নারীকে অর্থনৈতিক উন্নয়নের এজেন্ট হিসেবে গুরুত্ব দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ দফার ঢাকা ঘোষণার মধ্য দিয়ে শেষ হয়েছে দশম কমনওয়েলথ নারীবিষয়ক মন্ত্রীদের তিন দিনব্যাপী সম্মেলন। এতে সার্বিকভাবে নারীর ক্ষমতায়নের বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়েছে। এ ঘোষণায় নারী উদ্যোক্তাদের আর্থিক খাতে প্রবেশাধিকারের জন্য নারীবান্ধব নীতি তৈরি করতে হবে বলেও সবাই একমত হয়েছেন।আজ বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা ঘোষণা প্রকাশ করা হয়েছে। কমনওয়েলথ সচিবালয় এবং বাংলাদেশের তথ্য অধিদপ্তর এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।সংবাদ সম্মেলনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ঢাকা ঘোষণার গুরুত্বপূর্ণ ধারাগুলো বর্ণনা করেন। ঢাকা ঘোষণায় কমনওয়েলথ চার্টার, বেইজিং ঘোষণাসহ বিভিন্ন আন্তর্জাতিক দলিলে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়ে যেসব সিদ্ধান্ত আছে, তার বাস্তবায়ন এবং নারীকে অর্থনৈতিক উন্নয়নের এজেন্ট হিসেবে গুরুত্ব দেওয়ার জন্যও প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে।গত সোমবার ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলনের উদ্বোধন করেন। এর আগে ১৫ ও ১৬ জুন ‘উইমেন্স লিডারশিপ ফর এন্টারপ্রাইজ’ সম্মেলনের এই প্রতিপাদ্যকে সামনে রেখে সম্মেলনে অংশ নেওয়া কমনওয়েলথভুক্ত ৩০টি দেশের সরকারি, বেসরকারি প্রতিনিধিরা বিভিন্ন সভায় মিলিত হন এবং সম্মেলনে বিভিন্ন সুপারিশ জমা দেন।সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী মেহের আফরোজ বলেন, জাতিসংঘের সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আর মাত্র দুই বছর সময় হাতে আছে। ২০১৫-পরবর্তী সময়ে নারীর প্রতি সহিংসতা ও নারীর সার্বিক ক্ষমতায়নকে নতুন বৈশ্বিক উন্নয়ন এজেন্ডা হিসেবে অন্তর্ভুক্ত করতে আন্তর্জাতিক ফোরামে অ্যাডভোকেসি করার জন্যও সম্মেলনের সবাই একমত হয়েছেন।প্রতিমন্ত্রী বলেন, সম্মেলনে অংশ নেওয়া অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডাসহ কিছু উন্নত দেশ ছাড়া কমনওয়েলথভুক্ত অন্য উন্নয়নশীল দেশগুলোতে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো মোটামুটি একই রকম। জেন্ডার বৈষম্য, শিক্ষা ও অর্থের স্বল্পতা দূর করার পাশাপাশি নারীকে অবমূল্যায়নের যে চিত্র চলমান, তা পাল্টানোর জন্য মনমানসিকতার পরিবর্তন জরুরি।সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার স্ট্যাটাস অব উইমেনের মন্ত্রী জুলিয়ে কলিন্স, গায়েনার হিউম্যান সার্ভিসেস অ্যান্ড স্যোশাল সিকিউরিটিসের মন্ত্রী জেনিফার ওয়েবস্টার এবং মরিশাসের জেন্ডার ইক্যুয়ালিটি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ফ্যামেলি ওয়েলফেয়ার মন্ত্রণালয়ের মন্ত্রী মারিয়া ফ্রেন্সেসকা মিরেইলে বক্তব্য দেন। তাঁরা বাংলাদেশে এ সম্মেলনের আয়োজন এবং বাংলাদেশের আতিথেয়তার প্রশংসা করেন।মরিশাসের মন্ত্রী মারিয়া ফ্রেন্সেসকা মিরেইলে বলেন, বাংলাদেশ নারীর ক্ষমতায়নে একটি ইতিহাস সৃষ্টি করেছে। দশম কমনওয়েলথ নারীবিষয়ক মন্ত্রীদের সম্মেলনের পাশাপাশি ব্র্যাক এবং কমনওয়েলথ ফাউন্ডেশনের সহায়তায় কমনওয়েলথভুক্ত ১৭টি দেশের শতাধিক বেসরকারি প্রতিনিধির সমন্বয়ে পার্টনার ফোরামের সভা থেকে সম্মেলনে একটি সুপারিশমালা দেওয়া হয়।আজ ব্র্যাকের পরিচালক (জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি মাইগ্রেশন প্রোগ্রাম) শীপা হাফিজা টেলিফোনে প্রথম আলো ডটকমকে বলেন, পার্টনার ফোরামের পক্ষ থেকে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ, নারী নির্যাতন বিশেষ করে লৈঙ্গিক বৈষম্য কমানো, পাবলিক প্রাইভেট পার্টনারশিপসহ যে সুপারিশগুলো দেওয়া হয়েছিল ঢাকা ডিক্লারেশন বা ঘোষণায় তা ভালোভাবে প্রতিফলিত হয়েছে। এখন এগুলো বাস্তবায়নে সরকারকে নজর দিতে হবে।তবে পার্টনার ফোরাম প্রতিবন্ধী নারীর বিষয়টিকে আলাদাভাবে গুরুত্ব দেওয়ার সুপারিশ করেছিল, যা ঢাকা ঘোষণায় স্থান পায়নি বলে উল্লেখ করেন শীপা হাফিজা।তিন দিনব্যাপী সম্মেলনের দ্বিতীয় দিনে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ কমনওয়েলথভুক্ত নারী মন্ত্রীদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। এবার তিন দিনব্যাপী সম্মেলনে কমনওয়েলথের ৫৪টি দেশের মধ্যে ৩০টি দেশ অংশ নেয়। ১৭ জন মন্ত্রী এবং যেসব দেশে নারীবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নেই, সেসব দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা মিলে ৯০ জন সদস্য এতে অংশ নেন। ১৯৮৫ সাল থেকে প্রতি তিন বছর পরপর বিভিন্ন দেশে এ সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ২০১০ সালে বারবাডোসে নবম সম্মেলন অনুষ্ঠিত হয়।