নারী মুক্তিযোদ্ধা খুন
সিলেটে নিজ বাসায় খুন হয়েছেন নারী মুক্তিযোদ্ধা আনোয়ারা আবেদীন চৌধুরী (৫৮)। গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে নগরের লামাবাজার পুলের পাড়ের বাসা থেকে তাঁর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।আনোয়ারা আবেদীন জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন (টিঅ্যান্ডডি) সিস্টেম লিমিটেডের ক্রয় বিভাগের ব্যবস্থাপক ছিলেন। ঢাকায় জালালাবাদ গ্যাসের একটি প্রশিক্ষণে যোগ দেওয়ার জন্য গত রোববার থেকে তিনি ছুটিতে ছিলেন।পুলিশ ও নিহত আনোয়ারার পারিবারিক সূত্র জানায়, লামাবাজার পুলের পারের এ/৬ নম্বর পাঁচতলা বাড়ির দ্বিতীয় তলায় বাস করতেন আনোয়ারা। তাঁর স্বামী সামসুল আবেদীন চৌধুরী, এক ছেলে তৌহিদুল আবেদীন চৌধুরী ও একমাত্র মেয়ে তাহমিদা আবেদীন চৌধুরীকে নিয়ে যুক্তরাজ্যে স্থায়ীভাবে থাকেন। তাঁদের আরেক ছেলে চিকিৎসক তৌফিকুল আবেদীন চৌধুরী থাকেন যুক্তরাষ্ট্রে। ওই বাসায় আনোয়ারা ও তাঁর গৃহকর্মী থাকতেন। গৃহকর্মীর খোঁজ পাওয়া যাচ্ছে না।আনোয়ারার ছোট ভাই ফখরুদ্দিন চৌধুরী জানান, সম্প্রতি তিনি যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন। বোনকে দেখতে গতকাল তিনি পুলের পারের বাসায় যান। বেলা তিনটার দিকে দেখতে পান, বোনের ফ্ল্যাটের দরজা বাইরে থেকে তালাবদ্ধ। তিনি জালালাবাদ গ্যাস ভবনে খবর নিলে তাঁকে জানানো হয়, আনোয়ারা দুই দিনের জন্য গত রোববার ঢাকায় প্রশিক্ষণে গেছেন। প্রশিক্ষণের দুই দিন পরও বাসা তালাবদ্ধ পাওয়ায় এবং আনোয়ারার মুঠোফোন বন্ধ পাওয়ায় ফখরুদ্দিন আবার বোনের বাসায় যান। এই ফ্ল্যাট থেকে উৎকট গন্ধ পান তিনি। পুলিশে খবর দিলে বিকেলে এক দল পুলিশ এসে দরজা ভেঙে আনোয়ারার অর্ধগলিত লাশ উদ্ধার করে।লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হামিদ প্রথম আলোকে জানান, মেঝেতে এলোমেলো অবস্থায় আনোয়ারার লাশ পড়ে ছিল। শরীর ছিল বিবস্ত্র। মরদেহের পাশে তিনটি স্থানে রক্তের দাগ দেখা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আশরাফুজ্জামান জানান, প্রতিবেশীরা জানিয়েছেন, কয়েক দিন ধরে আনোয়ারার বাড়ির ফটক ও বাসার দরজা-জানালা বন্ধ ছিল। দুই দিন ধরে বাসার ভেতর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় প্রতিবেশীরা ধারণা করছিলেন, পাশের কোনো নালা থেকে পচা গন্ধ বেরোচ্ছে।এসআই আশরাফুজ্জামান জানান, আনোয়ারার বাসায় ১৫ থেকে ২০ বছর বয়সী একজন গৃহকর্মী ছিল। এই গৃহকর্মীকে পাওয়া যাচ্ছে না। তাই এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না, পুলিশ তা খতিয়ে দেখছে।লাশ উদ্ধারের খবর পেয়ে আনোয়ারার বাসায় যান জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের জেলা সভাপতি কলমদর আলীসহ দলের নেতা-কর্মী, মুক্তিযোদ্ধা ও জালালাবাদ গ্যাসের পদস্থ কর্মকর্তারা। কলমদর আলী সাংবাদিকদের জানান, ‘আনোয়ারা সিলেট জেলা জাসদের সাবেক মহিলাবিষয়ক সম্পাদিকা। তিনি ৪ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। আমাদের ধারণা, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।’আনোয়ারার ভাই ফখরুদ্দিন জানান, তাঁরা ছয় ভাই ও চার বোন। এঁদের মধ্যে পঞ্চম ছিলেন আনোয়ারা। তাঁদের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বৈরাগীচক-বৃন্দাবনপুর গ্রামে। আনোয়ারার স্বামীর বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলার উমরপুর। আনোয়ারা ছাত্রী অবস্থায় মুক্তিযুদ্ধে অংশ নেন। স্বাধীনতার পর তিনি জাসদের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। প্রায় ২০ বছর ধরে তিনি জালালাবাদ গ্যাসে চাকরি করছেন।আবেগে আপ্লুত হয়ে ফখরুদ্দিন প্রথম আলোকে বলেন, ‘পারিবারিকভাবে আমরা সবাই সচ্ছল। ব্যক্তিগত জীবনে তিনি (আনোয়ারা) ছিলেন একজন শৌখিন মানুষ। কোনো শত্রু নেই আমাদের। কিন্তু খুনের ধরন দেখে মনে হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।’জালালাবাদ গ্যাস ভবন সূত্র জানায়, কর্মস্থলে আনোয়ারা ছিলেন সবার প্রিয়। গত বৃহস্পতিবার তিনি সর্বশেষ অফিস করেন। রোববার থেকে তাঁর ঢাকায় ব্যবস্থাপকদের একটি প্রশিক্ষণে যোগ দেওয়ার কথা ছিল। এই হত্যাকাণ্ডে জালালাবাদ গ্যাস ভবনের কর্মকর্তা-কর্মচারীরা হতবাক ও উদ্বিগ্ন। উল্লেখ্য, গত ১০ জুন বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে দুর্বৃত্তদের হাতে খুন হন জালালাবাদ গ্যাসের সিবিএ সভাপতি আবু তাহের।যোগাযোগ করলে জালালাবাদ গ্যাসের মহাব্যবস্থাপক (হিসাব) মো. আমির হোসেন প্রথম আলোকে বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় আমরা আসলেই উদ্বেগের মধ্যে আছি। খুনের কারণ উদ্ঘাটন করে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করতে পুলিশের প্রতি অনুরোধ জানাই।’ঘটনাস্থল পরিদর্শন করে সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি) রওশনুজ্জামান সাংবাদিকদের জানান, ময়নাতদন্তের জন্য আনোয়ারার লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।