নারী নির্যাতনকারীর শাস্তি না হলে ভোট না দেওয়ার হুমকি
সামনে ভোট। সরকার অ্যাসিড নিক্ষেপকারীসহ নারী নির্যাতনকারীদের কঠোর শাস্তি নিশ্চিত না করলে পরবর্তী সময় কাকে ভোট দেবে, তা চিন্তা করবেন নারীরা। তাই এখনো সময় আছে। অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। নারী নির্যাতন বন্ধ করতে হবে।আজ বুধবার ইডেন মহিলা কলেজের সামনে অ্যাসিড নিক্ষেপকারীর গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।প্রথম আলো ট্রাস্ট পরিচালিত অ্যাসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিলের উদ্যোগে বন্ধুসভা এ মানববন্ধনের আয়োজন করে। গতকাল মঙ্গলবার ইডেন কলেজের এক শিক্ষার্থী বিয়েতে মত না দেওয়ায় অ্যাসিডদগ্ধ হয়েছেন। আজকের মানববন্ধনে ইডেন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, অ্যাসিডদগ্ধ শিক্ষার্থীর ভাই, কুমিল্লার দাউদকান্দিতে অ্যাসিডদগ্ধ হয়ে মারা যাওয়া ফারজানার পরিবারের সদস্য, নারী-আন্দোলনের কর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা অংশ নেন।‘অ্যাসিড নিক্ষেপকারীদের ধরিয়ে দিন নইলে আপনি বা আপনার স্বজনও এর শিকার হতে পারে’, ‘অ্যাসিড নিক্ষেপের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড’সহ নানা ধরনের কথা লেখা সংবলিত বিভিন্ন ব্যানার প্রতিনিধিদের হাতে ছিল। আর অ্যাসিডদগ্ধ নারীদের পরিবারের সদস্যদের চোখে ছিল পানি। তাঁরা দৃঢ়কণ্ঠে অপরাধীর ফাঁসির দাবি তোলেন। আর একটি মুখও যেনও অ্যাসিডে ঝলসে না যায়, তারও আহ্বান ছিল মানববন্ধনে অংশগ্রহণকারী লোকজনের মুখে। মানববন্ধনে ইডেন কলেজের ছাত্রীর গায়ে অ্যাসিড নিক্ষেপকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিও জানানো হয়। মানববন্ধন শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।ইডেন মহিলা কলেজের অ্যাসিডদগ্ধ ছাত্রীটির ছোট ভাই বলেন, ‘ঘটনা ঘটার পর ২৪ ঘণ্টা পার হলেও আসামিরা ধরা পড়েনি। স্বরাষ্ট্রমন্ত্রী একবারের জন্যও আমার বোনকে দেখতে যাননি। আসামিদের হুমকিতে আমাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। আমার বোন যেভাবে মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে, সে ধরনের অবস্থার শিকার যাতে আর কাউকে না হতে হয়।’ কথা বলতেই বলতেই তিনি কান্নায় ভেঙে পড়েন। সে কান্না উপস্থিত অন্যদের মনকেও নাড়া দেয়।কুমিল্লার দাউদকান্দির নবম শ্রেণীর ছাত্রী অ্যাসিডদগ্ধ ফারজানা গত ডিসেম্বরে মারা গেছে। প্রেমের প্রস্তাবে ‘না’ বলায় আসামিরা ঘরে ঢুকে ফারজানার গায়ে অ্যাসিড ছোড়ে। এ ঘটনায় ফারজানার সঙ্গে আরও দুজন অ্যাসিডদগ্ধ হয়। মানববন্ধনে উপস্থিত ফারজানার বোন মাকসুদা আক্তার বলেন, গত নভেম্বরে ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত সব আসামি গ্রেপ্তার হয়নি। মামলার অভিযোগপত্রও দেওয়া হয়নি। মামলা তুলে নেওয়ার জন্য আসামিরা হুমকি দিচ্ছে।