নারী-শিশুসহ একই পরিবারের সাতজনের মর্মান্তিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় জাপান গার্ডেন সিটিতে ভয়াবহ আগুনে একই পরিবারের সাতজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে গার্ডেন সিটির ১১তম তলার একটি ফ্ল্যাট থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। আগুনে নিহত ব্যক্তিরা হলেন তরিকুল ইসলাম, তাঁর স্ত্রী, দুই সন্তান ফাহিম ও আয়েশা, ভাই রফিকুল, তাঁর স্ত্রী ও গৃহকর্মী। তেজগাঁও জোনের উপকমিশনার (ডিসি) চৌধুরী মঞ্জুরুল কবির প্রথম আলোকে বলেন, ‘ফায়ার সার্ভিসের কর্মীরা লাশগুলো উদ্ধার করেছেন। আমরা ময়নাতদন্তের জন্য সাতটি লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।’ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল রাত সোয়া ১০টার দিকে প্রথম ওই ফ্ল্যাটে আগুন লাগে। এ সময় ধোঁয়া বের হতে থাকলে ভবনের প্রায় সবাই দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। মুহূর্তে আগুন ১১তম তলার কয়েকটি ফ্ল্যাটে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আগুনের লেলিহান শিখা ভবনটির ১৪তম তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। পুরো জাপান গার্ডেন সিটি এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। আগুনের তীব্রতা বেড়ে গেলে আশপাশের ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনেন।জাপান গার্ডেন সিটিসহ আশপাশের ভবনের বিদ্যুত্সংযোগ বন্ধ করে দিলে পুরো এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। রাতে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মো. শহীদুল্লাহ ঘটনাস্থলে থেকে আগুন নেভানোর কাজ তদারক করেন। রাতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ঘটনাস্থল পরিদর্শন করেন।ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে আনার পর তাদের একটি দল ভবনটির ওপরে যায়। ভবনটির ১৪তম তলায় গিয়ে তারা সিঁড়ির মধ্যে অগ্নিদগ্ধ সাতটি লাশ পড়ে থাকতে দেখে। তাদের ধারণা, আগুন লাগার পর এরা ভবনের ছাদে ওঠার চেষ্টা করেছিল। কিন্তু ছাদের ফটক বন্ধ থাকায় তারা বের হতে পারেনি। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, জাপান গার্ডেন সিটির প্রধান ফটকসহ সব কটি ফটক বন্ধ। সেখানে মানুষের প্রচণ্ড ভিড়। জাপান গার্ডেন সিটির বাসিন্দাদের উত্কণ্ঠিত স্বজনেরা রাস্তায় জড়ো হয়। তাদের অনেককে হাউমাউ করে কাঁদতে দেখা যায়। ভিড়ের কারণে জাপান গার্ডেন সিটির সামনের সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাহজালাল প্রথম আলোকে বলেন, বিশেষ মই-টার্ন টেডেল লেডারের (টিটিএল) সাহায্যে পানি ছিটিয়ে বহুতল ভবনটির আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে ঢুকে পুরোপুরি আগুন নেভানোর কাজ করছেন।আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট কিংবা গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। হতাহতের কোনো খবর কিংবা ভেতরে কেউ আটকে আছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।