নারী উদ্যোক্তা হওয়ার সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কাপড় প্রিন্টিং আর ব্লক-বাটিকের কাজ দিয়েই আমি ব্যবসা শুরু করেছিলাম। ব্যবসার একপর্যায়ে ২০১০ সালে এসএমই ফাউন্ডেশনে তথ্যপ্রযুক্তিবিষয়ক একটি প্রশিক্ষণ নিই। এরপর প্রতিষ্ঠানটি থেকে আরও কয়েকটি প্রশিক্ষণ নিই। এসব প্রশিক্ষণের ফলে শুধু আমার ব্যবসার পরিধিই বাড়েনি, বরং আমার শক্তি-সামর্থ্য, ব্যক্তিগত পরিচিতিও বেড়েছে। যেমন—মালয়েশিয়ায় একটি প্রতিযোগিতায় যোগ দিয়ে দ্বিতীয় পুরস্কার পেয়েছি।’ কথাগুলো বলছিলেন ঢাকার শ্যামলীর ক্ষুদ্র নারী উদ্যোক্তা আয়েশা সিদ্দিকা।এসএমই ফাউন্ডেশন থেকে প্রশিক্ষণ নিয়ে আয়েশার মতো অনেক নারীই স্বাবলম্বী ও সফল ব্যবসায়ী। এ রকম একজন রাজশাহীর শাহনাজ পারভীন। তিনি বলেন, ‘কাপড়ের ডিজাইনিং সম্পর্কে আগে আমার তেমন ধারণা ছিলনা। গত বছর এসএমই ফাউন্ডেশন প্রশিক্ষণ নেওয়ার পর জানলাম এক খণ্ড কাপড়কে কতভাবে ডিজাইন করা যায়। সেই সঙ্গে জানলাম হিসাব ও বাজারজাতকরণের কৌশলও। যা আমার ব্যবসা বাড়াতে সহায়ক হয়েছে।’এসএমই ফাউন্ডেশন খ্যাত ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন অবশ্য সারা বছরই স্থানীয় পর্যায়ে ও জাতীয়ভাবে প্রশিক্ষণের মাধ্যমে নারীসহ সব শ্রেণীর ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরির কাজ করে থাকে। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী উদ্যোক্তাদের জন্য এসএমই ফাউন্ডেশনের বিভিন্ন ধরনের প্রশিক্ষণের তথ্য তুলে ধরা হলো এ প্রতিবেদনে।প্রশিক্ষণের ধরন: এসএমই ফাউন্ডেশন ইতিমধ্যে ব্যবসা শুরু করা নারী উদ্যোক্তাদের মানোন্নয়নে যেমন প্রশিক্ষণ দেয়, তেমনি নতুন নারী উদ্যোক্তাদের হাতেকলমে বিভিন্ন ধরনের ব্যবসার কলাকৌশল শেখায়। পুরোনো ও নতুন উভয় ধরনের নারী উদ্যোক্তাদের বেশ কয়েকটি বিষয়ে প্রশিক্ষণ দেয় এসএমই ফাউন্ডেশন। এসব প্রশিক্ষণের মধ্যে উল্লেখযোগ্য হলো: নারী উদ্যোক্তাদের আত্মোন্নয়ন, ফ্যাশন ডিজাইনিং, ন্যাচারাল ডায়িং, তথ্যপ্রযুক্তি ব্যবহারের দক্ষতা বাড়ানো, বিউটি পার্লার, টেকসই প্রযুক্তি ব্যবহার, পাটজাত দ্রব্য উৎপাদন, কাঠ ও পাটের শোপিস বানানো, ব্যাংক-ঋণের প্রস্তাবনা তৈরি, ট্রেড লাইসেন্সসহ ব্যবসায়িক বিভিন্ন কাগজপত্র প্রাপ্তি, মূল্য সংযোজন করসহ (মূসক) অন্যান্য কর নির্ধারণ ও পরিশোধ এবং নিরাপদ খাদ্য তৈরি ও ব্যবস্থাপনা-প্রক্রিয়া ইত্যাদি। এ ছাড়া রয়েছে আচার, বেকারি ও কনফেকশনারি খাদ্য, চামড়াজাত ও বাঁশজাত পণ্য, ইকেবানা, কৃত্রিম জুয়েলারি ও পটারি বা মৃৎপাত্র, কৃষিবীজ এবং ফাস্টফুড-মিষ্টিজাত