নারীকে পুরুষের চেয়ে দ্বিগুণ কাজ করতে হয়
ভাইস প্রেসিডেন্ট, গরীবে নেওয়াজ এভিনিউ শাখা, উত্তরা প্রাইম ব্যাংক লিমিটেডসৈয়দা নাজমা পারভীন। প্রাইম ব্যাংক লিমিটেডের ঢাকার গরীবে নেওয়াজ এভিনিউ (উত্তরা) শাখার ভাইস প্রেসিডেন্ট। এই শাখার ব্যবস্থাপকও তিনি। এ মানুষটি কখনো সরল, কখনো খুব কঠিন। যখন কোনো সহকর্মী বা গ্রাহকের বিপদের কথা শোনেন, তখন নিজেই এগিয়ে যান সাহায্য করার জন্য। আবার কারও কাজের প্রতি অবহেলা কিংবা অসততার পরিচয় পেলে কঠোর ব্যবস্থা নেন।দলগতভাবে কাজ করতে বিশ্বাসী তিনি। সবাই সব কাজে পারদর্শী হন না। যাঁর যে কাজে দক্ষতা আছে, তাঁকে সেটি করতে দিলে সব মিলে ভালো ফল আসে। সহকর্মীদের আরও ভালো কাজ করতে আগ্রহী করে তুলতে নানা রকম পুরস্কারের ব্যবস্থা করেন। ব্যাংকের সঙ্গে যেহেতু অর্থের বিষয়টি জড়িত, তাই কোনো সহকর্মী যাতে লোভে পড়ে বিপথে না যান, সে বিষয়েও সব সময় সতর্ক থাকেন। তবে ভালো কাজ করলে প্রশংসা করেন। এতে সহকর্মীরা উদ্যমী হন। যেকোনো উৎসবে, বিশেষ দিনে ছোট করে আনন্দ-আয়োজন করেন, যাতে সবাই পরিবারের মতো মনে করেন প্রতিষ্ঠানকে। আত্মিক বন্ধন তৈরি হলে কাজের প্রতি একাগ্র হলেই ব্যক্তি ও প্রতিষ্ঠান দুটোরই সাফল্য আসবে। তিনি মনে করেন, অফিসের প্রধান যদি নীতিবান ও সৎ হন, তাহলে অন্যরা নীতিহীন হতে ভয় পান।সৈয়দা নাজমা পারভীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর পাস করে সহকারী কর্মকর্তা হিসেবে আরব-বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। শুরু হলো কর্মজীবন। এরপর আরও দুটি ব্যাংকে কাজ করেন। বর্তমানে আছেন প্রাইম ব্যাংকে।আমাদের দেশের সামাজিক প্রেক্ষাপটে একজন নারীকে পুরুষের চেয়ে দ্বিগুণ কাজ করে এগিয়ে যেতে হয়। অনেক সময় কর্মক্ষেত্রের সবাই নারী কর্মীর ওপর ভরসা রাখতে পারেন না। একমাত্র কাজ দিয়ে নারী কর্মী সবার আস্থা অর্জন করতে পারেন। মনে করতে হবে তিনি মানুষ। সবই পারবেন তিনি। নাজমা পারভীন নিজের ক্ষেত্রে সব সময় সামনে একটি লক্ষ্য ঠিক করেন। সেই লক্ষ্য অনুযায়ী এগিয়ে যান। ব্যক্তিগত জীবনের এই অভ্যাস কাজেও ব্যবহার করেন। ব্যাংক মুনাফা অর্জনের যে লক্ষ্য তাঁকে দেন, তিনি মনে মনে সেটির দ্বিগুণ করেন। তাতে বেশি কাজ করা হয়। এই ব্যবস্থাপক পারিবারিক জীবনেও সমান গুরুত্বের সঙ্গে ব্যবস্থাপনা করেন। ‘যখন যে কাজ করব, সেটি যদি মনোযোগ দিয়ে করি, তাহলে সংসার ও অফিস দুটোই সামলানো সম্ভব। কাজকে নিজের মতো করে ভাগ করে নিতে হবে। তবে পরিবারের সমর্থন ছাড়া সেটি সম্ভব নয়। আমার দুই ছেলেমেয়েকে স্বাবলম্বী হিসেবে তৈরি করেছি। তাঁরা আমার কাজকে ভীষণ শ্রদ্ধা করে।’ ব্যবস্থাপনার কৌশল জানলে বাড়ি ও অফিস দুটোই সমানভাবে সামলানো সম্ভব।