নারী ও শিশু নির্যাতন মামলার ৯৬ শতাংশ নিম্ন আদালতেই খারিজ
সারা দেশে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলাজটে পড়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সময়মতো অভিযোগপত্র (চার্জশিট) না হওয়াই এর প্রধান কারণ। প্রতিদিন যে হারে মামলা হচ্ছে, সেই হারে অভিযোগপত্র দাখিল হচ্ছে না। আবার নিষ্পত্তি হওয়া মামলার ৯৬ শতাংশই নিম্ন আদালতে খারিজ হচ্ছে। এর কারণ হিসেবে প্রাথমিক তথ্যবিবরণী (এফআইআর) দুর্বল, তদন্তে অবহেলা এবং সাজানো মামলাকে কারণ হিসেবে উল্লেখ করছেন আইনজীবীরা। সিআইডির ২০০৮ সালের তথ্যমতে, সারা দেশে কেবল এসিড-সন্ত্রাসের ১৬১ মামলায় সাজা হয়েছে মাত্র ২৮টিতে। ৬৭টি খালাস, বাকিগুলো বিচারাধীন। ঢাকা মহানগর মুখ্য হাকিমের (সিএমএম) ২০০৯ সালে নিষ্পত্তি হওয়া ৬৪৬টি মামলার ৯৬ শতাংশই খারিজ হয়ে গেছে। বিশিষ্ট আইনজীবী শাহ্দীন মালিক বলেন, সাক্ষী রেখে নারী নির্যাতনের ঘটনা খুব কম ঘটে। তদন্তকারী কর্মকর্তা যদি কোনো সাক্ষী হাজির না করেন, সে ক্ষেত্রে বিচার পাওয়ার সম্ভাবনা থাকে না। মামলাগুলো দুর্বলভাবে উপস্থাপন ও চূড়ান্ত প্রতিবেদন (মামলাটি খারিজ করে দেওয়ার আবেদন) দেওয়ার কারণে খালাস পাওয়ার হার এত বেশি। এদিকে ধর্ষণ, হত্যা ও এসিড-সন্ত্রাসের মতো গুরুতর অপরাধগুলোর ক্ষেত্রে মাসের পর মাস অভিযোগপত্র জমা দিচ্ছেন না তদন্তকারী কর্মকর্তা। ঢাকা মহানগর মুখ্য হাকিমের আদালত সূত্রে জানা গেছে, গত বছর ৫৬টি মামলার অভিযোগপত্র দাখিলের নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পরও তদন্ত সম্পন্ন হয়নি। নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিন মাসের মধ্যে তদন্ত শেষ হওয়ার কথা থাকলেও বেশির ভাগ ক্ষেত্রে সেটি এক বছরেও হয় না। নারী ও শিশু নির্যাতন দমন আইনানুযায়ী, অপরাধী হাতেনাতে ধরা পড়লে ১৫ কার্যদিবস এবং তা না হলে ৬০ কার্যদিবসে তদন্ত শেষ হবে। যৌক্তিক কারণে তদন্ত শেষ না হলে তদন্ত কর্মকর্তা আদালতের কাছে আরও ৩০ কার্যদিবস সময় চেয়ে নেবেন। এর পরও না হলে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ম্যাজিস্ট্রেট বলেন, অযৌক্তিক কারণকে যৌক্তিক বানিয়ে আদালতকে বিভ্রান্ত করা হয়। সেটা বুঝেও আদালতের করণীয় থাকে না। তিনি ধর্ষণের মামলার উদাহরণ দেন। ধর্ষণের ঘটনা প্রমাণে রাসায়নিক পরীক্ষা, ডিএনএ পরীক্ষার মতো বিষয়গুলোতে সময় লাগছে বলে সহজেই ছয় মাস পার করে দেওয়া যায়।গুরুতর অভিযোগের পরও মাত্র ৪ শতাংশের সাজা হওয়া প্রসঙ্গে জাতীয় মহিলা আইনজীবী সমিতির ভাইস প্রেসিডেন্ট ফাহিমা নাসরিন দুটি বিষয় চিহ্নিত করেন। যেমন, ব্যক্তিগত আক্রোশে আইনটির অপব্যবহার এবং শুরুতেই মামলাটি দুর্বলভাবে উপস্থাপন। প্রতিশোধমূলক সাজানো মামলা দায়েরের কারণেই নারী নির্যাতনের ক্ষেত্রে ধর্ষণ ও যৌতুক চেয়ে নির্যাতনের পরিমাণ অস্বাভাবিক বেশি বলে তিনি উল্লেখ করেন। অনুসন্ধানে এ কথার সত্যতা মেলে। ঢাকা সিএমএম আদালতে ২০০৯ সালের নারী নির্যাতনের এক হাজার ৩১১টি মামলার মধ্যে ২২৮টি ধর্ষণের, আর বাকি এক হাজার ২২৯টি মামলা যৌতুক, প্রতারণা ও আত্মহত্যায় প্ররোচিত করাসহ বিভিন্ন ধরনের নির্যাতনসংক্রান্ত। নারী শিশু নির্যাতনসংক্রান্ত বিশেষ আদালতে বিচার না পাওয়ার বিষয়ে অনুসন্ধানে ভয়াবহ যে তথ্য পাওয়া গেছে তা হলো, এই আইনের আওতায় ঘটনার মীমাংসা বা আপসের কোনো এখতিয়ার না থাকলেও সে ধরনের একাধিক ঘটনার উদ্যোগ নিতে দেখা গেছে। অভিযোগপত্র দিতে দেরি হওয়ায় বিচারের প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব পড়ছে বলে অভিযোগ ঢাকা সিএমএম আদালতের এডিসি রুহুল আমিনের। তিনি বলেন, জামিন অযোগ্য অপরাধ হলেও তদন্তে বিলম্ব হওয়ায় আসামির জামিন হয়ে যাচ্ছে। অভিযুক্ত ব্যক্তিরা জামিনে বেরিয়ে হুমকি দেওয়ায় বাদী অনিরাপদ ও হতাশ বোধ করেন। আদালত যদি সময় না দেন, সে ক্ষেত্রে তদন্ত কর্মকর্তা সময় চাওয়ার সাহসই করবেন না। এ বিষয়ে তিনি আরও বলেন, এক আদালতে এত মামলা জমে থাকে যে, একের পর এক সময় চেয়ে যাওয়ার বিষয়টি আদালতের নজর এড়িয়ে যেতেই পারে। ঢাকার বাইরের চিত্রও একই রকম। রাজশাহীতে নারী ও শিশু নির্যাতন দমন বিষয়ে বিশেষ ট্রাইব্যুনাল রয়েছে দুটি। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ২০০৯ সালে মোট ৫২০টি মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে সাজা হয়েছে মাত্র ২১টিতে। অর্থাত্ এখানেও ৯৬ শতাংশ মামলায় বেকসুর খালাস পেয়েছেন অভিযুক্ত ব্যক্তিরা। রাজশাহী মেট্রোপলিটনের চারটি থানা, পবা, গোদাগাড়ী, তানোর এলাকা মিলিয়ে গত বছর ১৮৬টি মামলা হয়েছে। এর মধ্যে অভিযোগপত্র না হওয়া মামলার সংখ্যা প্রায় অর্ধশত। নারী ও শিশু আদালতের বেশির ভাগ মামলা খারিজ হয়ে যাওয়ার কারণ জানতে চাইলে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, কিছু সাজানো মামলার জন্য ঢালাওভাবে নারী নির্যাতনের বিষয়গুলোকে মিথ্যা বলা ঠিক হবে না। প্রত্যক্ষ সাক্ষী না পেলে তদন্ত কর্মকর্তা যখন মামলা খারিজের আবেদন জানান, তখন তাঁর তদন্তই প্রশ্নবিদ্ধ হয়। রাতের আঁধারে যে মেয়েটি এসিড-সন্ত্রাসের শিকার হচ্ছেন, সেই মামলায় প্রত্যক্ষ সাক্ষী নেই বলে কি বিচার হবে না? এ ধরনের ঘটনায় প্রত্যক্ষ সাক্ষী না থাকলেও আরও অনেকভাবেই অভিযোগ প্রমাণ করা সম্ভব বলেও তিনি দাবি করেন। পরিস্থিতি সামলাতে সময়মতো অভিযোগপত্র হয়নি এমন মামলাগুলোর তদন্ত কর্মকর্তাকে ইতিমধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। জানা গেছে, প্রথম পর্যায়ে মিরপুর, পল্লবী, লালবাগ, কাফরুল, কোতোয়ালি, গুলশান, ক্যান্টনমেন্ট, খিলক্ষেত, দক্ষিণখান, উত্তরখান, সবুজবাগ, রামপুরা, খিলগাঁও, শাহবাগ, রমনা, তেজগাঁও, মোহাম্মদপুর, বাদামতলী থানার তদন্ত কর্মকর্তাকে চিঠি দেওয়া হয়েছে।