নারী পুলিশ সদস্যদের সমন্বয়ে স্বতন্ত্র আর্মড ব্যাটালিয়নের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত ১১ আর্মড পুলিশ ব্যাটালিয়নের যাত্রা আজ মঙ্গলবার শুরু করেছে। বেলা সাড়ে ১১টার দিকে উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমপ্লেক্সে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এই ব্যাটালিয়নের উদ্বোধন করেন।এই ব্যাটালিয়নের সাংগঠনিক কাঠামোতে রয়েছে, একজন পুলিশ সুপারের (এসপি) পদমর্যাদার কমান্ডার, দুজন অতিরিক্ত পুলিশ সুপার, ছয়জন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার, ২০ জন সহকারী পুলিশ সুপার, ২৪ জন পরিদর্শক, ৪০ জন উপপরিদর্শক (এসআই), ৫০ জন সহকারী উপপরিদর্শক (এএসআই), ২৫ জন নায়েক, একজন চিকিত্সা কর্মকর্তা, পাঁচজন সিভিল স্টাফ ও ২০০ জন কনস্টেবল।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, নারী পুলিশ সদস্যদের সমন্বয়ে এই ব্যাটালিয়নের কার্যক্রমে অংশগ্রহণের মধ্য দিয়ে পুলিশের নারী সদস্যরা পেশাগত ক্ষেত্রে নিজেদেরকে দক্ষ ও যোগ্য করে গড়ে তোলার সুযোগ যথাযথভাবে কাজে লাগাতে আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে। পুলিশ একটি আধুনিক ও যুগোপযোগী জনবান্ধব ফোর্স হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বর্তমান সরকারেরে নানা পদক্ষেপের মধ্যে এই ব্যাটালিয়ন একটি নতুন মাত্র যোগ করবে বলে আমি বিশ্বাস করি।বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন সারমিন চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান শিকদার, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার। আমর্ড পুলিশ ব্যাটালিয়নের উপমহাপরিদর্শক মো. নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে ভিভিআইপি-ভিআইপি নারীদের সার্বক্ষণিক নিরাপত্তাসহ নারী অপরাধীদের মোকাবিলার জন্য সরকার স্বয়ংসম্পূর্ণ এই ইউনিট গঠনের অনুমোদন দিয়েছে।