নারী সাংসদদের মধ্যে হাতাহাতির উপক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সাংসদ রেহানা আক্তারের বক্তব্যকে কেন্দ্র করে আজ রোববার সংসদ অধিবেশন চলাকালে আওয়ামী লীগ ও বিএনপির কয়েকজন নারী সাংসদের মধ্যে বাক-বিতণ্ডার একপর্যায়ে হাতাহাতির উপক্রম হয়। এ সময় উভয় দলের চিফ হুইপ ও সাংসদেরা গিয়ে তাঁদের নিবৃত্ত করেন।রাষ্ট্রপতির বক্তব্যের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় রেহানা আক্তার বলেন, বিএনপি জামায়াতে ইসলামীর নির্দেশে চলে না। বিএনপি চলে খালেদা জিয়ার নেতৃত্বে। তিনি বলেন, ‘আওয়ামী লীগই একসময় জামায়াতকে সঙ্গে নিয়ে রাজনীতি করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জামায়াতের সাবেক আমির গোলাম আযমের পা ছুঁয়ে সালাম করেছেন। তাঁর এই বক্তব্যের পর সংসদে সরকারদলীয় সাংসদেরা হইচই শুরু করেন।’রেহানা আক্তারের পেছনের সারিতে বসা সরকারদলীয় সাংসদ ফজিলাতুন্নেসা আঙুল উঁচিয়ে রেহানা আক্তারকে চুপ করতে বলেন। তিনি বলেন, ‘চুপ কর চুপ কর।’ এ সময় রেহানা আক্তারের পাশের বসা বিএনপির দুই নারী সাংসদ শাম্মী আক্তার ও সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া আওয়ামী লীগ সাংসদ ফজিলাতুন্নেসার দিকে তেড়ে যান। এ সময় এই সাংসদেরা বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। তাঁরা সিট ছেড়ে দাঁড়িয়ে যান—উপক্রম হয় হাতাহাতির।পরিস্থিতি সামলাতে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, শহীদউদ্দিন চৌধুরী সিট থেকে উঠে এসে তাঁদের নিবৃত্ত করেন। এ সময় সরকারি দলের চিফ হুইপ আবদুস শহীদসহ আওয়ামী লীগের কয়েকজন সাংসদ সেখানে যান। তাঁরা দলীয় নারী সাংসদদের সামলান।