নারী-কিশোর ব্যবহার বাড়ছে
সিলেটের বিভিন্ন রুটে মাদকদ্রব্য বহনে নারী ও কিশোরদের আরও বেশি করে ব্যবহার করছেন মাদক ব্যবসায়ীরা। ওই পথে ফেনসিডিল ও গাঁজার মতো মাদক বহনে অর্থের প্রলোভন দেখিয়ে নারী ও কিশোরদের ব্যবহার করা হচ্ছে। বহনকারীরা ধরা পড়লেও প্রভাবশালী মাদক ব্যবসায়ীরা থেকে যাচ্ছেন আড়ালেই। গত পাঁচ মাসে সিলেট জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে মাদক বহনের দায়ে অর্ধশতাধিক নারী ও কিশোর আটক হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্যও।মাদক চোরাচালানে জড়িয়ে পড়া এসব নারী ও কিশোর সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে মাদকদ্রব্য নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি ফাঁকি দিয়ে যাত্রীবাহী বাসে বা অন্য কোনো যানবাহনে করে সিলেট নগরে পৌঁছে দিচ্ছে। সীমান্তবর্তী এলাকার অনেকেই অভাবের তাড়নায় এবং অল্প সময়ে বেশি অর্থ উপার্জনের লোভে পড়ে মাদক পাচারের সঙ্গে জড়িয়ে পড়ছে। সিলেট নগর থেকে হাতবদল হয়ে শেষে বিভিন্ন উপজেলায় পৌঁছে যাচ্ছে।সীমান্তের ওপার ভারত থেকে কেনা মাত্র ৯০ টাকার এক বোতল ফেনসিডিল এপারে এসে দাম উঠেছে ১২০ টাকায়। আর সিলেট নগর পর্যন্ত গিয়ে তা উঠেছে ২০০ টাকায়। নগরের বিভিন্ন জায়গা ও উপজেলায় এসব ফেনসিডিল বিক্রি হচ্ছে আরও চড়া দামে। ফেনসিডিল বহনকারী কয়েকজন কিশোর এ তথ্য জানায়।র্যাব-৯ জানায়, গত পাঁচ মাসে ফেনসিডিল আট হাজার ১৭৭ বোতল এবং অফিসার চয়েজ এক হাজার ৫৮১ বোতল উদ্ধার করেছে তারা। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শুধু র্যাবই আটক করেছে ১১৭ জনকে। আটক ব্যক্তিদের অনেকেই নারী ও কিশোর।বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক নারী ও কিশোরেরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, অভাব-অনটনের সংসারে টাকা উপার্জনের লোভে পড়ে তারা মাদক বহনের কাজে নামে। বিভিন্ন সীমান্তে চোরাকারবারি দালালদের মাধ্যমে তারা চুক্তিবদ্ধ হয়। এ কাজে সীমান্তবর্তী এলাকার শত শত দরিদ্র নারী, শিশু ও কিশোর জড়িয়ে পড়েছে। প্রতিদিন অহরহ যোগ হচ্ছে নতুন মুখ। র্যাব-পুলিশ-বিডিআরের হাতে ধরা পড়ার পর অনেকে জেলের ঘানি টানলেও প্রকৃত মাদক ব্যবসায়ীরা ধরা পড়েন না।সীমান্তবর্তী গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুদ্দিন চৌধুরী বলেন, ‘সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে জীবিকা নির্বাহের সুযোগ তেমন একটা নেই। অভাবের তাড়নায় অর্থ উপার্জনের লোভে পড়ে অনেক নারী ও কিশোর মাদক চোরাচালানে জড়িয়ে পড়ছে। বিষয়টি উদ্বেগজনক। তবে আমরা সব সময় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করছি।’