পণ্য ইত্যাদি তৈরি ও বাজারজাতকরণের প্রশিক্ষণও নেওয়া যায়। প্রশিক্ষণশেষে প্রত্যেককে এসএমই ফাউন্ডেশন সনদপত্র প্রদান করে। যেখানে মিলবে প্রশিক্ষণ: ঢাকা ও ঢাকার বাইরে দুই জায়গা থেকেই এসএমই ফাউন্ডেশনের এসব প্রশিক্ষণ নেওয়া যাবে। ঢাকায় এসএমই ফাউন্ডেশনের পান্থপথের কার্যালয় থেকেই প্রশিক্ষণ নেওয়া যাবে। আর ঢাকার বাইরে প্রশিক্ষণের জন্য নির্দিষ্ট কোনো স্থান না থাকলেও প্রশিক্ষণের আগে বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়ে দেওয়া হয়। আর প্রশিক্ষণার্থীদের জন্য ঢাকা ও ঢাকার বাইরে দুই জায়গাতেই রয়েছে সমান সুযোগ-সুবিধা। এ সম্পর্কে এসএমই ফাউন্ডেশনের অনুষ্ঠান কর্মকর্তা মো. রাকিবউদ্দিন খান বলেন, ‘ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের একটি বিরাট অংশ ঢাকার বাইরে থাকেন। সে জন্য তৃণমূল পর্যায় বা প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বেশির ভাগ প্রশিক্ষণই ঢাকার বাইরে আয়োজন করা হয়।’প্রশিক্ষক কারা: সংশ্লিষ্ট বিষয়ে সর্বোচ্চ যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের প্রশিক্ষক হিসেবে নিয়োগ দিয়েই প্রশিক্ষণ দেওয়া হয় বলে জানান মো. রাকিবউদ্দিন খান।আসনসংখ্যা ও প্রশিক্ষণের মেয়াদ: ঢাকা ও ঢাকার বাইরে প্রতিটি বিষয়ে প্রতিবার প্রশিক্ষণের ক্ষেত্রে ২৫ থেকে ৩০ জনকে সুযোগ দেওয়া হয়। তবে এ ক্ষেত্রে নারী-পুরুষের সমান অংশগ্রহণকে উৎসাহী করা হয়। এসব প্রশিক্ষণ গুরুত্ব ও প্রকারের ওপর নির্ভর করে তিন থেকে ১৫ দিন মেয়াদি হয়ে থাকে। খরচ কেমন: এসএমই ফাউন্ডেশন থেকে প্রশিক্ষণ নিতে কোনো ধরনের টাকা-পয়সা খরচ করতে হয় না। অর্থাৎ এখানকার সব প্রশিক্ষণই বিনা মূল্যে নেওয়া যাবে। এ ছাড়া প্রশিক্ষণ চলাকালে প্রশিক্ষণার্থীদের খাবারসহ অন্যান্য সুবিধা দেয় এসএমই ফাউন্ডেশন।প্রশিক্ষণ নিতে চাইলে: এসএমই ফাউন্ডেশন থেকে প্রশিক্ষণ নিতে আগ্রহীদের ন্যূনতম অষ্টম শ্রেণী বা সমমান পাসের যোগ্যতা থাকতে হবে। তবে কিছু বিষয়ের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য হলেও ব্যাংক-ঋণ প্রস্তাবনা তৈরিসহ বেশ কিছু বিষয়ে শিক্ষাগত যোগ্যতা আরও বেশি প্রয়োজন হয় বলে জানান এসএমই ফাউন্ডেশনের কর্মকর্তারা। আবেদনকারীদের মধ্য থেকে বাছাই করে নির্দিষ্ট সংখ্যক নারীকে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হয়।যোগাযোগ: এসএমই ফাউন্ডেশন, রয়েল টাওয়ার, ৪ পান্থপথ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। ফোন: ৮১৪২৯৮৩, ৯১৪২৯০৭, ০১৭১৩০৬৬৭১২, ০১৫৫২৩৯৯০৩০। ওয়েব: www.smef.org.bd