গতকালের অ্যাসিডদগ্ধ ছাত্রীর প্রসঙ্গ টেনে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী বলেন, ‘ঘটনা ঘটার পর মেয়েটিকে দেখতে এলেন শিক্ষামন্ত্রী। দায় কি একা শুধু শিক্ষামন্ত্রীর? স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়? ভারতে নারী নির্যাতনের ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী পর্যন্ত কথা বললেন। নারীদের ক্ষমতায়নে সরকার গালভরা অনেক বুলি শুনিয়েছে। কিন্তু নারীদের সহিংসতার হাত থেকে বাঁচাতে না পারলে ক্ষমতায়ন হবে কীভাবে?’রাশেদা কে চৌধূরী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘নারীরা আপনাদের আর ভোট দেবে না। নারীর পক্ষে থাকার জন্য অঙ্গীকার করবেন, আমরা ভোট দেব, তারপর আপনারা সংসদে যাবেন। আর অন্যদিকে আমরা নির্যাতনের শিকার হতেই থাকব তা আর হবে না।’প্রথম আলো ট্রাস্টের চেয়ারম্যান আজিজ খান বলেন, একটি মেয়ের মুখ অ্যাসিডে ঝলসে গেলে পুরো জাতির দুঃখিত হওয়ার কথা। একজন মানুষ বিশেষ করে একজন নারীও নির্যাতনের শিকার হলে তা মানবতার জন্য অত্যন্ত লজ্জাজনক। সবাইকে এ ধরনের অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য অঙ্গীকার করতে হবে।সেন্ট্রাল উইমেন্স ইউনির্ভাসিটির সোশ্যালজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক এবং নারী-অধিকারের আন্দোলনকর্মী মালেকা বেগম বলেন, ঘটনা ঘটে যাওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনী ও নিরাপত্তা রক্ষাকারী বাহিনী ছুটে এলে কোনো লাভ হবে না। নারী নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার পাশাপাশি নারীরা কাকে ভোট দেবে না-দেবে, তা চিন্তা করবে বলেও উল্লেখ করেন তিনি।ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক অনিন্দিতা বন্দ্যোপাধ্যায় মানববন্ধনে উপস্থিত ছিলেন। তাঁর মতে নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে না পারলে খুব একটা লাভ হবে না।অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মনিরা রহমান বলেন, ‘নারী যখন “না” বলছে, তখন অনেক পুরুষ তা মেনে নিতে পারছে না। নারী বিয়ের প্রস্তাবে “না” করতেই পারে। অ্যাসিড নিক্ষেপের মতো জঘন্য ঘটনায় যতই সবাই চুপ করে সহ্য করবে—ততই মনে রাখতে হবে, আমি নিজেও এ ঘটনার শিকার হতে পারি।’ প্রথম আলো ট্রাস্টের সদস্য তানজীব উল আলম বলেন, আইন প্রয়োগকারী সংস্থা, আদালতের দুর্বলতা ও ঘাটতি থাকায় বিচারপ্রক্রিয়াটা সম্পন্ন হয় না। এর ফলে আইনের আওতায় শাস্তি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করা যাচ্ছে না। অপরাধীরা ভেবেই নেয়, অপরাধ করলেও শাস্তি হবে না। আইন থাকার পরও অ্যাসিড সহজলভ্য; অর্থাত্ আইনটি মানা বা প্রয়োগ হচ্ছে না।অ্যাসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিলের উপদেষ্টা ও কণ্ঠশিল্পী আসিফ পুরুষ হিসেবে অন্য একজন পুরুষের ঘটানো এ ধরনের ঘটনায় ধিক্কার জানান। তিনি বলেন, ‘দেশের বিচারপ্রক্রিয়ার গতি শ্লথ। বিচারপ্রক্রিয়াকে অবশ্যই ত্বরান্বিত করতে হবে।’মানববন্ধনে প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, প্রথম আলো বন্ধুসভার জাতীয় পরিষদের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান রওশন আর যেন একটি মুখও অ্যাসিডদগ্ধ না হয়, তার জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন।