নারীকে অপবাদ থেকে রক্ষার জন্যই নারীনীতি: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, নারীকে অপবাদ থেকে রক্ষার জন্যই সরকার নারীনীতি প্রণয়ন করছে। কিন্তু এ নিয়ে কোনো কোনো মহল অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে চাঁদপুর জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত ‘সুষ্ঠু ও সুন্দর সমাজ গঠনে ইসলাম ও ধর্মীয় নেতৃবৃন্দের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন যৌথভাবে এ সভার আয়োজন করে।নারীনীতি প্রসঙ্গে দীপু মনি বলেন, বিয়ের পর স্বামী মারা গেলে অনেক মেয়েকে শ্বশুরবাড়ির অপবাদ সইতে হয়। কোনো কোনো ক্ষেত্রে স্বামীর মৃত্যুর জন্য ওই নারীকে শ্বশুরবাড়ির পক্ষ থেকে দায়ীও করা হয়। এসব অপবাদ থেকে নারীকে রক্ষা করতে সরকার ইসলাম ও শরিয়াহ মোতাবেক নারীনীতি প্রণয়ন করেছে। পররাষ্ট্রমন্ত্রী ইমামদের উদ্দেশে বলেন, ‘আপনারা ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃত্বে রয়েছেন। যারা ধর্মকে ব্যবহার করে সরকার সম্পর্কে নানা অপপ্রচার চালাচ্ছে তাদের সম্পর্কে জনগণকে অবহিত করুন।’জেলা প্রশাসক প্রিয়তোষ সাহার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মতিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আমির জাফর প্রমুখ।