নারী-পুরুষের সমানাধিকার মানবেন না মুফতি আমিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী-পুরুষের সমানাধিকার মানবেন না ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী। এমনকি হাইকোর্ট-সুপ্রিম কোর্টও যদি এই সমানাধিকার ঘোষণা করেন, তাহলে সেটাও মেনে নেওয়া হবে না।আজ সোমবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সরকারের ‘দেশ ও ইসলামবিরোধী’ কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে আমিনী এ কথা বলেন। তিনি বলেন, ‘শেখ হাসিনা হাসতে হাসতে বলে নারী-পুরুষের সমানাধিকার করে দেবে। কিন্তু কোরআনে বলা আছে, পুরুষ পাবে দুই ভাগ, আর মেয়ে পাবে এক ভাগ। সে (প্রধানমন্ত্রী) কীভাবে সমানাধিকার দেবে?’২০০১ সালে ফতোয়াবিরোধী রায় দেওয়ার কারণে বিচারপতি গোলাম রাব্বানীর বিরুদ্ধে অশালীন উক্তিও করেন মুফতি আমিনী। তিনি বলেন, ‘রাব্বানী, তোমার বিরুদ্ধে ফতোয়া দিয়েছিলাম, সেটা এখনো আছে।’ উল্লেখ্য, ওই রায় দেওয়ার পর মুফতি আমিনী বিচারপতি রাব্বানীকে মুরতাদ এবং এর শাস্তি মৃত্যুদণ্ড বলে ফতোয়া দিয়েছিলেন।সরকার নারী-পুরুষের সমানাধিকার দেওয়ার জন্য হাইকোর্ট-সুপ্রিম কোর্টকে ব্যবহার করতে চায় বলেও অভিযোগ করেন আমিনী। তিনি বলেন, ‘হাইকোর্ট-সুপ্রিম কোর্টকে বলে দিতে চাই। কোরআনের ওপর হাত দিলে হাইকোর্ট-সুপ্রিম কোর্টকে আমরা মানব না।’আমিনী বলেন, তাঁকে গ্রেপ্তার করলেও তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলবেন। তিনি নিজের কানে জিয়াউর রহমানের ঘোষণা শুনেছেন। বক্তব্যের পর তাঁর কাছে প্রথম আলোর পক্ষ থেকে জানতে চাওয়া হয়, তিনি কবে এই ঘোষণা শুনেছেন, জবাবে তিনি বলেন, ‘তারিখ তো মনে নাই। তবে শুনছি।’ কী শুনেছেন, জানতে চাইলে তিনি বলেন, তিনি শুনেছেন, ‘আমি মেজর জিয়া বলছি, স্বাধীনতা ঘোষণা করছি।...ঘরে সইস্যা রেডেও খুইল্যা রাখতাম, শুনছি ওই সময়।’আমিনী বলেন, দেশের মসজিদে মসজিদে সরকারের বিরদ্ধে ‘বদ দোয়া’ শুরু হয়েছে যে, ‘আল্লাহ, ইসলামবিরোধী এই সরকারকে শেষ করে দাও।’ তিনি বলেন, ‘সরকার বিএনপি, জামায়াত, ইসলামী ঐক্যজোটকে খতম করবে, তাহলে আমরা কেন আওয়ামী লীগকে খতম করার রাজনীতি করব না?’বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় এলে কোথাও বঙ্গবন্ধুর নাম থাকবে না বলে মন্তব্য করেন আমিনী। তিনি বলেন, জিয়াউর রহমানের নাম পরিবর্তন করে তারা (আওয়ামী লীগ) যে শিখিয়ে গেল, ভবিষ্যতে বঙ্গবন্ধুর নাম এক জায়গাতেও থাকবে না। বঙ্গবন্ধু এভিনিউও থাকবে না।দলের কেন্দ্রীয় নেতা খন্দকার এহতেশাম সারোয়ার বলেন, এই সরকার নারীদের অধিকারের নামে তাদের রাস্তায় নামাতে চায়, ঘরে বন্দী রাখতে চায় না। কিন্তু নারীদের পাশ্চাত্যের মতো রাস্তায় ছেড়ে দেওয়া যায় না। নারীনীতি একটু ভেবেচিন্তে করবেন।ইসলামী ঐক্যজোটের ঢাকা মহানগর শাখার সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে আলোচনা সভায় দলের মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী, যুগ্ম মহাসচিব মুফতি মো. তৈয়্যব, সাংগঠনিক সম্পাদক মুফতি মো. ফয়জুল্লাহ প্রমুখ বক্তব্য দেন।