয়াক্কা না করার প্রবণতা রয়েছে পুরুষদের মধ্যে। রেলওয়ের নিয়ম অনুযায়ী প্রতিটি ট্রেনের প্রথম কামরাটি বরাদ্দ থাকে নারীদের জন্য। এ কথা কামরার গায়ে ও প্ল্যাটফর্মে বড় হরফে লেখা থাকে। এ ব্যাপারে দিল্লি মেট্রোর একজন কর্মকর্তা বলেন, ২০১০ সালের ২ অক্টোবর নিয়ম চালু হওয়ার পর এ পর্যন্ত ১২ হাজার ৭৫৭ জন পুরুষকে ৩১ লাখ ৮৯ হাজার ২৫০ রুপি জরিমানা করা হয়েছে। প্রথম দিকে নিয়ম অমান্য করলে ২০০ টাকা জরিমানা করা হতো। ২০১০ সালের নভেম্বরে জরিমানা বাড়িয়ে ২৫০ রুপি করা হয়। এ সময় পুলিশের সদস্যরা নারীদের আসন দখল করে বসা পুরুষদের হাতেনাতে ধরে মারধরও করেন। ওই কর্মকর্তা জানান, ঝটিকা অভিযান চালিয়ে প্রতিদিনই অবৈধ যাত্রীদের ধরা হচ্ছে। যাত্রীদের (নারী) সুবিধার্থেই এমনটি করা হয়েছে। যাত্রীদের সদিচ্ছা থাকলেই কেবল এ ধরনের উদ্যোগ সফল হবে।