নারী-পুরুষের সমান অধিকার মেনে নেওয়া হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী-পুরুষের সমান অধিকার মেনে নেওয়া হবে না। কারণ ইসলাম এমনটি স্বীকার করে না। সরকার এমনটি করতে চাইলে সরকারকে ক্ষমতা থেকে টেনে নামানোর হুমকি দিয়েছে কওমি মাদ্রাসাকেন্দ্রিক ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো।আজ শুক্রবার সকালে রাজধানীর মুক্তাঙ্গনে নারী উন্নয়ন নীতির খসড়ার বিরুদ্ধে সমাবেশ ও মিছিল করে কওমি মাদ্রাসাকেন্দ্রিক ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো পৃথকভাবে এই হুঁশিয়ারি উচ্চারণ করে। এ সময় ধর্মভিত্তিক দলের মোর্চা ইসলামী আইন বাস্তবায়ন কমিটি, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারাসিল আরাবিয়া, একই ধরনের আরেক মোর্চা সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন পৃথক সমাবেশ করে।ধর্মভিত্তিক দলের নেতারা অভিযোগ করেছেন, নারী উন্নয়ন নীতিতে সরকার নারীদেরকে সম্পত্তিতে সমান অধিকার দেওয়ার কথা বলেছে। এই নীতি কোরআনের বিধানের পরিপন্থী। সমাবেশ শেষে প্রতিটি দল ও সংগঠন মিছিল করে।ধর্মভিত্তিক এসব দলের কর্মসূচি সামনে রেখে আজ সকাল থেকেই পল্টন, মুক্তাঙ্গন ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পাশ্চাত্যের ধাঁচে করা কোনো আইন মানবেন না আমিনী: বিকেলে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির সমাবেশে সংগঠনের আমির মুফতি ফজলুল হক আমিনী বলেন, ‘আমরা পাশ্চাত্যের ধাঁচে কোনো আইন মানি না। দেশ চালাতে কোনো স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় লাগবে না। আমরা কোরআন পড়ে দেশ চালাব। বাংলার মাটিতে কোরআন চালু করতে হবে। যারা কোরআনকে বিদায় করতে চান, তাঁদেরই এ দেশ থেকে বিদায় করা হবে।’আইন পর্যালোচনার জন্য কমিটি করবে বেফাকুল: বেফাকুলের সমাবেশে সংগঠনের মহাসচিব মাওলানা আবদুল জব্বার জানান, নারী উন্নয়ন নীতি, জাতীয় শিক্ষানীতিসহ বিভিন্ন আইন ও নীতিমালায় ইসলামবিরোধী কোনো ধারা আছে কি না, তা খুঁজে বের করতে তাঁরা একটি কমিটি করবেন। সরকার যেন এই কমিটির মতামত মেনে নেয়।বেফাকুলের সহসভাপতি মাওলানা আশরাফ আলী নারী উন্নয়ন নীতির খসড়াকে ‘নারী অধপতন নীতি’ বলে আখ্যা দেন। তিনি বলেন, হাইকোর্টের ফতোয়াবিরোধী রায় বাতিল করতে হবে। হাইকোর্ট ৫ জন আলেমের মতামত নেওয়ার নির্দেশনা দিয়েছেন। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এই আলেমদের নির্বাচন করলে সেটা মেনে নেওয়া হবে না। বেফাকুলের সঙ্গে পরামর্শ করে আলেমদের নির্বাচন করতে হবে। নারী অধিকার কর্মীদের চরমোনাইয়ের পীরের সমালোচনা: ইসলামী আন্দোলনের সমাবেশে দলের আমির চরমোনাইয়ের পীর সৈয়দ মো. রেজাউল করিম বলেন, ‘নারীদের সম-অধিকার দিলে সমাজ ও পরিবারের মধ্যে আগুন লাগবে।’ইসলামী বিধান প্রতিষ্ঠা করা হবে: সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের সমাবেশে সংগঠনের যুগ্ম মহাসচিব খলিলুর রহমান মাদানী বলেন, কোরআনবিরোধী কোনো আইন করার চেষ্টা করা হলে এ দেশের মানুষ তা প্রতিহত করবে। প্রয়োজনে জনগণ এ দেশে ইসলামী বিধান প্রতিষ্ঠা করে ছাড়বে।