নারী নিয়ে মন্তব্য করে ফাঁসলেন মন্ত্রী
‘বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নারীদের আবেদন কমতে থাকে।’ এমন বেফাঁস মন্তব্য করে আইনি গ্যাঁড়াকলে ফেঁসেছেন ভারতের কয়লামন্ত্রী শ্রীপ্রকাশ জয়েসওয়াল। গতকাল বুধবার এ মন্তব্যের জন্য মামলা করেছে দেশটির বেসরকারি সংস্থা ‘লক্ষ্য’।অশ্লীল ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগ এনে উত্তরপ্রদেশ রাজ্যের কানপুরের মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলাটি করা হয়। জয়েসওয়াল অবশ্য এর মধ্যে এই মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন।কানপুরভিত্তিক সংগঠন ‘লক্ষ্য’র অন্যতম কর্তাব্যক্তি অনিতা দুয়া মুখ্য মহানগর হাকিম এন কে পান্ডের কাছে জয়েসওয়ালের বিরুদ্ধে তাঁর অভিযোগটি দায়ের করেন। তাঁর (দুয়া) আইনজীবী বলেন, জয়েসওয়ালের বক্তব্যের একটি রেকর্ড মহানগর হাকিমের কাছে দেওয়া হয়েছে। এ ব্যাপারে যুক্তি উপস্থাপন করতে ৮ অক্টোবর দুয়াকে আদালতে হাজির হতে বলা হয়েছে।বিবিসির খবরে বলা হয়, গত সোমবার রাতে কানপুরে একটি হিন্দি কবিতার আসরে নারীদের নিয়ে মন্তব্যটি করেন জয়েসওয়াল। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয় নিয়ে কথা বলার পর একপর্যায়ে ওই মন্তব্যটি করেছিলেন তিনি। তিনি বলেছিলেন, ‘নতুন বিজয় ও নতুন বিয়ের নিজ নিজ গুরুত্ব রয়েছে। সময় যত গড়ায়, ততই বিজয় পুরোনো বিষয়ে পরিণত হয়।’ তিনি ওই সময় আরও বলেছিলেন, সময় যত যায়, স্ত্রীরা তত বুড়িয়ে যায়। এতে তাদের (স্ত্রী) আবেদন থাকে না।’জয়েসওয়ালের এই মন্তব্য বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হওয়ায় সমালোচনার ঝড় ওঠে। দেশটির কয়েকটি নারী সংগঠন তাঁর এ মন্তব্যের কঠোর সমালোচনা করে ক্ষমা দাবি করে। প্রধান বিরোধী দল বিজেপি জানায়, জয়েসওয়ালের বক্তব্যটি ‘যৌন নিপীড়নমূলক’ এবং ‘অসংবেদনশীল’।এদিকে কবিতার আসরে করা মন্তব্যটি ঠাট্টাচ্ছলে করা হয়েছে বলে দাবি করেন কয়লামন্ত্রী। তিনি বলেন, তাঁর বক্তব্য ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে।