নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
দুপুরে খাবারের বিরতিতে সবাই নেমে এলেন রাস্তায়। সারি বেঁধে দাঁড়িয়ে বেলা একটা থেকে দেড়টা পর্যন্ত মানববন্ধন করলেন তাঁরা। আজ বৃহস্পতিবার এ দৃশ্য দেখা যায় রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ের সামনে।নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে ‘ওয়ান বিলিয়ন রাইজিং (ওবিআর)’ বা ‘উদ্যমে উত্তরণে শতকোটি’ শীর্ষক বিশ্বব্যাপী একটি প্রতিশ্রুতির প্রতি গত বছর সংহতি জানায় বাংলাদেশ। এর সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রথম আলো পরিবার আজ এ মানববন্ধন পালন করে। তাদের সঙ্গে যোগ দেন সব শ্রেণী-পেশার সাধারণ মানুষ। একই জায়গায় কেয়ার বাংলাদেশের কর্মীরাও মানববন্ধন করেন।গত রোববার বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে আজকের মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।বাংলাদেশে প্রায় ২০০টি বেসরকারি প্রতিষ্ঠান, সংস্থা, এনজিওসহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান এ আন্দোলনে সম্পৃক্ত হয়েছে।বিদ্রোহের রং লাল। মানববন্ধনে অংশগ্রহণকারী নারী-পুরুষের পোশাকে ছিল লালের ছোঁয়া। সবাই বুকে লাল ব্যাজ লাগিয়েছেন। তাঁদের দাবি একটাই—নারীর প্রতি সহিংসতা আর নয়। নারী নির্যাতনের ঘটনা দেখলে আর মুখ বুজে থাকা হবে না। নারী নিজেও নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হবেন।মানববন্ধনের এ আয়োজন শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বেই পালিত হলো। বিশ্বের শতকোটি মানুষ দাঁড়াল নারী নির্যাতনের বিরুদ্ধে।