নারী নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন ১৪ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী নির্যাতনের বিরুদ্ধে ১৪ ফেব্রুয়ারি দেশব্যাপী মানববন্ধনের আয়োজন করা হয়েছে। আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। ‘ওয়ান বিলিয়ন রাইজিং’ (ওবিআর) বা ‘উদ্যমে উত্তরণে শত কোটি’ শীর্ষক বিশ্বব্যাপী একটি প্রতিশ্রুতির প্রতি সংহতি জানিয়ে দেশে এ কর্মসূচি পালন করা হবে। গত বছরের ১৩ সেপ্টেম্বর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এ প্রতিশ্রুতির সঙ্গে একাত্মতা প্রকাশ করে।সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৪ ফেব্রুয়ারি সারা দেশের মানুষ বেলা একটা থেকে দেড়টার মধ্যে কর্মবিরতির সময় ঘর থেকে বাইরে বের হবেন। নারী নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধনে একে অন্যের সঙ্গে সংহতি প্রকাশ করবেন। ঢাকায় আগারগাঁওয়ের আইডিবি ভবনের সামনে, রেসিডেনসিয়াল মডেল স্কুলের সামনে, আসাদ গেইটে, ঢাকা-আরিচা মহাসড়কে, ধানমন্ডি ২৭ নম্বরসহ মোট ৩৬টি স্থান মানববন্ধনের জন্য নির্দিষ্ট করা হয়েছে।সংবাদ সম্মেলনে মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, নিজেরা করির সমন্বয়কারী খুশি কবির, অ্যাকশন এইড বাংলাদেশের দেশীয় পরিচালক ফারাহ কবির, নারীপক্ষের সভাপতি হাবিবুন্নেসা এবং কর্মজীবী নারীর নির্বাহী পরিচালক রোকেয়া রফিক আলোচনায় অংশ নেন।সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, যিনি কাছের যে নির্দিষ্ট জায়গাটি পাবেন, তাতেই দাঁড়িয়ে সংহতি প্রকাশ করতে পারবেন। জেলাগুলোতেও এ ধরনের ব্যবস্থা থাকবে। এ ছাড়াও একই দিনে বিকেল তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে আলোচনা, ছবি প্রদর্শনী, দেয়াল লিখন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন থাকবে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান জেন্ডার বিশেষজ্ঞ ফওজিয়া খোন্দকার। এতে জানানো হয়েছে, নারীর বিরুদ্ধে সহিংসতা বন্ধের অঙ্গীকার ও প্রত্যয় নিয়ে সারা বিশ্বে একটি আন্দোলন শুরু হয়েছে। ‘ভিডে’ নামের নারীবাদী সংগঠন সারা পৃথিবীর ১০০ কোটি মানুষকে আহ্বান করেছে তাদের সঙ্গে যুক্ত হয়ে নারীর বিরুদ্ধে সহিংসতা বন্ধে আওয়াজ তুলতে, উঠে দাঁড়াতে এবং প্রতিবাদ গড়ে তুলতে। এই উদ্যোগের সঙ্গে দক্ষিণ এশিয়াসহ সারা বিশ্বের প্রায় ২০০টি দেশ সংহতি প্রকাশ করেছে। এই উদ্যোগের আওতায় বাংলাদেশেও কর্মসূচি গ্রহণের পরিকল্পনা নেওয়া হচ্ছে।