নারী দিবসের ১০০ বছর পূর্তিতে নানা কর্মসূচি ঘোষণা
আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের ১০০ বছর পূর্ণ হতে যাচ্ছে। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এসব কর্মসূচি জানানোর জন্য আজ মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে তিনটি সংগঠন পৃথক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংগঠনগুলো হলো—৬০টি সামাজিক ও মানবাধিকার সংগঠনের সমন্বয়ে গঠিত সামাজিক প্রতিরোধ কমিটি, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের আমরাই পারি ক্যাম্পেইন এবং কর্মজীবী নারী। সামাজিক প্রতিরোধ কমিটির পক্ষে নারী প্রগতি সংঘের পরিচালক রোকেয়া কবির লিখিত বক্তব্য পড়ে শোনান। মার্চ মাসব্যাপী কর্মসূচি আনুষ্ঠানিকভাবে আজকের সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে শুরু হলো। অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে ৮ মার্চ নারী দিবসে বেলা দুইটায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ, বিকেল তিনটায় শহীদ মিনার থেকে শুরু করে প্রেসক্লাব পর্যন্ত মিছিল। এ ছাড়া ফানুস ওড়ানো, রাজধানীর বিভিন্ন পয়েন্টে ব্যানার টানানো, বাংলা একাডেমিতে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বুকলেট তৈরি ও মিডিয়াতে টক শো। ৩০ মার্চ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে শেষ হবে সামাজিক প্রতিরোধ কমিটির কর্মসূচি। এ ছাড়া কমিটির সদস্য ৬০টি সংগঠন সারা দেশে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে। আজকের সংবাদ সম্মেলন থেকে সামাজিক প্রতিরোধ কমিটি কিছু দাবি জানায়। দাবিগুলোর মধ্যে রয়েছে—১৯৯৭ সালে ঘোষিত জাতীয় নারী উন্নয়ন নীতি হালনাগাদ করে পুনরায় ঘোষণা ও পূর্ণ বাস্তবায়ন, জাতীয় সংসদে সংরক্ষিত আসন সংখ্যা এক-তৃতীয়াংশ করা, ১০০ আসনে সরাসরি নির্বাচন, সিডও সনদের ২ ও ১৬(১)গ ধারা সংরক্ষণ প্রত্যাহার করে পূর্ণ অনুমোদন, উত্তরাধিকার আইন সংস্কার করে মা-বাবার সম্পত্তিতে ছেলেমেয়ের সমানাধিকার নিশ্চিত করা, ইউনিফরম ফ্যামিলি কোড চালুসহ বিভিন্ন দাবি। সামাজিক প্রতিরোধ কমিটির পক্ষে আয়শা খানম, শিরিন আখতার, রঞ্জন কর্মকার, সেলিনা খালেদ, কোহিনুর বেগম প্রমুখ বক্তব্য দেন। আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের আমরাই পারি ক্যাম্পেইনের জাতীয় সমন্বয়কারী জিনাত আরা হক লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় উপস্থিত ছিলেন আমরাই পারির কো-চেয়ার ফৌজিয়া খোন্দকার ইভা। জিনাত আরা হক তার বক্তব্যে বলেন, আন্তর্জাতিক জরিপে নারীর প্রতি সহিংসতার উচ্চ হারের ক্ষেত্রে বাংলাদেশের স্থান চতুর্থ। বাংলাদেশে প্রতি দুইজন নারী নিজ পরিবারে নির্যাতনের শিকার হচ্ছে। আমরাই পারি ক্যাম্পেইন দক্ষিণ এশিয়ার ছয়টি দেশসহ বিশ্বের ১৩টি দেশে পরিচালিত হচ্ছে। দেশি-বিদেশি ৪৫০টি সংগঠনের সমন্বয়ে পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট গঠন করে দেশের ৫২টি জেলায় এ ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। এর আওতায় বর্তমানে পাঁচ লাখেরও বেশি চেঞ্জমেকার জড়িত। আমরাই পারি ক্যাম্পেইনের কর্মসূচির মধ্যে রয়েছে, ৩ থেকে ৮ মার্চ পর্যন্ত বেগম রোকেয়ার জন্মস্থান রংপুরের পায়রাবন্দ থেকে এবং বেগম সুফিয়া কামালের জন্মস্থান বরিশালের শায়েস্তাবাদ থেকে শুরু করে ঢাকা পর্যন্ত শোভাযাত্রা। কর্মজীবী নারীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন কর্মজীবী নারীর প্রোগ্রাম কো-অর্ডিনেটর আরিফা আক্তার। উপস্থিত ছিলেন কর্মজীবী নারীর সভাপতি শিরিন আখতার ও নির্বাহী পরিচালক রোকেয়া রফিক প্রমুখ। আরিফা আক্তার তার লিখিত বক্তব্যে বলেন, দেশে শক্তিশালী শ্রম আইন থাকা সত্ত্বেও অতিরিক্ত কর্মঘণ্টায় শ্রমিকদের কারখানায় তালাবদ্ধ রেখে মৃত্যুর মুখে ঠেলে দেওয়াকে অপরাধ হিসেবে দেখা হচ্ছে না। সম্প্রতি গরিব অ্যান্ড গরিব সোয়েটার কারখানায় নিহত ২১ শ্রমিকের মধ্যে ১৩ জনই নারী শ্রমিক। রাত ১০টার পর যেহেতু তাঁরা অগ্নিদগ্ধ হয়েছিলেন, এর মানে তাঁরা ১৪ ঘণ্টার বেশি কাজ করেন। দুর্ঘটনার পর ক্ষতিপূরণের নামে দুই, এক লাখ টাকা দেওয়া আরেক ধরনের প্রতারণা। এ ধরনের দুর্ঘটনায় আইন অনুযায়ী, ন্যূনতম ছয়, সাত লাখ টাকা পাওয়ার কথা। এ ক্ষেত্রে সমস্যা হলো নিহতের পরিজনরা আইন সম্পর্কে জানে না। অন্যদিকে এ আইনের সঠিক প্রয়োগ হচ্ছে কি না, সরকার এ ব্যাপারে খোঁজ রাখে না। এ ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে, সে ব্যাপারে খেয়াল রাখতে হবে এবং দুর্ঘটনা ঘটলে মালিকসহ দায়ী ব্যক্তিদের শাস্তি দিতে হবে। কর্মজীবী নারীর কর্মসূচি শুরু হবে ৪ মার্চ ঢাকার মুক্তাঙ্গন থেকে, বিকেল তিনটায় নারী শ্রমিকদের অংশগ্রহণে শোভাযাত্রা। এ ছাড়া মহানগরের বিভিন্ন এলাকায় সমাবেশ ও মিছিলসহ মহীয়সী নারীদের জীবনী নিয়ে গান, কবিতা, নাটক, যৌন হয়রানি বন্ধে বছরব্যাপী প্রচার কর্মসূচি, কিশোর-কিশোরীদের অংশগ্রহণে সমঅধিকার বিষয়ে বছরব্যাপী কর্মসূচি। এ ছাড়া বিভাগীয় ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।