নারী নিয়ে কর্নেল অলির মন্তব্য, অতঃপর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি অলি আহমদের বিরুদ্ধে মানহানি মামলা হয়েছে। নারীদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় চট্টগ্রামের চন্দনাইশের বাসিন্দা আলতাফ মাহমুদ তাঁর বিরুদ্ধে মামলা করেছেন। আজ রোববার এ বিষয়ে শুনানির পর চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান সাংসদ অলিকে ২৭ নভেম্বরের মধ্যে আদালতে হাজির হতে সমন জারি করেন।মহানগর হাকিম আদেশে বলেন, ১৯ নভেম্বর স্থানীয় একটি দৈনিকের শেষ পৃষ্ঠায় প্রকাশিত সংশ্লিষ্ট প্রতিবেদন পড়া হলো। প্রতিবেদনের একপর্যায়ে লেখা হয়েছে, ‘...তিনি বলেন, (কর্নেল অলি) চন্দনাইশের একজন মহিলা এমপিকে দিয়ে হাজার যুবকের সমস্যার সমাধান হবে না। তাই বেশি করে টুঙ্গিপাড়া থেকে সুন্দরী মহিলাদের চন্দনাইশে এনে দিলে যুবসমাজের কল্যাণ হবে...।’ এরই পরিপ্রেক্ষিতে অলি আহমদের বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০ ধারা অপরাধ আমলে নেওয়া হলো। সমন ইস্যু করে আদালত তাঁকে ২৭ নভেম্বরের মধ্যে হাজির হওয়ার আদেশ দেন।বাদী আলতাফ মাহমুদ মামলার আরজিতে উল্লেখ করেন, ‘অলি আহমদের এই বক্তব্যে যুবসমাজ প্রচণ্ডভাবে অপমানিত ও লজ্জাবোধ করছে। চন্দনাইশে যুবসমাজ কখনো সুন্দরী মহিলাদের পেছনে ছুটে আসামির উক্তি অনুযায়ী চরিত্রহননের মতো কোনো কাজ করেনি।’ আরজিতে আরও বলা হয়, ‘...আসামি একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে এবং চন্দনাইশের অভিবাসী হয়ে এ ধরনের বক্তব্য দিয়ে চন্দনাইশের যুবসমাজের প্রতি মহিলা আসক্তি ও চরিত্রহীন হিসেবে কটাক্ষ করেছেন।’এদিকে চট্টগ্রামের চন্দনাইশে অলি আহমদের বিরুদ্ধে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে আজ বেলা ১১টার দিকে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়।গত শুক্রবার বিকেলে স্থানীয় কাশেম মাহাবুব উচ্চবিদ্যালয় মাঠে এলডিপি, গণতান্ত্রিক যুবদল ও ছাত্রদল পৌরসভা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চন্দনাইশের দায়িত্বপ্রাপ্ত মহিলা সাংসদ চেমন আরা তৈয়বকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।