নারী নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পারিবারিক নির্যাতন, যৌতুক প্রথা, বাল্যবিবাহ, এসিড নিক্ষেপ এবং কর্মক্ষেত্রে, শিক্ষাঙ্গনে ও রাস্তাঘাটে নারীকে উত্ত্যক্ত করাসহ সব ধরনের সামাজিক অপরাধ দমনে সরকার বদ্ধপরিকর। এ ধরনের অপরাধীর শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে সরকার নতুন আইন প্রণয়ন করেছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস-২০১১ উদ্যাপন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য নারীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নির্যাতনকারীকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের নির্যাতন করতে সাহস না পায়।মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারেকুল ইসলাম। শেখ হাসিনা আরও বলেন, নারীর অধিকার আদায় ও নারী মুক্তি সংগ্রামের ইতিহাসে ৮ মার্চ একটি গুরুত্বপূর্ণ দিন। ১৯১০ সালের এই দিনে জার্মান নারী নেত্রী ক্লারা জেৎকিন নারীর মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক নারী দিবস পালনের ঘোষণা দেন। দীর্ঘ ১০০ বছর পর আমাদের জাতীয় জীবনে নারীর মর্যাদা কতটুকু বেড়েছে, তা বিশ্লেষণের সময় হয়েছে।প্রধানমন্ত্রী বলেন, সামাজিকভাবে নারীর অবস্থান কতটুকু পরিবর্তন হয়েছে, অর্থনৈতিকভাবে তারা কতটা স্বাধীন হয়েছে, আর রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপারে কতটা সম্পৃক্ত হয়েছে তা মূল্যায়নের সময় এসেছে। তিনি বলেন, নারীর অধিকার নিশ্চিত করতে তাদের অবশ্যই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এবং রাজনৈতিকভাবে ক্ষমতার অধিকারী হতে হবে।প্রধানমন্ত্রী ব্রিটিশবিরোধী আন্দোলন, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে নারীসমাজের বলিষ্ঠ ভূমিকার কথা উলেখ করে বলেন, পুরুষদের পাশাপাশি আমাদের নারীরাও সমভাবে আন্দোলনে অংশ নিচ্ছে। দেশের মোট জনগোষ্ঠীর অর্ধেক নারী, তাদের বাদ দিয়ে কখনোই উন্নয়ন সম্ভব নয়।প্রধানমন্ত্রী মন্ত্রিসভার গত সোমবারের বৈঠকে নারী উন্নয়ননীতি অনুমোদন করার কথা উল্লেখ করে এই নীতি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি নারীর উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিধবা, স্বামী পরিত্যক্তা ও দুস্থ নারীদের ভাতা দেওয়া হচ্ছে। মাতৃত্বকালীন ভাতা, ভিজিডিসহ বিভিন্ন কর্মসূচিও বাস্তবায়ন করা হচ্ছে। এ ছাড়া মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করা হয়েছে।প্রধানমন্ত্রী নারী অধিকার প্রতিষ্ঠা এবং তাদের ওপর নির্যাতন বন্ধ করার জন্য পুরুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, যেসব নারী নির্যাতিত হন, তাঁরা কারোর বোন বা কারোর মা বা কারোর স্ত্রী। তিনি বলেন, অনেক সময় দেখা যায়, অনেক নারী নেত্রী নারী নির্যাতনের বিরুদ্ধে সংগ্রাম করছেন অথচ বাড়িতে গিয়ে তিনিই আবার কাজের মহিলার ওপর অকথ্য নির্যাতন চালাচ্ছেন। এ ধরনের মানসিকতার পরিবর্তন আনার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, অনেক সময় দেখা যায়, মা তাঁর ছেলে ও মেয়েদের মধ্যে বৈষম্য সৃষ্টি করেন। ছেলেকে ভালো খাবারটা তুলে দেন, মেয়েকে বঞ্চিত করেন, যা কখনোই উচিত নয়।প্রধানমন্ত্রী নারীসমাজের অধিকার আদায়ে অসামান্য অবদান রাখার জন্য বেগম সুফিয়া কামাল, সৈয়দ বদরুন্নেছা, জাহানারা ইমাম, নূরজাহান বেগমসহ বিশিষ্ট নারীদের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বাসস।