নারী নেতৃত্ব আসুক টিকে থাকুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রাজনীতিবিদ হতে চাওয়ার স্পৃহা নিয়ে বড় হয়েছি। কিন্তু যখন রাজনীতিবিদ হলাম এবং একজন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে গেলাম, তখন প্রচণ্ড উত্তেজনা কাজ করছিল। মনে হলো, পৃথিবীর যত প্রতিবন্ধকতা আছে, সব জয় করে ফেলব। তাতে সাত দিনও সময় লাগবে না—ভুল। আমাদের নারীদের প্রতিটি পদক্ষেপে একেকটি স্ট্রিট-ব্রেকার আছে, যা আমাদের গতি কমিয়ে দেয়। কিন্তু একে জয় করেই আমাদের এগিয়ে যেতে হবে।’ প্রতিবন্ধকতার সিসা ভেঙে এগিয়ে যাওয়ার পরও নারীদের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে টিকে থাকার প্রসঙ্গে বলছিলেন সাংসদ তারানা হালিম। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র সরকারের প্রধান উন্নয়ন সংস্থা ইউএসএআইডি ১৪-১৫ মার্চ দুই দিনব্যাপী ‘নারী ও উন্নয়ন মেলা’র আয়োজন করে। মেলার দ্বিতীয় দিন ‘ব্রেকিং দি গ্লাস সিলিং: উইমেন ইন লিডারশিপ রোলস হাউ টু গেট দেয়ার অ্যান্ড স্টে দেয়ার’ শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার মিশন পরিচালক ডেনিস রলিন্স, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। প্যানেল আলোচক ছিলেন সাংসদ তারানা হালিম, অধ্যাপক আ ক ম নূরুন্নবী, বিজ্ঞানী ও অধ্যাপক হাসিনা খান, মিডিয়াব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, ব্যবসায় উদ্যোক্তা গীতি আরা সাফিয়া চৌধুরী, সাংবাদিক রাফফাত বিনতে রশীদ, গ্রামীণ সমাধানের প্রধান ব্যবস্থাপক নায়লা চৌধুরী, স্বাবলম্বী উন্নয়ন সংস্থার পক্ষ থেকে রোকেয়া বেগম এবং কমিউনিটি উন্নয়ন প্রকল্পের সেলিমা রহমান। অংশগ্রহণকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গণমাধ্যমের সাংবাদিকসহ এ আলোচনায় সঞ্চালক ছিলেন মনজুরুল আহসান বুলবুল। প্রশ্ন এসেছিল নারী অধিকার আন্দোলনে নিজেদের করণীয়, বাল্যবিবাহ রোধে প্রতিকার প্রকল্প, মন্ত্রণালয়ের উচ্চপদগুলোতে নারীদের সিদ্ধান্ত গ্রহণের সফলতাসহ নানা বিষয়। একজন আফ্রিকান-আমেরিকান নারী হিসেবে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার মিশন পরিচালকের পদটি জয় করাও সহজ ছিল না ডেনিস রলিন্সের। তিনি বলছিলেন অধিকার প্রতিষ্ঠায় নারীদের সোচ্চার হওয়ার কথা।