নারী ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ নেই দেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে কোনো নারী ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ নেই। তবে গত বছর ঢাকা মেডিকেল কলেজ থেকে একজন নারী চিকিৎসক স্নাতকোত্তর কোর্স করে বেরিয়েছেন। এ অবস্থায় গতকাল বুধবার এক সপ্তাহের মধ্যে দেশের সব মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে নারী চিকিৎসা কর্মকর্তা পদায়নের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।খোঁজ নিয়ে জানা গেছে, লাশ কাটাকাটিসহ আইন-সংশ্লিষ্ট জটিল সব কাজের কারণে নারী চিকিৎসকেরা ফরেনসিক মেডিসিন বিভাগে আসতে চান না। এ বিভাগের চিকিৎসকদের ছুটির দিনে কাজ করতে হয় এবং দেশের যেকোনো আদালত ডেকে পাঠালে ছুটতে হয়। দেশের ২৩টি মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগে অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে কোনো নারী চিকিৎসক নেই। এমনকি সম্প্রতি সহযোগী অধ্যাপক পদে যে আটজন ও সহকারী অধ্যাপক পদে যে চারজন ডিগ্রিধারী চিকিৎসককে পদোন্নতি দেওয়া হয়েছে, তাঁদের মধ্যেও কোনো নারী নেই। এ মুহূর্তে যে দুজন ফরেনসিক মেডিসিনে পাঁচ বছর মেয়াদি স্নাতকোত্তর কোর্সে আছেন, তাঁদের মধ্যেও সরকারি হাসপাতালের কোনো নারী চিকিৎসক নেই। ফলে সরকারকে পুরুষ বিশেষজ্ঞদের দিয়েই কাজ চালাতে হবে। শুধু চিকিৎসা কর্মকর্তা হিসেবে পদায়ন করা হবে নারীদের।মেডিকোলিগ্যাল সোসাইটির সভাপতি সেলিম রেজা প্রথম আলোকে বলেন, সমাজে তাঁদের পরিচিতি ‘মরাকাটা ডাক্তার’ হিসেবে। তাঁদের কাছে সাধারণ রোগের চিকিৎসা নিতে কেউ আসেন না। সরকারের পক্ষ থেকে কোনো বিশেষ ভাতারও ব্যবস্থা নেই। এসব কারণে এ বিভাগে কেউ পড়তেও চান না।স্বাস্থ্যনীতি ২০১১-তে বলা আছে, সরকারি চিকিৎসকদের মধ্যে যাঁরা ‘নন-ক্লিনিক্যাল’ বিষয়ের (ফরেনসিক মেডিসিনসহ মৌলিক বিজ্ঞান) শিক্ষক, তাঁদের ‘নন-প্র্যাকটিসিং’ ভাতা দেওয়া প্রয়োজন। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে কিছু করে উঠতে পারেননি বলে জানিয়েছেন স্বাস্থ্যসচিব এম এম নিয়াজ উদ্দীন।স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েতউল্লাহ প্রথম আলোকে বলেন, ফরেনসিক মেডিসিনসহ মৌলিক বিজ্ঞানের চিকিৎসকদের প্রণোদনা না দিলে আগামী দুই-তিন শ বছরেও বিশেষজ্ঞ চিকিৎসকের সংকট ঘুচবে না।চিকিৎসকের সংকট তীব্র: স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সারা দেশে ২৩টি সরকারি মেডিকেল কলেজ আছে। এর মধ্যে শুধু সলিমুল্লাহ মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগে একজন অধ্যাপক আছেন। তাঁর নাম প্রণব কুমার চক্রবর্তী। সহযোগী অধ্যাপক আছেন দুজন—একজন রংপুর মেডিকেল কলেজে মোস্তাক রহিম। অন্যজন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের হাবিবুজ্জামান চৌধুরী। সহকারী অধ্যাপকের সংখ্যা নয়জন। পুরোনো ১৩টি মেডিকেল কলেজে পাঁচজন করে প্রভাষক থাকলেও নতুন ১০টিতে পদ শূন্য রয়েছে। কোনো কোনো মেডিকেল কলেজে প্রভাষকেরাই বিভাগ চালাচ্ছেন।হত্যা না আত্মহত্যা, পিতৃত্ব নির্ণয় ও ধর্ষণের ব্যাপারে সুনিশ্চিত প্রমাণ পাওয়াসহ জটিল সব অপরাধের সুরাহা করতে ফরেনসিক মেডিসিন বিভাগের গুরুত্ব ব্যাপক। সে কারণে ২০০৮-০৯ সালে ঢাকা মেডিকেল কলেজে পাঁচ বছর মেয়াদি স্নাতকোত্তর কোর্স চালু করা হয়। এর আগে চিকিৎসকেরা এ বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি করতেন।ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান কাজী মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে কোর্সে আছেন দুজন চিকিৎসক। তাঁরাও বেসরকারি মেডিকেল কলেজের। স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বশীল সূত্র বলছে, এর আগে একজন সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসক কোর্সে ভর্তি হয়েছিলেন। দেড় বছর পর তিনি ওই বিভাগ ছেড়ে দেন। চট্টগ্রাম মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগেও স্নাতকোত্তর কোর্সে বর্তমানে কোনো ছাত্র নেই।ঢাকা মেডিকেলে দুজনকে পদায়ন: স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগের পরিচালক মো. শাহনেওয়াজ প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয় এক সপ্তাহের মধ্যে সব মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগে নারী চিকিৎসক পদায়নের নির্দেশ দিয়েছে। তারা দ্রুতই কাজটি সেরে ফেলতে পারবে বলে তিনি আশা করছেন।কর্মকর্তারা বলেছেন, প্রথম আলোতে এ বিষয়ে সংবাদ প্রকাশের দিনই (মঙ্গলবার বিকেলে) দুজন নারী চিকিৎসা কর্মকর্তাকে ঢাকা মেডিকেল কলেজে পদায়ন করা হয়েছে। তাঁরা হলেন মেরুনা মাহজাবীন ও ফারহানা রহমান। মেরুনা বগুড়ার মোহাম্মদ আলী ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ছিলেন। আর ফারহানা সহকারী সার্জন হিসেবে ছিলেন নীলফামারীর সৈয়দপুরের ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে। তাঁরা দুজনেই অস্থায়ী চিকিৎসক। নিয়োগের শর্ত ছিল, তাঁদের গ্রামেই থাকতে হবে। এখন তাঁদের সরিয়ে আনায় মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবা বিঘ্নিত হবে কি না, এমন প্রশ্নের উত্তরে মহাপরিচালক বলেন, দেশে প্রয়োজনের তুলনায় সাড়ে আট হাজার চিকিৎসক কম। সব দিকই তাঁদের দেখতে হয়।এদিকে হাসপাতালের ফরেনসিক বিভাগে নারী চিকিৎসক নিয়োগের জন্য মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ৪০তম বৈঠকে এ সুপারিশ করা হয়।