নারী নির্যাতন মামলা দ্রুত নিষ্পত্তি করতে একটি প্রস্তাব
কয়েক দিন আগে আইনমন্ত্রী যে পরিমাণ মামলার হিসাব উপস্থাপন করেছেন, তা বিবেচনায় নিলে বা দেশের আদালতপাড়া ঘুরলেই বোঝা যায় জেলার জজ আদালতের মোট মামলার প্রায় ৪০ শতাংশ নারী ও শিশুসংক্রান্ত। আমার জানা মতে, বৃহত্তর জেলাগুলোতে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত আছে। যে আদালতের বিশেষ বিচারক সংশ্লিষ্ট অপরাধের নালিশ গ্রহণ করেন, পুলিশ বা স্থানীয় তদন্তের প্রতিবেদন বিবেচনান্তে আমলে গ্রহণ করেন, বিচারের নিমিত্তে অভিযোগ গঠন বা ফৌজদারি কার্যবিধির ২৬৫(গ) এর বিধানমতে অব্যাহতির আবেদনের শুনানি থেকে বিচার ও সাক্ষী গ্রহণ, রায় প্রস্তুতকরণ প্রভৃতি কাজ একাই করেন। কিন্তু যেসব জেলায় নারী ও শিশু পৃথক আদালত নেই, সেখানে দায়রা জজ বা অনুমতি সাপেক্ষে অতিরিক্ত দায়রা জজ তাঁর অন্যান্য কাজের পাশাপাশি নারী ও শিশু নির্যাতনের কারণে আনা বিচার নিষ্পত্তি করে থাকেন।যেসব জেলায় নারী ও শিশু বিশেষ আদালত আছে, সেখানে বিপুলসংখ্যক মামলার বিচারকার্য একজন বিচারককেই পালন করতে হয়। সে কারণে একজন বিচারকের পক্ষে দ্রুততম সময় বিচার নিষ্পত্তি করা সম্ভব হয় না। যেসব জেলার দায়রা বিচারকেরা বাড়তি দায়িত্বে নারী ও শিশু আইনের অপরাধের বিচার করেন, তাঁদের পক্ষে আরও অসম্ভব।অতিরিক্ত দায়রা জজ পদমর্যদার যে বিচারকেরা আছেন, তাঁদের একটি বিরাট অংশ বিচার বিভাগ পৃথক্করণের পর অতিরিক্ত জেলা ও দায়রা জজ থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে যুগ্ম জেলা জজরাও অতিরিক্ত চিফ জুডিশিয়ালের দায়িত্ব পালন করছেন। ফলে বিচার ও বিচারকসংকট মোকাবিলা অনেক সময়সাপেক্ষ। দ্রুত বিচার করতে না পারায় সমাজ, সভ্যতা অনেকটাই আজ বিপর্যয়ের মুখোমুখি। আমরা যদি একটু সদয় হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সামান্য সংশোধন করে এর কিছু কিছু অপরাধের বিচার করার এখতিয়ার একটু বিকেন্দ্রীকরণ করতে পারি, তাহলে সংকট মোকাবিলা অনেকাংশেই সমাধান হতে পারে। নারী ও শিশু নির্যাতন দমন আইন প্রণীত হয়েছে দ্রুতবিচার নিষ্পত্তির মানসিকতা নিয়ে। সে লক্ষ্য কিন্তু অর্জিত হচ্ছে না। আইনটি কিন্তু বিচারের মঙ্গল সাধনের জন্য। মঙ্গলই যদি মূল হয়, তবে তা সাধন করতে গেলে অবশ্যই বিচার সাধনই মূল কাজ হবে; কিন্তু বিচার সাধন রাষ্ট্রের নানা সীমাবদ্ধতার কারণে সম্ভব হচ্ছে না।আমরা যদি বিচারকসংকট মোকাবিলার পাশাপাশি কিছু কিছু অপরাধের বিচার বিকেন্দ্রীকরণ করতে পারি, তবে বিচার দ্রুত ও সহজলভ্য হবে। এ জন্য প্রয়োজন ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন (দমন) আইনের কিছু কিছু অপরাধের বিচারকার্য করার এখতিয়ার যুগ্ম জেলা ও দায়রা জজের। যেমন—১১ (গ) ধারার মামলা, যার সাজা দুই বছর বা ক্ষেত্রবিশেষ ১১ (খ), যার সাজা একটু বেশি, এর বিচার করার ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে যুগ্ম দায়রা জজকে দেওয়া। উল্লেখ্য, ১৯৮০ সালের যৌতুক নিরোধ আইনের ৪ ধারার