‘নারী দিবসের শতবর্ষে করো অঙ্গীকার, বৈষম্য-শোষণ ও সহিংসতামুক্ত বিশ্বে থাকবে নারীশ্রমের স্বীকৃতি ও সম-অধিকার’ স্লোগান নিয়ে আজ বৃহস্পতিবার মুক্তাঙ্গনে সমাবেশ করেছেন নারীশ্রমিকেরা। সমাবেশে তাঁরা জাতীয় নারী উন্নয়ন নীতি ’৯৭ ঘোষণা ও একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবি তোলেন। কর্মজীবী নারী আয়োজিত সমাবেশ শেষে বেলুন ও পতাকাসাজে সজ্জিত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ঘোষণার শত বছর পূর্ণ হবে। আজ কর্মজীবী নারী আয়োজিত সমাবেশে নারী দিবসের সূচনার সময় থেকে বাড়ি ও কর্মক্ষেত্রে নারীর অবদান ও শ্রমকে স্বীকৃতি দেওয়া, সমমজুরি, মাতৃত্বকালীন ছুটি, নিরাপদ কর্মপরিবেশসহ বিভিন্ন বিষয়ে আবারও দাবি জানানো হয়।কর্মজীবী নারীর সভাপতি শিরিন আখতার বলেন, সমাজ গঠনের হাতিয়ার নারীশ্রমিক। তাঁরা শ্রম দিয়ে সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তবে শত বছর আগে নারীরা যেসব দাবিতে আন্দোলনে নেমেছিলেন, এখনো নারীদের সেই দাবিতেই লড়াই করতে হচ্ছে। গরিব অ্যান্ড গরিব গার্মেন্টসে অগ্নিকাণ্ডে ১৩ নারী শ্রমিক লাশ হয়ে তারই প্রমাণ দিয়ে গেছেন।সমাবেশ সঞ্চালনা করেন কর্মজীবী নারীর নির্বাহী পরিচালক রোকেয়া রফিক এবং ঘোষণাপত্র পড়ে শোনান সংগঠনের সমন্বয়ক আরিফা আক্তার। এতে জাগরণের গান পরিবেশন করেন গণসংগীত-শিল্পীরা।