নারী ও শিশু নির্যাতন দমন আইন যুগোপযোগী করার সিদ্ধান্ত
ছাত্রী উত্ত্যক্তকারীদের শাস্তি নিশ্চিত করতে ২০০৩ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি ধারা প্রতিস্থাপন করা হবে। একই সঙ্গে এ-সংক্রান্ত আইনকে যুগোপযোগী করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।শিক্ষা মন্ত্রণালয়ে ইভ টিজিং নিয়ে আন্তমন্ত্রণালয়ের এক বৈঠক শেষে আজ রোববার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের এ কথা জানান।মন্ত্রী বলেন, এ আইনের ধারা প্রতিস্থাপন করার ফলে উত্ত্যক্তকারীদের শাস্তির ব্যবস্থা নিশ্চিত হবে। জানা গেছে, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০(২) ধারায় ইভ টিজিং বা যৌন হয়রানির ব্যাখ্যা এবং শাস্তির বিষয়টি উল্লেখ থাকলেও ২০০৩ সালে এ আইনটি সংশোধন করে ধারাটি বাদ দেওয়া হয়। এ ধারায় বলা হয়েছিল ‘কোন পুরুষ অবৈধভাবে তাহার যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশে কোন নারীর শ্লীলতাহানি করলে বা অশোভন অঙ্গভঙ্গি করলে তার এই কাজ হবে যৌন হয়রানি। এর জন্য উক্ত পুরুষ অনধিক সাত বত্সর সশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন।’সূত্রমতে, নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবারের সংশোধনীতে এ বিধান প্রতিস্থাপন করার উদ্যোগ নিয়েছে। এ ধারায় শাস্তির মেয়াদ রাখা হবে সাত থেকে ১০ বছর। এ ছাড়া ইভ টিজিং বা উত্ত্যক্ত করার প্রকৃত সংজ্ঞা রাখা হবে। শ্লীলতাহানির ব্যাপারেও স্পস্ট ব্যাখ্যা থাকবে।