নারী ও শিশু নির্যাতন বেড়েছে
গত এক বছরে নারী ও শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে এবং নির্যাতনের ধরনে নতুন নতুন মাত্রা যুক্ত হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি। এ ছাড়া নারী ও শিশুর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি অপব্যবহারের মাধ্যমে নির্যাতনের মাত্রাও বেড়েছে।আজ রোববার বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির উদ্যোগে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ-সংক্রান্ত কিছু তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, গত এক বছরে যৌন হয়রানির শিকার হয়েছেন ৫৫৩ জন নারী। আর হত্যা বা আত্মহত্যার সংখ্যা ৭০। প্রকাশ্য সহিংসতার শিকার হয়েছেন এক হাজার ৩৫১ জন। এ ক্ষেত্রে হত্যা বা আত্মহত্যার সংখ্যা ৭২৮। ফতোয়া বা বিচারবহির্ভূত শাস্তির শিকার হয়েছেন ৫৫ জন। ধর্ষণের শিকার হয়েছেন ৬২০ জন। এক্ষেত্রে হত্যা বা আত্মহত্যার সংখ্যা ৮৩। এসিড নিক্ষেপের শিকার হয়েছেন ৭৮ জন। বিদেশে পাচারের শিকার হয়েছেন ৭৮৩ জন। পারিবারিক নির্যাতনের ঘটনা ঘটেছে ৮৫৭টি এবং এ ক্ষেত্রে হত্যা বা আত্মহত্যার সংখ্যা ২৮১টি। গৃহপরিচারিকার ওপর বিভিন্ন ধরনের নির্যাতনের ঘটনা ঘটেছে ১১২ টি। এ ক্ষেত্রে হত্যা বা আত্মহত্যার সংখ্যা সর্বোচ্চ ১০১ জন। রাজনৈতিক সহিংসতার শিকার হয়েছেন ১১ জন। এ ক্ষেত্রে হত্যা বা আত্মহত্যার সংখ্যা ৪।‘গত দু বছরে নারী ও শিশুর মানবাধিকারের পরিস্থিতি এবং নতুন বছরের প্রত্যাশা’ শীর্ষক এ সংবাদ সম্মেলনে ১৪টি জাতীয় দৈনিক সংবাদপত্র থেকে গত এক বছরে প্রকাশিত বিভিন্ন সংবাদের ওপর ভিত্তি করে এসব তথ্য দিয়েছে সংগঠনটি।সম্মেলনে লিখিত প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের নির্বাহী পরিচালক সালমা আলী।সালমা আলীর অভিযোগ, গত এক বছরে বিভিন্ন আইনজীবী ও মানবাধিকার সংগঠনগুলো নারী ও শিশুর অধিকার রক্ষার্থে কাজ করলেও সরকার বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে প্রত্যাশিত সাহায্য পাওয়া যায়নি। তিনি বলেন, নারী নির্যাতন দমন ও নারী অধিকার বাস্তবায়নে সরকার যথেষ্ট আন্তরিক হওয়া সত্ত্বেও পরিস্থিতির কোনো আশানুরূপ পরিবর্তন হয়নি। এ সমস্যা উত্তরণে তিনি সরকারকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ এবং পৃথক স্বাধীন ও স্বতন্ত্র নারী কমিশন গঠনের সুপারিশ করেন।পরে এ বিষয়ে ব্যাপক আকারে গবেষণা শেষে একটি প্রতিবেদন উপস্থাপন করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের পরিচালক তৌহিদা খন্দকার ও রেহানা সুলতানা, সহকারী পরিচালক তাহমিনা ও রাশিদা হাসান উপস্থিত ছিলেন।