নারী সাংবাদিকদের নিরাপত্তা দাবি
নারী সাংবাদিকদের নিরাপত্তার দাবি জানিয়েছে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র। সেই সঙ্গে পেশাগত দায়িত্ব পালনকালে গতকাল শনিবার একুশে টেলিভিশনের প্রতিবেদক নাদিয়া শারমিনের ওপর হামলার নিন্দা এবং হামলাকারীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।আজ রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে ওই দাবি জানানো হয়। বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক পারভীন সুলতানা ঝুমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকালে অনুষ্ঠিত মানববন্ধনে নারী সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার দাবি জানানো হয়। একই সঙ্গে যেসব সংগঠন নারী সাংবাদিকসহ সাংবাদিকদের ওপর হামলা চালাবে, তাদের সংবাদ বর্জন করার উদ্যোগ নেওয়ার জন্য বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতি আহ্বান জানানো হয় মানববন্ধনে।মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, বৈশাখী টেলিভিশনের সিইও মনজুরুল আহসান বুলবুল, পুলক ঘটক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজীব মীর, সাংবাদিক সেলিম সামাদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান, ডিআরইউর নারীবিষয়ক সম্পাদক আইনি নিয়াজী, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সহসভাপতি দিল মনোয়ার, সাধারণ সম্পাদক পারভীন সুলতানা, নাদিয়া শারমিনের বোন আইনজীবী সাদিয়া শারমিন প্রমুখ।নারী সাংবাদিক কেন্দ্রের মানববন্ধনে সংহতি জানিয়েছেন শাহবাগের গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকার। এ ছাড়া আরও সংহতি জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ব্লার্থ ও মানুষের জন্য ফাউন্ডেশন।