অপরাধ, যেখানে শুধু যৌতুক দাবিকে অপরাধ হিসেবে গণ্য করে পাঁচ বছরের সাজা প্রদানের বিচারিক ক্ষমতা একজন সিনিয়র জুডিশিয়াল (প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট) ম্যাজিস্ট্রেটকে প্রদান করা হয়েছে, সেখানে প্রায় একই প্রকৃতির যৌতুকের দাবিতে একজন নারী ও শিশু আদালতের বিশেষ জজ সাধারণ জখমের জন্য ১১ (গ) ধারায় দুই বছর সাজা প্রদান করেন। এরূপ স্বল্পদণ্ডের বিচারিক দায়িত্ব একজন যুগ্ম জজকে দেওয়া হলে তা অপ্রাসঙ্গিক হবে না। এমন অনেক অভিযোগ আছে, নারী ও শিশু আইনে যেমন ৯(৪) ধারার ধর্ষণের চেষ্টা, ১০ ধারার যৌন কামনা চরিতার্থ করার অপরাধ এবং যৌতুকের দাবিতে গুরুতর আঘাত ১১(খ) ধারার অপরাধগুলো সাজার দিক থেকে অনেক নগণ্য অথচ সমাজের স্বার্থে বিচার হওয়া জরুরি। কিন্তু বিদ্যমান আইনের বাধার কারণে সাজা কম হওয়ার পরও এসব মামলার বিচার করার ক্ষমতা স্পেশাল জজ বা শুধু ক্ষমতাপ্রাপ্ত দায়রা বা অতিরিক্ত দায়রা জজ বিচার করার ক্ষমতা রাখায় তা দ্রুত নিষ্পত্তি হচ্ছে না। উল্লিখিত অপরাধের জন্য যে পরিমাণ সাজার কথা বলা আছে, তার চেয়েও অধিক পরিমাণ সাজার অপরাধের বিচার জেলার বিদ্যমান যুগ্ম দায়রা জজ করে থাকেন। এমনকি দণ্ডবিধির ৩০৪ ধারায় হত্যা মামলার মতো গুরুতর অপরাধের বিচার পরিচালনা করেন। এ ছাড়া সব যুগ্ম জেলা জজ দায়রা অধিক্ষেত্রের মামলাসহ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের অধীন স্পেশাল ট্রাইব্যুনাল আদালত হিসেবেও বিচারিক কার্যক্রম পরিচালনা করেন; যা কিনা আইনে বিশেষ আদালত হিসেবে সংশ্লিষ্ট আইনগুলোতে সুযোগ দেওয়া আছে। শুধু নারী ও শিশু নির্যাতন দমন আইন ব্যতিক্রম।যে বিপুলসংখ্যক নারী ও শিশু নির্যাতন মামলা দেশের আদালতগুলোতে বিদ্যমান, রাষ্ট্রের বাস্তব অবস্থায় সেসব মামলা নিষ্পত্তির জন্য যেহেতু এখনই প্রয়োজনীয়সংখ্যক আদালত সৃষ্টি সম্ভব নয় বা জেলার দায়িত্বাধীন দু-একজন বিচারক দিয়ে দ্রুত বিচার সম্ভব নয়। এসব প্রাসঙ্গিক কারণ বিচার নিষ্পত্তির জন্য একটি বড় বাধা। যেহেতু সমাজে নারীর মানবাধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের জন্য জরুরি, সেহেতু দেশের আদালতগুলোতে যে বিপুলসংখ্যক নারী ও শিশু নির্যাতনের মামলা বিচারকসংকটের কারণে মাসের পর মাস দিনান্তর হচ্ছে, সেসব মামলার মধ্যে যেগুলো কম সাজাযোগ্য অথচ সমাজে যন্ত্রণাকাতর অপরাধ, তা দমনের জন্য জরুরি ভিত্তিতে যুগ্ম জেলা জজদের দিয়ে নিষ্পত্তি করা যেতে পারে। একই সঙ্গে থানা কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে নালিশি মামলা গ্রহণের এখতিয়ার দেশের আমলি আদালতগুলোকে দিলে বিচারে অনেক হয়রানি বন্ধ হবে। কেননা একই আইনে বিচারিক ম্যাজিস্ট্রেটদের যেহেতু ২২ ধারায় ভিকটিমের জবানবন্দি গ্রহণের ক্ষমতা দেওয়া হয়েছে, সেহেতু নালিশ আমলে নেওয়ার ক্ষমতা তাঁদের অনুকূলে দিলে দ্রুতবিচার সহজ হতে পারে।এ জন্য রাষ্ট্র প্রয়োজনীয় সংশোধনী করে দ্রুত ব্যবস্থা নিলে নারীর মানবাধিকার নিশ্চিত হবে।লেখক: আইনজীবী।