নারী নীতিমালায় উত্তরাধিকার আইন পরিবর্তন নিয়ে কিছু নেই: আইনমন্ত্রী
আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, প্রস্তাবিত নারী উন্নয়ন নীতিমালায় উত্তরাধিকার আইনের পরিবর্তন ও সংশোধন নিয়ে কিছু নেই। এর পরও একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশে অরাজকতা ও অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। এমনকি হরতালও ডেকেছে।আজ মঙ্গলবার সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত এক কর্মশালায় আইনমন্ত্রী এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, সংবিধানের বিধানের সঙ্গে সংগতি রেখে নারী উন্নয়ন নীতিমালা করা হয়েছে। এ নীতিমালায় ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে—এমন কিছু থাকার প্রশ্নই আসে না। আইনমন্ত্রী বলেন, আদালতে মামলা গেলে তা কবে শেষ হবে কেউ বলতে পারে না। কোনো ব্যক্তি জেলে ঢুকলে বিনা বিচারে বহুদিন জেলে থাকে। এগুলো মানবাধিকারের লঙ্ঘন। তিনি দেওয়ানি ও ফৌজদারি কার্যবিধি সংশোধনের কথা বলেন। যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এ বিচার ন্যায়বিচার হচ্ছে। বিচারটি আন্তর্জাতিক মানের। চাইলে বিদেশিরা এসে এ বিচার কার্যক্রম দেখতে পারেন। দেশে সংবিধান নেই বলে বিএনপি নেতা মওদুদ আহমদ যে অভিযোগ করেছেন, তার জবাবে আইনমন্ত্রী বলেন, ‘কোন সংবিধানের বলে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর প্রধান বিচারপতি দেশের প্রধান সামরিক কর্মকর্তা হলেন? সরকার কীভাবে এসব কর্মকাণ্ডের বৈধতা দিল?’ তিনি দাবি করেন, সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে সর্বশেষ যে সংবিধান প্রতিষ্ঠিত হয়েছে, সেটাই দেশের সংবিধান। জনগণকে বিভ্রান্ত না করতে তিনি মওদুদের প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মানবাধিকার সমুন্নত রেখে কাজ করার নির্দেশ দেওয়া আছে। কাজ করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুল হতেই পারে। তারা ভুল করলে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। ওই কাজের জন্য তাদের জবাবদিহি করতে হবে। তিনি জানান, র্যাবকে মানবাধিকার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ট্রেন লাইনচ্যুত হলে তা লাইনে আনতে সময় লাগে মন্তব্য করে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে সময় লাগবে।