নারী সাংবাদিকেরা হামলা ও লাঞ্ছনার শিকার
‘হেফাজতে ইসলামের সমাবেশে নারী সাংবাদিক কেন’, ‘রাস্তা দিয়ে হাঁটার সময় মাথায় কাপড় নেই কেন’—এ ধরনের অজুহাতে গতকাল শনিবার নগরের বিভিন্ন গণমাধ্যমের চার থেকে পাঁচজন নারী সাংবাদিক মারধর, হামলা ও বিভিন্নভাবে লাঞ্ছনার শিকার হন।একুশে টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক নাদিয়া শারমিনকে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা বেধড়ক মারধর করলে হাসপাতালে যেতে হয়। কয়েকজন নারী সাংবাদিক নাম প্রকাশ করতে রাজি হননি।গতকাল নাদিয়া শারমিন হেফাজতে ইসলামের সমাবেশে দায়িত্ব পালন (অ্যাসাইনমেন্ট) করছিলেন। এ সময় সমাবেশে অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রশ্ন তুলে বলা হয়, পুরুষের সমাবেশে নারী সাংবাদিক কেন? এ নিয়ে নাদিয়ার সঙ্গে সমাবেশকারীদের মধ্যে বিতর্ক শুরু হয়। একপর্যায়ে সমাবেশের কয়েকজন নাদিয়াকে মারতে মারতে সমাবেশ থেকে বের করে দেন। পল্টন থেকে নাদিয়াকে মারতে মারতে দিগন্ত টেলিভিশনের কার্যালয়ের কাছ পর্যন্ত নিয়ে যান তাঁরা। এ সময় কয়েকজন সাংবাদিক এসে নাদিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।নাদিয়ার মুঠোফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। একুশে টেলিভিশনের বার্তা সম্পাদক হাসান জাকির প্রথম আলোকে বলেন, সমাবেশকারীদের হাতে থাকা পানির বোতলসহ যে যেভাবে পেরেছে, তা দিয়েই নাদিয়াকে মেরেছে। পুরো শরীরেই তিনি আঘাত পেয়েছেন। চিকিৎসকেরা বলেছেন, বর্তমানে নাদিয়া শঙ্কামুক্ত। তবে তাঁকে পুরোপুরি বিশ্রামে থাকতে হবে।বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিনিধি জাকিয়া আহমেদ গতকাল বেলা সাড়ে ১১টায় কর্ণফুলী গার্ডেন সিটির কাছে দায়িত্ব পালন করছিলেন। কর্ণফুলী গার্ডেন সিটির সামনের রাস্তার সড়ক বিভাজনের উল্টো পাশ দিয়ে মারকাজুল ফিক্রিল ইসলামী বাংলাদেশের ব্যানারে একটি মিছিল আসছিল। জাকিয়া মিছিলের ব্যানারের স্লোগানগুলো টুকে নিচ্ছিলেন সড়ক বিভাজনের পাশে দাঁড়িয়ে। এ সময় মিছিলের মাঝখান থেকে একজন তর্জনী তুলে রুদ্রমূর্তি ধারণ করে জাকিয়ার দিকে তাকিয়ে বলেন, ‘ওই মাইয়্যা, মাথায় কাপড় নাই ক্যান?’জাকিয়া প্রথম আলোকে বলেন, ‘আমি এ ধরনের বক্তব্য শোনার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। তাদের আচরণ এতটাই ভয়ঙ্কর ছিল যে রীতিমতো আমি ভয় পেয়েছি। সেই সময় কথা বলতে গেলে পরিস্থিতি আরও খারাপ হবে বলে আর কথা বলিনি।’ জাকিয়া জানান, এ সময় মিছিলের অন্যরা খুব মজা পাচ্ছিল। মেয়ে মানুষ, সাংবাদিক ইত্যাদি নিয়ে বাজে মন্তব্য করছিল অন্যরা।ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর নিজস্ব প্রতিবেদক আরাফাত আরা অফিসে যাওয়ার জন্য বিজয়নগর থেকে হেঁটে আসছিলেন। পল্টন মোড়ের কাছাকাছি গেলে প্যান্ট-শার্ট গায়ে দেওয়া একজন ‘কথা আছে’ বলে তাঁর পথ রোধ করেন। পরে টুপি পরা আরও তিন-চারজন আসেন। তাঁরা কোথায় যাচ্ছেন তা জানতে চান। আরাফাত জানান, তিনি অফিসে যাচ্ছেন। এ সময় একজন আরাফাতকে মাথায় কাপড় দিয়ে তারপর যেতে বলেন। আরাফাত আরা প্রথম আলোকে বলেন, ‘আমি তাঁদের বলি, দেশটা তো আমার। আমি কীভাবে চলব, তা কি আপনারা বলে দেবেন?’ আরাফাত বলেন, তখন সেই লোকগুলো বলেন, ‘দেশের পরিস্থিতি খারাপ। আমার নিরাপত্তার জন্যই নাকি তাঁরা এ পরামর্শ দিয়েছেন।’মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরিন শারমীন চৌধুরী দেশের বাইরে থাকার কারণে কথা বলা সম্ভব হয়নি। এ মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম প্রথম আলোকে বলেন, এখনো ঘটনার বিস্তারিত জানা সম্ভব হয়নি। এ ছাড়া প্রতিমন্ত্রীও দেশে নেই। প্রতিমন্ত্রী দেশে ফিরলে ঘটনার বিস্তারিত জেনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।নারী আন্দোলনকর্মী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী প্রথম আলোকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি এ ধরনের ঘটনায় রীতিমতো বিক্ষুব্ধ। এ ধরনের আচরণ মেনে নেওয়া যায় না। প্রতিটি সচেতন নাগরিকের উচিত এ ধরনের ঘটনার প্রতিবাদ করা।’সাংস্কৃতিক কর্মী রোকেয়া প্রাচী প্রথম আলোকে জানিয়েছেন, নারী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে আজ রোববার বিকেল তিনটায় জাতীয় প্রেসক্লাবের সামনে নারী সমাজ মানববন্ধনের আয়োজন করেছে। এই ঘটনার প্রতিবাদে গতকাল মাহফুজা খানম, জোবায়দা নাসরীন, আফরোজা বানু, রোকেয়া প্রাচী, শিপ্রা বোস প্রমুখ বিবৃতিতে নিন্দা জানিয়েছেন।অন্যান্য সাংবাদিক নির্যাতন: হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশে দায়িত্ব পালনের সময় বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক ও ক্যামেরাম্যানদের পিটিয়ে আহত করার আরও খবর পাওয়া গেছে। এর মধ্যে তিনটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের দুজন সাংবাদিক ও তিনজন ক্যামেরাম্যান আছেন।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বেলা আড়াইটার পর পল্টন মোড়ে হেফাজতে ইসলামের সমাবেশে আগত কর্মীরা বেসরকারি এসএ টিভির প্রতিবেদক মহসিন কবীর ও ক্যামেরাম্যান খোরশেদ আলমকে পিটিয়ে গুরুতর আহত করেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।বিকেলে নটর ডেম কলেজের পাশে এটিএন নিউজের ক্যামেরাম্যান সোহেল রানার ওপর অতর্কিত হামলা চালান হেফাজতের কর্মীরা। হামলার সময় তাঁদের কয়েকজনের হাতে লাঠিসোঁটা ছিল। হামলায় সোহেল রানা মাথায় ও পায়ে আঘাত পান। পুলিশ সোহেলকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করেছে।এ ছাড়া ইত্তেফাক-এর আলোকচিত্রী সুজন হেফাজতের কর্মীদের হামলায় আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।