নারী দেহরক্ষী পছন্দ বিত্তশালী চীনাদের (ভিডিও)
শক্তি-সামর্থ্যে নারীদের পুরুষের চেয়ে দুর্বল মনে করা হলেও চীনারা কিন্তু এর ব্যতিক্রম। সেখানে সচ্ছল ও বিত্তশালী নারী এবং তাঁদের পরিবারের সদস্যরা নিরাপত্তার জন্য নারী দেহরক্ষীকেই পছন্দ করেন বেশি।নারী দেহরক্ষী প্রশিক্ষণ ও সরবরাহকারী প্রতিষ্ঠান ‘তিয়ানজিয়াও স্পেশাল গার্ড অ্যান্ড সিকিউরিটি কনসালট্যান্ট লিমিটেড কোম্পানির ব্যবস্থাপক চেন ইয়ংকিং বলেন, ‘চীনে পুরুষ দেহরক্ষীর চাহিদা থাকলেও গত বছর থেকে হঠাত্ করে নারী দেহরক্ষীর প্রতি বেশি চাহিদা লক্ষ করা যাচ্ছে। বহু নারী শিল্প উদ্যোক্তা, সেলিব্রেটি, পপতারকা এবং তাদের পরিবার নিরাপত্তার জন্য নারী দেহরক্ষীকেই এখন বেশি পছন্দ করছেন। তাই এ বছর থেকে আমরা নারী দেহরক্ষীদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করছি।’চীনে ধনীদের তালিকা তৈরির জন্য খ্যাত মাসিক ‘হুরুন’ সাময়িকীর প্রতিবেদন অনুযায়ী, চীনের প্রায় ৩০ শতাংশ কোটিপতি নারী। যার কারণে এই নারী কোটিপতিরা তাঁদের নিরাপত্তার জন্য নারী দেহরক্ষীর দিকেই ঝুঁকছেন। স্নাতক পাস করে অনেক নারী দেহরক্ষীর প্রশিক্ষণে আসছেন। এখানে তাঁদের চার সপ্তাহের প্রাথমিক কোর্সের আওতায় নেওয়া হয়। এখানে শেখানো হয় আক্রমণকারীকে কীভাবে নিরস্ত্র করতে হয় এবং অন্যান্য আরও কিছু কৌশল। প্রশিক্ষণার্থীদের মাথায় কাচের বোতল ভেঙে তাঁদের সহ্যশক্তি পরীক্ষা করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল হলো বিপদের সময় নিয়োগদাতাকে নিয়ে দ্রুত গাড়ি চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করতে পারা।
‘গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিকে রক্ষার জন্য গাড়ি চালনায় অত্যন্ত দক্ষ হতে হয়। তাই আমাদের কোর্সের ৪০ শতাংশ সময় ধরে প্রশিক্ষণার্থীদের গাড়ি চালানো শেখানো হয়। কারণ যে ব্যক্তিকে রক্ষা করতে হবে, তাঁরা বেশির ভাগ সময়েই হয়তো কাজে ব্যস্ত থাকেন, নয়তো বাসায় বিশ্রাম নেন। আর যখন তাঁরা অফিস বা ঘরের বাইরে থাকেন, তখন তাঁরা গাড়িতে অবস্থান করেন। এ জন্য গাড়ি চালনায় বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় তাঁদের’—বলছিলেন, ওই প্রশিক্ষণ কোম্পানির ব্যবস্থাপক।তিয়ানজিয়াও স্পেশাল গার্ড অ্যান্ড সিকিউরিটি কনসালট্যান্ট কোম্পানির সান ই ইয়াও নামের এক নারী দেহরক্ষী বলেন, ‘চীনে নারীদের দুর্বল ও অসহায় হিসেবে দেখা হয়। অনেক সময় তাঁদের পুরুষের চেয়ে নিচুও ভাবা হয়। আমি এই গত্বাঁধা ধারণা দূর করতে চাই। নারী দেহরক্ষী হয়ে আমি একজন পুরুষ বা একদল মানুষকে রক্ষা করার দায়িত্ব পেয়ে গর্বিত।’এই নারী দেহরক্ষীদের বেতনভাতাও নেহাত কম নয়। একজন কোর্স সম্পন্নকারী মাসে ৮০০ মার্কিন ডলার বেতন পান, যা কিনা একজন পুরুষ দেহরক্ষীর চেয়ে ঢের বেশি। ৪৫ হাজার মার্কিন ডলারের বিনিময়ে প্রশিক্ষণ স্কুলটি সার্বক্ষণিক নিরাপত্তার জন্য নারী দেহরক্ষী সরবরাহ করে থাকে। তবে ওই দেহরক্ষী পান এর মাত্র এক-তৃতীয়াংশ। রয়টার্স।