এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’ অনুষ্ঠানে সম্প্রতি এসেছিলেন চামড়াজাত পণ্য প্রস্তুতকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠান কারিগর-এর স্বত্বাধিকারী ও নারী উদ্যোক্তা তানিয়া ওয়াহাব। তিনি কথা বলেছেন কথাবন্ধু ফারজানার সঙ্গে। নারী উদ্যোক্তাদেরনানা বিষয় নিয়ে আলোচনা করেছেন তিনি।কথাবন্ধু: কারিগর প্রতিষ্ঠানটি নিয়ে কিছু বলুন।তানিয়া ওয়াহাব: আমি তখন লেদার টেকনোলজির শেষ বর্ষের শিক্ষার্থী। ২০০৫ সালে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। কারিগর প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা মূলত চামড়াজাত পণ্য তৈরি ও সরবরাহ করে থাকি। এর মধ্যে আছে চামড়া দিয়ে তৈরি জ্যাকেট, বেল্ট, মানিব্যাগ, কার্ড হোল্ডার, লেডিস ব্যাগ ইত্যাদি। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা বাণিজ্যিকভাবে চামড়া দিয়ে তৈরি নানা ধরনের উপহারসামগ্রী সরবরাহ করে থাকি।কথাবন্ধু: সফল উদ্যোক্তা হতে হলে কী কী বিষয়ে ধারণা থাকা দরকার বলে আপনি মনে করেন?তানিয়া ওয়াহাব: ব্যবসা করতে হলে আপনাকে অবশ্যই সৎ হতে হবে, ধৈর্য থাকতে হবে এবং পরিশ্রমী হতে হবে। তবে কোনো ব্যবসা শুরু করার আগে অবশ্যই দেখতে হবে যে ওই পণ্যের চাহিদা আছে কি না, পণ্যের নতুনত্ব আছে কি না, পণ্যটা দৃষ্টিনন্দন কি না এবং পণ্যের মান ভালো কি না। এ বিষয়গুলো মাথায় রাখলেই একজন ব্যবসায়ী সফল হতে পারেন।কথাবন্ধু: লেদার টেকনোলজিতে পড়াশোনা করে উদ্যোক্তা হওয়া ছাড়া শিক্ষার্থীরা আর কী ধরনের পেশা বেছে নিতে পারেন? এ ক্ষেত্রে চাকরির সুযোগ কেমন?তানিয়া ওয়াহাব: বর্তমানে এ ক্ষেত্রে চাকরির বাজার অনেক ভালো। লেদার টেকনোলজিতে তিনটি বিষয় আছে। ১. লেদার টেকনোলজি, ২. লেদার প্রোডাক্ট টেকনোলজি এবং ৩. ফুটওয়্যার টেকনোলজি। যাঁরা লেদার টেকনোলজিতে পড়েন, তাঁরা বিভিন্ন ট্যানারিতে অথবা গবেষণাগারে এবং বিভিন্ন দেশেও কাজ করতে পারেন। যাঁরা লেদার প্রোডাক্ট ও ফুটওয়্যার টেকনোলজিতে পড়েন, তাঁরা বিভিন্ন প্রতিষ্ঠানে ডিজাইনার, প্রোডাকশন ম্যানেজার, এমনকি জিএম, পিএম হিসেবেও থাকতে পারেন।কথাবন্ধু: পণ্যের মানোন্নয়নের ক্ষেত্রে আপনি কী ধরনের উদ্যোগ গ্রহণ করেন?তানিয়া ওয়াহাব: আমরা শুরুতেই পণ্যের নকশা (ডিজাইন) নিয়ে কাজ করি। পণ্য তৈরির ক্ষেত্রে কাঁচামালের মান ঠিক আছে কি না, সেটাও দেখি। আমাদের প্রধান কাঁচামাল হচ্ছে চামড়া। এরপর আছে কাপড়, জিপার ইত্যাদি। কাঁচামাল যখন ঠিক হয়, তখন আমরা পণ্যের একটি নমুনা তৈরি করি এবং পণ্যটি যখন তৈরি হয়, সে সময় দেখতে হয় তৈরি করা পণ্যে সেলাই ঠিক আছে কি না। সব মিলিয়ে পণ্যটি ক্রেতার কাছে পৌঁছানোর জন্য তৈরি হয়েছে কি না এবং আমাদের পণ্যের যে নমুনা ছিল, সে রকম হয়েছে কি না। তার পরই আমরা তা প্যাকেট করে সরবরাহ করি।কথাবন্ধু: যাঁদের পর্যাপ্ত পুঁজি নেই, তাঁরা ব্যবসা প্রতিষ্ঠার ক্ষেত্রে কি ব্যাংকিং খাতের পূর্ণ সহায়তা পান?তানিয়া ওয়াহাব: আমি খুব কম পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেছিলাম। তবে বর্তমান সময়ে পর্যাপ্ত পুঁজি নিয়েই ব্যবসা শুরু করা উচিত। এ জন্য ব্যাংকগুলো বর্তমানে বিভিন্নভাবে সহায়তা করছে। সে ক্ষেত্রে প্রতিষ্ঠানের এবং ঋণ নেওয়ার জন্য কাগজপত্র যদি ঠিক থাকে, তাহলে ব্যাংকগুলোর কাছ থেকে পর্যাপ্ত সহায়তা পাওয়া যায়। কারণ, ব্যাংকগুলো কাগজপত্রের ওপরই বেশি নির্ভর করে।