নারী ইউপি সদস্যকে হেনস্তা করেই চলছেন চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত আসনে নির্বাচিত একজন নারী সদস্য প্রকল্পের কাজ না পেয়ে চেয়ারম্যানের কাছে খোঁজ নিতে গিয়েছিলেন। চেয়ারম্যান তাঁকে বলেছেন, এলাকার জনগণ তাঁকে (নারী সদস্যকে) প্রকল্পের কাজ দিতে নিষেধ করেছে। নিরুপায় হয়ে তিনি জনগণের মতামত নিতে মাইকিং করে সভা ডাকেন। এতে তিনি মানসিক ভারসাম্যহীন বলেও আখ্যা পান। মাইকিং বন্ধ করে দেওয়ার চেষ্টাও চলে। তিনি হলেন রাজশাহীর পবা উপজেলার বড়গাছি ইউপির সদস্য কোহিনুর বেগম।বড়গাছি ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত আসন থেকে নির্বাচিত হয়েছেন কোহিনুর বেগম। এ ইউনিয়ন পরিষদে নয়জন পুরুষ সদস্য আর তিনজন নারী সদস্য। তাঁর অভিযোগ, অন্যান্য ইউপির সদস্য প্রকল্প বরাদ্দ পান। কিন্তু গত দুই বছরের মধ্যে ভিজিএফ, ভিজিডি, শীতবস্ত্র বিতরণের মতো কোনো প্রকল্পে তাঁকে কাজ করার সুযোগ দেওয়া হয় না। কোহিনুর দাবি করেন, ইউনিয়নে কাবিখা, টিআর, এডিপি, রাজস্ব, থোক বরাদ্দ ও শরিক প্রকল্পের কাজ হয়। তদন্ত করলেই প্রমাণ পাওয়া যাবে এসব প্রকল্পে কারা কতটি কাজ পেয়েছেন। গত বছরের প্রথম দিকে তাঁর তৈরি তালিকায় দুস্থ মানুষের নাম কেটে দিয়ে চেয়ারম্যান ধনী পরিবারের এক গৃহবধূকে ভিজিডি কার্ড দিয়েছিলেন। এ ব্যাপারে গত বছরের ২২ ফেব্রুয়ারি প্রথম আলোতে ‘এ জগতে হায় সেই বেশি চায়...’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। পরের দিন কোহিনুর বেগমের তালিকার দুস্থ মানুষটির নাম বহাল করা হয়।কোহিনুর বেগম গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, দুই বছর আগে একটি প্রকল্পের বরাদ্দ করা টাকা তোলার পর চেয়ারম্যান তাঁর কাছ থেকে ২০ হাজার টাকা নেন। পরবর্তী প্রকল্প বরাদ্দের জন্য এ অর্থ নেওয়া হচ্ছে, এ কথা বলেও পরে তাঁকে আর কাজ দেওয়া হয়নি। কেন তাঁকে প্রকল্পের কাজ দেওয়া হচ্ছে না জানতে চাইলে চেয়ারম্যান বলেন, এলাকার জনগণ নিষেধ করেছেন।স্থানীয় লোকজন জানায়, গত ২৬ ডিসেম্বর কোহিনুর বেগম বড়গাছি বাজার থেকে একটি রিকশায় করে নিজেই মাইকিং শুরু করেন। তিনি কাঁদতে কাঁদতে বলেন, জনগণ তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এখন কেন তাঁরা তাঁর মাধ্যমে এলাকার উন্নয়ন চান না, তাঁর কী অপরাধ? তিনি পরদিন বিকেল তিনটায় সভা আহ্বান করে তাঁকে প্রশ্ন করার জন্য জনগণকে অনুরোধ করেন।কোহিনুর বলেন, মাইকিং শুরুর কিছুক্ষণ পরই মাইকের মালিক ব্যাটারি পাল্টানোর নাম করে দোকানে এসে রিকশা থেকে মাইক নামিয়ে রাখতে চান। এ সময় পিয়ারুল ইসলাম নামের একজন ইউপির সদস্য ঘোষণা দেন, কোহিনুরের ‘মাথা খারাপ’ হয়ে গেছে, এ জন্য মাইক নিয়ে রাস্তায় নেমেছেন।মাইকের মালিক আবদুর রহমান প্রথম আলোকে বলেন, মোবাইল ফোনে চেয়ারম্যানের লোকজন নিষেধ করেছিল। পরে কোহিনুর কান্নাকাটি শুরু করলে স্থানীয় লোকজন জড়ো হয়। লোকজনের কথা শুনে পরে তাঁকে মাইক ব্যবহার করতে দেওয়া হয়।ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুল মজিদ বলেন, কাজ দেননি বলে কোহিনুর চেয়ারম্যানের বিরুদ্ধে মাইকিং করেছেন। এটা তিনি শুনেছেন। একই এলাকার মহসীন আলী বলেন, কাজ দেওয়া হয় না এটা বাস্তব ঘটনা। তাঁর কাজ পাওয়ার অধিকার আছে। মেয়েটা কাঁদতে কাঁদতে মাইকিং করেছেন। এ ব্যাপারে চেয়ারম্যান মোবারক আলী বলেন, ‘প্রকল্প হচ্ছে আটটি। আর চেয়ারম্যানসহ জনপ্রতিনিধি ১৩ জন। সেই ক্ষেত্রে কাউকে তো বাদ পড়তেই হবে। এবার যাঁরা পাননি, পরে তাঁরা পাবেন। এটুকু তো ছাড় দিতেই হবে।’ তদন্ত করলেই কাকে কত কাজ দেওয়া হয়েছে তা বেরিয়ে পড়বে—কোহিনুরের এমন দাবির ব্যাপারে চেয়ারম্যান বলেন, না পেলেও আগামীবার পাবেন। প্রকল্প দেওয়ার কথা বলে টাকা নেওয়ার কথা অস্বীকার করে চেয়ারম্যান বলেন, ‘গরিব হিসেবে কোহিনুরকে মাঝেমধ্যেই আর্থিকভাবে সহযোগিতা করে থাকি।’ তিনি বলেন, ‘ও গরিব মানুষ। অভাবের তাড়নায় কখন কী করে, ঠিক নেই।’ তিনি বলেন, মাইকিং করে কোহিনুর জনসভা ডেকেছিলেন। সে সভায় কেউ উপস্থিত হয়নি।এ ব্যাপারে জানতে চাইলে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সেলিম মাহমুদুল হাসান গতকাল বলেন, কারা কতটি প্রকল্প পেয়েছেন, তা তদন্ত না করে বলা সম্ভব নয়।