নারী নিয়ে মন্তব্যের জেরে বিজেপি মন্ত্রীর পদত্যাগ
নারী নেত্রীদের সম্পর্কে বিতর্কিত বক্তব্য দেওয়ার জের ধরে ভারতের মধ্যপ্রদেশের আদিবাসী কল্যাণমন্ত্রী বিজয় শাহ পদত্যাগ করেছেন। আজ বুধবার সকালে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের কাছে পদত্যাগপত্র জমা দেন বিজেপির এই মন্ত্রী। টাইমস অব ইন্ডিয়া জানায়, গত রোববার মধ্যপ্রদেশের পশ্চিমাঞ্চলের জাবুয়া জেলায় আদিবাসী ছাত্রীদের গ্রীষ্মকালীন শিবিরের একটি অনুষ্ঠানে নারীদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন বিজয় শাহ। এ সময় তিনি মুখ্যমন্ত্রীর স্ত্রী সাধনা সিংসহ বিজেপির কয়েকজন নারী নেত্রীকে নিয়ে ব্যঙ্গাত্মক উক্তি করেন। নারীদের বিরুদ্ধে এ ধরনের অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে রাজ্য কংগ্রেস ওই মন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে। বিজেপিও বিজয় শাহকে এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়। প্রথমদিকে মন্ত্রী বিষয়টি এড়িয়ে যাওয়ার জন্য ঘটনার পর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে গতকাল মঙ্গলবার রাতে বিজেপির কেন্দ্রীয় সভাপতি নরেন্দ্র সিং তোমার বিজয় শাহকে ভোপালে ডেকে পাঠান। এ বিষয়ে বিজেপির সভাপতি সাংবাদিকদের বলেন, ‘বিজয় শাহ গতকাল রাতে ভোপালে পৌঁছান এবং স্বেচ্ছায় মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত জানান। তিনি তাঁর এই বক্তব্যের জন্য অনুতপ্ত এবং নারীদের হেয় করার জন্য বা কারও অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে তিনি এসব বলেননি বলে জানিয়েছেন। এ ছাড়া ছাত্রীদের গ্রীষ্মকালীন শিবিরের ধারণ করা চিত্রটির সম্পূর্ণ অংশ দেখার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিজয়। গণমাধ্যমে বিষয়টি অন্যভাবে উঠে এসেছে। তবুও ব্যক্তিগত ও দলের ভাবমূর্তি এর মাধ্যমে যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য তিনি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।’ বিজয় শাহ জানিয়েছেন, এ বিষয়ে পরে তিনি একটি বিবৃতি দেবেন।