কথাবন্ধু: আপনার প্রতিষ্ঠানের জন্য ‘ব্যবসা উন্নয়ন’ কীভাবে করে থাকেন?তানিয়া ওয়াহাব: পরবর্তী পাঁচ বছর আমরা কী করব, সে ধরনের একটি পরিকল্পনা আমাদের আছে এবং প্রতিবছরই আমরা একটি পরিকল্পনা করি। বছর শেষে আমরা দেখি যে পরিকল্পনামতো এগিয়ে যেতে পেরেছি কি না। যদি না পারি, তাহলে সমস্যাগুলো চিহ্নিত করি। এ ছাড়া পণ্যের মান বাড়াতে আমরা বিভিন্ন রকম কৌশল অবলম্বন করি। পণ্যের নকশা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করি। এ ছাড়া পণ্য বাজারজাতকরণের জন্য দেশে-বিদেশে আমরা বিভিন্ন মেলায় অংশগ্রহণ করি।কথাবন্ধু: একটি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বা কারখানায় প্রশিক্ষিত জনবল গড়ে তোলার ক্ষেত্রে আপনি কী ধরনের পদক্ষেপ নিয়ে থাকেন?তানিয়া ওয়াহাব: কারিগরে যে কর্মীরা কাজ করছেন অথবা যাঁরা নতুন আসেন, তাঁদের জন্য আমরা প্রতিবছর প্রশিক্ষণের ব্যবস্থা করি। সে ক্ষেত্রে প্রশিক্ষণের জন্য কিছু বেসরকারি প্রতিষ্ঠান কারিগরকে সাহায্য করে থাকে। এ ধরনের প্রতিটি প্রতিষ্ঠানের কর্মীদের জন্য প্রশিক্ষণ অবশ্যই জরুরি। এতে পণ্যের এবং প্রতিষ্ঠানের মানোন্নয়ন হয়।কথাবন্ধু: কারিগর নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?তানিয়া ওয়াহাব: দেশ-বিদেশে কারিগরকে আমি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। একই সঙ্গে সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধাসহ গাজীপুরে একটি ফ্যাক্টরি করার ইচ্ছা আছে। যদিও তা পাঁচ বছর পরের পরিকল্পনা। এ ছাড়া কারিগর নিয়ে আরও নানা ধরনের পরিকল্পনা আমাদের রয়েছে। কথাবন্ধু: নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক উদ্যোগের ক্ষেত্রে কী ধরনের বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয় বলে আপনি মনে করেন?তানিয়া ওয়াহাব: ব্যবসার ক্ষেত্রে নারীদের জন্য প্রথম বাধা আসে পরিবার থেকে। মেয়েরা ব্যবসা করবে—এটি সমাজের অনেকেই এখনো মেনে নিতে পারেন না। এ ছাড়া খুব কম মেয়েই আছেন, যাঁরা পড়াশোনা শেষ করে ব্যবসা করছেন। এ জন্য পরিবার থেকেই আত্মবিশ্বাস তৈরির সাহস দিতে হবে। সামাজিকভাবেও সহায়তা করতে হবে। তাহলে মেয়েরাও অনেক সাহস পাবেন এবং ব্যবসার ক্ষেত্রে তাঁরা এগিয়ে আসবেন।কথাবন্ধু: প্রথম আলো জবস আয়োজিত এই অনুষ্ঠান ভিন্নধর্মী পেশাগুলোকে তুলে ধরছে। এ ধরনের উদ্যোগকে আপনি কীভাবে দেখছেন?তানিয়া ওয়াহাব: এটি খুবই ভালো একটি উদ্যোগ। সবার কাছে আমি আমার সাফ্যলের কথা বলতে পারছি। আমার সাফল্যের কথা শুনে অনেক মেয়েই এগিয়ে আসতে পারেন। এ ধরনের উদ্যোগকে আমি স্বাগত জানাই।কথাবন্ধু: নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কী হবে? তানিয়া ওয়াহাব: ব্যবসা শুরু করার আগে থেকেই আপনাকে ধৈর্য নিয়ে কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে এবং ব্যবসার শুরুতে চিন্তাই করা যাবে না যে আপনি এখনই প্রতিষ্ঠান থেকে লাভ বের করতে পারবেন। ব্যবসা হচ্ছে একটি শিশুর মতো। শিশুটিকে অনেক যত্ন করে বড় করতে হয়। বড় হওয়ার পর শিশুটি নিজেই হাঁটতে শেখে। সে ক্ষেত্রে খুব ধৈর্যসহকারে এবং নতুন নতুন চিন্তা ও সৃজনশীলতা দিয়ে যদি ব্যবসা করা যায়, তাহলে দ্রুত সাফল্য পাওয়া যায়। গ্রন্থনা: সুদীপ দে