প্রাথমিক বিদ্যালয়ে নারী শিক্ষক নিয়োগে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিকের বদলে উচ্চমাধ্যমিক (এইচএসসি) করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নিজ উপজেলা থেকেই সব শিক্ষক নিয়োগের বিষয়টি বাধ্যতামূলক করা হচ্ছে। বর্তমান নিয়োগবিধি অনুযায়ী, উপজেলায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে বাইরে থেকে নেওয়ার সুযোগ রয়েছে।জানা গেছে, জাতীয় শিক্ষানীতির আলোকে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী পর্যন্ত করার পরিকল্পনা এবং বর্তমানে সহজে অনেক যোগ্য নারী প্রার্থী পাওয়ার কারণেই এসব চিন্তাভাবনা চলছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালার সংশোধনীতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এসব প্রস্তাব দিয়ে ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমান নিয়োগ বিধিমালা অনুযায়ী নিজ উপজেলা থেকে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে পার্শ্ববর্তী উপজেলা থেকে, তাতেও না হলে অন্য জেলা থেকে একই শ্রেণীর (নারী হলে নারী, পুরুষ হলে পুরুষ, কোটার হলে কোটা) প্রার্থী দিয়ে পদ পূরণ করার সুযোগ রয়েছে।প্রস্তাবিত বিধিমালায় নিজ উপজেলায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে পরে আবার নিয়োগ পরীক্ষার মাধ্যমে ওই উপজেলার প্রার্থীদের দিয়ে পদ পূরণের সুপারিশ করা হয়েছে।প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন প্রথম আলোকে বলেন, ‘উপজেলার মধ্য থেকে শিক্ষক নিয়োগের বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি। এ ছাড়া শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতার বিষয়ও আলোচনায় এসেছে।’প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষক নিয়োগের বিধিমালা সংশোধনে কিছুদিন আগে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. খলিলুর রহমানের নেতৃত্বে একটি কমিটি করা হয়। ওই কমিটি নারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা অন্তত উচ্চমাধ্যমিক এবং নিজ উপজেলা থেকেই সব শিক্ষক নিয়োগের প্রস্তাব করে।নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, জাতীয় শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষাকে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী করার কথা বলা হয়েছে। স্বাভাবিকভাবেই মাধ্যমিক পাস শিক্ষক দিয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ানো সম্ভব নয়। পুরুষ প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা আগের মতোই কমপক্ষে স্নাতক পাস থাকছে।কর্মকর্তারা আরও জানান, প্রাথমিক বিদ্যালয়ে ৬০ শতাংশ নারী প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়। প্রচলিত বিধিমালা অনুযায়ী অন্য জেলা-উপজেলায় নিয়োগের সুযোগ থাকায় নানা সমস্যার সৃষ্টি হয়। প্রথমত, স্বল্প বেতনের এসব শিক্ষককে দূরে পদায়ন করা হলে থাকা-খাওয়াসহ আর্থিকভাবে তাঁরা ক্ষতির সম্মুখীন হন। দ্বিতীয়ত, বিদ্যালয়ে উপস্থিতি থাকে কম। এতে পাঠদান ব্যাহত হয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খলিলুর রহমান বলেন, দূরে পদায়ন হলে থাকা-খাওয়া ও উপস্থিতির ক্ষেত্রে সবচেয়ে বেশি সদস্যায় পড়েন নারী শিক্ষকেরা। এসব কারণে উপজেলার প্রার্থীদের মধ্য থেকেই সব শিক্ষক নিয়োগ দেওয়ার সুপারিশ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত এলেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, ‘নারী শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক করার বিষয়টি সময়ের দাবি। কারণ শিক্ষাগত যোগ্যতা যখন এসএসসি পাস করা হয়েছিল, তখন ভাবা হয়েছিল যে পর্যাপ্ত নারী প্রার্থী পাওয়া যাবে না। এখন আর সেই অবস্থা নেই। তা ছাড়া শিক্ষানীতির সুপারিশ বাস্তবায়নের জন্য এটা জরুরি। আর উপজেলা থেকেই সব শিক্ষক নিয়োগ দেওয়ার প্রস্তাবকে আমরা স্বাগত জানাই।’