নারী নির্যাতন দেশে জনস্বাস্থ্য সমস্যা তৈরি করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনে অসংখ্যবার নির্যাতনের শিকার হয়েছেন ফারজানা রুবায়েৎ। একদিন মার খেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। বাবার বাড়ির লোকজন খবর পেয়ে তাঁকে নিয়ে যান সরকারের নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমন্বিত সেবাকেন্দ্রে। কিছুদিন আগে ১৭ বছরের বিবাহিত জীবনের সমাপ্তি ঘটিয়ে বাবার বাড়ি ফিরেছেন ফারজানা। সঙ্গে দুটি সন্তান, বিষণ্নতা আর উচ্চ রক্তচাপ।দেশি-বিদেশি গবেষণা বলছে, দীর্ঘদিন পরিবারে বা কর্মস্থলে নির্যাতনের শিকার হলে ফারজানার মতো নারীরা প্রথমে বিষণ্নতায়, পরে আরও নানা রোগে আক্রান্ত হন। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) এক গবেষণায় নারী নির্যাতনকে বাংলাদেশের জন্য মারাত্মক জনস্বাস্থ্যঝুঁকি বলে মন্তব্য করা হয়েছে। গত বছর চিকিৎসাবিজ্ঞান সাময়িকী ল্যানসেট নারীর বিরুদ্ধে সহিংসতা ও স্বাস্থ্যের ওপর এর প্রভাব নিয়ে প্রবন্ধ প্রকাশ করে। ওই প্রবন্ধে দেখা যায়, নির্যাতনের শিকার নারীরা হূদেরাগ, আন্ত্রিক ও যৌনরোগ, মাথা ও মেরুদণ্ডে ব্যথা, গর্ভধারণে জটিলতা, গর্ভস্থ শিশুর মৃত্যু, চরম বিষণ্নতাসহ ইনফ্লুয়েঞ্জার মতো রোগেও ভোগেন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ জাফরুল্লাহ চৌধুরী বলেন, নির্যাতনের শিকার নারী মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত থাকেন। তাঁরা নানা রোগে আক্রান্ত হন। তাঁদের মধ্যে আত্মহত্যার প্রবণতাও বেশি। নারী নির্যাতন জনস্বাস্থ্য সমস্যা: গবেষকেরা বলছেন, বাংলাদেশে বিপুলসংখ্যক নারী নির্যাতনের শিকার হচ্ছেন। তাঁরা নানা রোগে আক্রান্ত হচ্ছেন এবং দীর্ঘদিন ধরে সে রোগ বয়ে বেড়াচ্ছেন। জনসংখ্যার একটি বড় অংশ নানা রোগের ঝুঁকিতে থাকায় বাংলাদেশের জন্য এখন তা জনস্বাস্থ্য সমস্যা। ঢাকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধবিষয়ক কর্মসূচির ব্যবস্থাপক লং চুন প্রথম আলোকে বলেন, গবেষণায় দেখা গেছে, নারীর বুকে লাথি মারলে তাঁর হূৎপিণ্ড সরাসরি আক্রান্ত হতে পারে। চরম বিষণ্নতা উচ্চ রক্তচাপ ও হূদেরাগের অন্যতম কারণ। খাওয়ায় অরুচি হওয়ায় নির্যাতিত নারীরা নানা আন্ত্রিক রোগে ভোগেন। ঘুমের ব্যাঘাত হওয়ায় মাথা, ঘাড় ও পিঠব্যথা হতে পারে। দুর্বল হওয়ায় তাঁদের বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেশি। ২০০১ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশসহ ১০টি দেশের ১৫টি অঞ্চলের ২৪ হাজার ৯৭ জন নারীর ওপর গবেষণা করে। ওই গবেষণার পর সংস্থাটি নারী নির্যাতনকে গুরুতর জনস্বাস্থ্য সমস্যা বলে ঘোষণা করে। সংস্থাটি বলছে, মানসিক নির্যাতনের পাশাপাশি বাংলাদেশের গ্রামাঞ্চলে ৩০ শতাংশ নারী বিবাহিত জীবনে ধর্ষণের শিকার হন। এই নারীদের মধ্যে রক্তক্ষরণের হার বেশি।জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের চিকিৎসক মোহিত কামাল জানান, ‘জটিল মানসিক রোগ নিয়ে হাসপাতালে আসা নারীদের বেশির ভাগ চরম বিষণ্নতাসহ এক বা একাধিক রোগে ভুগছেন। এঁদের উচ্চ রক্তচাপ ও হূদেরাগ বেশি।’ গত মাসে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েকজন নারীর সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা বিবাহিত জীবনে নির্যাতনের শিকার হয়ে জ্বর, শ্বাসকষ্ট ইত্যাদি সমস্যায় ভুগেছেন। তাঁরা নিদ্রাহীনতা ও খাওয়ায় অরুচির কথা বলেছেন। বাংলাদেশ পরিস্থিতি: বাংলাদেশ ও ডেনমার্ক সরকারের যৌথ উদ্যোগে পরিচালিত এক কর্মসূচি সূত্র জানায়, জানুয়ারি ২০১০ থেকে জানুয়ারি ২০১১ পর্যন্ত মোট এক হাজার ১৩০ জন নারী নির্যাতনের শিকার হন। এদের ১১২ জন ধর্ষণ ও ৮২ জন গণধর্ষণের শিকার হন। ৩০৯ জনকে হত্যা ও আটজনকে ধর্ষণের পর হত্যা করা হয়। এক বছরে আত্মহত্যা করেন ১২৬ জন। আইসিডিডিআরবির গবেষক রুচিরা তাবাসসুম নভেদ বলেন, যাঁরা দীর্ঘ মেয়াদে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার, তাঁরা ভগ্ন স্বাস্থ্যের অধিকারী। হাঁটাচলা ও দৈনন্দিন কাজকর্মে এঁদের কষ্ট হয়। তীব্র ব্যথা-বেদনা, স্মৃতিভ্রষ্ট হওয়া, মাথা ঘোরা ইত্যাদির প্রকোপও বেশি। অনেক ক্ষেত্রে এসব নারীর সঙ্গে সন্তানের সুসম্পর্ক হয় না। নির্যাতনের শিকার নন এমন নারীদের তুলনায় নির্যাতিত নারীদের মধ্যে আত্মহত্যার হার ছয় গুণ বেশি। বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি নির্যাতিত নারীদের আইনগত সহায়তা দেয়। সমিতির একটি সূত্র জানায়, নারীরা মাথা, মুখ, ঘাড়, বুক এবং তলপেটে ভয়াবহ আঘাত নিয়ে তাদের কাছে আসেন। তাঁদের মধ্যে প্রচণ্ড ভীতি, হতাশা দেখা যায়। বেসরকারি প্রতিষ্ঠান উইমেন ফর উইমেনের সাধারণ সম্পাদক মাহমুদা ইসলাম প্রথম আলোকে বলেন, নির্যাতনের কারণে বছরের পর বছর নারীরা অসহিষ্ণুতায় ভোগেন। ভয়ভীতি তাঁদের জীবনকে বাধাগ্রস্ত করে। কিন্তু এঁদের অনেকে চিকিৎসকের শরণাপন্ন হন না। গত বছরের জানুয়ারিতে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফাহমিদা খাতুন ও তাঁর সহ-গবেষকেরা পারিবারিক সহিংসতা ও চিকিৎসাব্যয় বিষয়ে একটি গবেষণা করেন। আইন সহায়তা দানকারী সংস্থায় আসা নির্যাতিত নারীদের সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়, নির্যাতনের শিকার নারীদের ৭৭ শতাংশ চিকিৎসাসেবা নিয়েছেন। এঁদের গড়ে খরচ হয়েছে নয় হাজার ৪৮৭ টাকা। চরম বিষণ্নতায় আক্রান্ত ২০০ জনের মধ্যে মাত্র ১৩ জন মানসিক রোগের চিকিৎসকের কাছে যান। এঁদের গড়ে খরচ হয়েছে সাড়ে ১০ হাজার টাকার বেশি।বিশেষজ্ঞরা বলছেন, নারীদের প্রতি সহিংসতার স্বাস্থ্যসংশ্লিষ্ট বিষয়গুলো নীতিনির্ধারকদের গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে।