অভিযোগের আঙুল পুরুষের দিকে। দেশে ক্রমবর্ধমান নারী নির্যাতনের জন্য দায়ী প্রধানত পুরুষেরাই। তাই এই সামাজিক ব্যাধি দূর করতে জনসচেতনতা সৃষ্টির জন্য পুরুষদের নিয়েই গতকাল মঙ্গলবার বেলা তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করা হয়েছিল।প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে আয়োজিত হয় ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নাগরিক সমাবেশ ও শোভাযাত্রা’। সমাজের বিশিষ্ট ব্যক্তিরা, বেসরকারি সংগঠন, শ্রম ও পেশাজীবী সংগঠন, ছাত্র ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরা এই সমাবেশে অংশ নিয়ে দীপ্তকণ্ঠে আওয়াজ তুলেছেন, ‘নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াও একসাথে।’ পুরুষের সমাবেশ হলেও এটি পরিণত হয় নারী-পুরুষ, তরুণ-তরুণীদের বিশাল সমাবেশে।অনুষ্ঠানের শুরুতেই জাগরণের শিল্পীরা সমবেত কণ্ঠে ‘আমার প্রতিবাদের ভাষা’ এবং ‘আমরা পুবে-পশ্চিমে’ গান দুটি গেয়ে শোনান। শিল্পী শুভ্র দেব গেয়ে শোনান নারী নির্যাতনবিরোধী গান ‘সৎ মানুষ কখনোই এসিড ছোঁড়ে না’।ব্র্যাকের চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ সমাবেশে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় সংসদের স্পিকারের কাছে দেওয়া স্মারকলিপি পাঠ করেন। সম্প্রতি নারীর প্রতি সহিংসতার ঘটনা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে এতে বলা হয়, ‘একদিকে ইভ টিজিং, পাচার, ধর্ষণ, হত্যা ও অ্যাসিড নিক্ষেপের মতো জঘন্য ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে, অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই অপরাধী ধরা পড়ছে না বা তাদের বিরুদ্ধে অকাট্য সাক্ষ্য-প্রমাণও উপস্থাপিত হচ্ছে না। এর ফলে সুষ্ঠু বিচারের অভাবে অপরাধপ্রবণতা বেড়েই চলেছে। এ ধরনের ঘটনা সমাজে বিশৃঙ্খলা ও ভীতির সৃষ্টি করেছে। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার, বিচার ও শাস্তি নিশ্চিত করতে না পারলে এই সমস্যা আরও ভয়াবহ রূপ নেবে।’সংক্ষিপ্ত আলোচনায় আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, ‘এটি শুধু নারীর উদ্বেগের বিষয় নয়। নারীর প্রতি সহিংসতা একটি সামাজিক সমস্যা। সবাই মিলে এর সমাধান করতে হবে। নারীকে নারী হিসেবে বিবেচনা না করে, তাকে মানুষ বলে মনে করতে হবে। নারী নির্যাতনকে মানবিকতার অবমাননা বলে বিবেচনা করতে হবে। আমাদের ভেতরের মানুষটিকে জাগাতে হবে।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘নারীর প্রতি সহিংসতা কোনো সভ্য সমাজের কাম্য নয়। নারীর নিরাপত্তা নিশ্চিত করা সমাজের সবার দায়িত্ব। বিশেষ করে যারা নিজেদের শিক্ষিত বলে মনে করি, তাদের দায়িত্ব সমাজের এই ঘৃণ্য ঘটনা প্রতিরোধে নেতৃত্ব দেওয়া।সমাবেশের উদ্দেশ্য তুলে ধরে সঞ্চালক প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, ‘প্রায় ১০ বছর আগে প্রথম আলো নারীর প্রতি অ্যাসিড-সন্ত্রাস প্রতিরোধ করতে পুরুষদের নিয়ে শোভাযাত্রার আয়োজন করেছিল। সাম্প্রতিক নারী নির্যাতনের ঘটনার পরিপ্রেক্ষিতে জনসচেতনতা সৃষ্টি এবং সরকারের কাছে নাগরিক সমাজের দাবি তুলে ধরতে এই পুরুষ সমাবেশের আয়োজন করা হয়েছে।’সমাবেশ শেষে শুরু হয় শোভাযাত্রা। ‘নারীর প্রতি সহিংসতা বন্ধ করো’, ‘নির্যাতনকারীদের শাস্তি চাই’—এসব স্লোগান দিয়ে শোভাযাত্রাটি শহীদ মিনার থেকে টিএসসিতে গিয়ে শেষ হয়। সমাবেশে আসা তরুণদের আন্তর্জাতিক সংগঠন অ্যাক্তিভিস্তার কর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান বলেন, ‘নারী ও পুরুষে কোনো ভেদাভেদ নেই। সামাজিক প্রক্রিয়ায় এই বিভেদ সৃষ্টি করা হয়েছে।’সমাবেশে অংশগ্রহণকারী অ্যাকশনএইডের সহযোগী কর্মসূচি কর্মকর্তা নূরুন্নাহার বললেন, ‘একটা সময় নারী নির্যাতনের বিষয়টি চেপে রাখার প্রবণতা ছিল। এখন সেই মনোভাবের পরিবর্তন ঘটেছে। যে নারী নির্যাতনের শিকার হচ্ছেন, এটা তাঁর লজ্জা নয়। এটি সমাজের লজ্জা।’ সংহতি প্রকাশ করে সমাবেশে অংশগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন নাট্যজন রামেন্দু মজুমদার, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম, চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজ, অ্যাকশনএইডের এদেশীয় পরিচালক ফারাহ কবির, হাঙ্গার প্রোজেক্টের এদেশীয় পরিচালক বদিউল আলম মজুমদার, সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য আবদুল মান্নান চৌধুরী, অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মুনিরা রহমান, নারীপক্ষের সভানেত্রী ইউ এম হাবিবুন নেসা, স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক রঞ্জন কর্মকার, প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক সাইদুজ্জামান প্রমুখ। উল্লিখিত ব্যক্তিরা ছাড়াও সমাবেশে অংশ নিয়েছে টাঙ্গাইলের বেসরকারি সংগঠন দুর্বার, নারী অধিকার আন্দোলন কমিটি, সহায়, সংযোগ ও মধুপুর এনজিও ফোরাম।এ ছাড়া, মিডিয়া ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর, কর্মজীবী নারীর সভাপতি প্রতিমা পাল, ব্লাস্টের পরিচালক রেজাউল করিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক নাজমা চৌধুরী ও তানিয়া হক, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য পারভিন হাসান ও অধ্যাপক মালেকা বেগম, রূপ বিশেষজ্ঞ কানিজ আলমাস খান সংহতি প্রকাশ করেন।সমাবেশে উপস্থিত হতে না পারলেও সংহতি প্রকাশ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেন, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান নূর প্রমুখ।স্মারকলিপি পেশ: নারীর প্রতি সহিংসতা রোধে জনমত গঠনের জন্য বিষয়টি নিয়ে জাতীয় সংসদ ও সংসদীয় কমিটিতে আলোচনার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। গতকাল বিকেলে ফজলে হাসান আবেদের নেতৃত্বে নাগরিক সমাজের প্রতিনিধিরা এ বিষয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলীর কাছে স্মারকলিপি জমা দেন।স্মারকলিপিতে তিন দফা দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর ভূমিকা পালন করা, সব অভিযুক্তকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা এবং যাতে কেউ আইনের ফাঁকফোকর দিয়ে পার না পায়, সেই ব্যবস্থা নিশ্চিত করা। এ ছাড়া, নারীর প্রতি সহিংসতা বন্ধে সরকারকে আরও কার্যকর ভূমিকা পালন করতে বলা হয়।প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন আ আ ম স আরেফিন সিদ্দিক, সুলতানা কামাল, শাইখ সিরাজ, ইফতেখারুজ্জামান, আয়শা খানম, আজিজা আহমেদ প্রমুখ।ডেপুটি স্পিকার নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে একমত পোষণ করে বলেন, নারী নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে হবে।