নারীকে স্পিকার করে ইতিহাস সৃষ্টি করলাম: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘একজন নারীকে স্পিকার নির্বাচিত করে আমরা ইতিহাস সৃষ্টি করলাম। যে কারণে আজকের দিনটি ঐতিহাসিক।’ আজ মঙ্গলবার সংসদে ১৭তম অধিবেশনের সমাপনী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। শিরীন শারমিন চৌধুরীকে স্পিকার নির্বাচিত করায় সাংসদদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ভারত, পাকিস্তানসহ আশপাশের দেশে নারী স্পিকার আছে। আমি ভাবলাম, আমরা কেন পিছিয়ে থাকব। তা ছাড়া এখন তো নারীর ক্ষমতায়নের যুগ। সে জন্য আমরা একজন নারীকে স্পিকার হিসেবে নির্বাচিত করলাম।’চার জাতীয় নেতা হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, ‘এই রায়ের মাধ্যমে আজ আমরা আরও একটি কলঙ্ক থেকে মুক্তি পেয়েছি। অচিরেই এই রায় কার্যকর হবে।’ সাভারের রানা প্লাজার দুর্ঘটনা সম্পর্কে সংসদ নেতা বলেন, মোট দুই হাজার ৪৪৪ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে মৃত ৪০৮ জন। তিনি বলেন, ২৩ এপ্রিল ভবনে ফাটল দেখা দিলে বুয়েটের বিশেষজ্ঞ এসে পরীক্ষা না করা পর্যন্ত ভবনে কাউকে ঢোকার ব্যাপারে নিষেধ করা হয়েছিল। এ বিষয়ে শিল্প পুলিশকে নির্দেশনা দেওয়া ছিল। কিন্তু পরের দিন মালিকরা শিল্প পুলিশের বাধা মানেননি। তাঁরা জোর করে শ্রমিকদের কারাখানায় ঢুকিয়েছেন। বিদ্যুত্ চলে যাওয়ার পর তাঁরা জেনারেটরও চালু করেন। এতে করে কম্পনের সৃষ্টি হলে ভবনটি ধসে পড়ে।দুর্ঘটনায় উদ্ধার তত্পরতা চালানোর জন্য সেনাবাহিনী, পুলিশ, র্যাব, রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, চিকিত্সক ও সাধারণ জনগণের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এতে প্রমাণিত হয়েছে বাঙালিরা মাথা ঠান্ডা করে কাজ করতে পারে। মানুষের জন্য বাঙালি জীবন দিতে পারে। মানুষের জন্য মানুষ, মানবতার জন্য মানবতা। এটা ইতিহাস হয়ে থাকবে।’বিদ্যমান পরিস্থিতিতে শ্রমিকদের মাথা ঠান্ডা রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করছে। গাড়ি, কলকারখানায় ভাঙচুর চালাচ্ছে, আগুন দিচ্ছে। বিপদে পাশে না দাঁড়িয়ে ধ্বংসাত্মক কাজ চালাচ্ছে, এ কেমন ক্ষোভ? কারা কারখানা পোড়াচ্ছে? আমার তো মনে হয় না, এরা সবাই শ্রমিক।’ তিনি বলেন, ‘এরা সবাই শ্রমিক কি না, তা ভিডিও দেখে শনাক্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।’ শেখ হাসিনা বলেন, ‘কারখানায় ভাঙচুর করলে লাভ কার? এভাবে চলতে থাকলে মালিকেরা কেন ঝুঁকি নিয়ে কারখানা চালাবে। শ্রমিকদের মনে রাখতে হবে, এভাবে কারাখানা ধ্বংস করা আত্মঘাতী। কারখানাগুলো সচল রাখতে হবে। তা না হলে শ্রমিকদের চাকরি হারাতে হবে, গ্রামে ফিরে যেতে হবে এবং তাদের না খেয়ে থাকতে হবে।’ প্রধানমন্ত্রী বলেন, দায়ীদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। এত কম সময়ে অতীতে এমনটা কখনো হয়নি। দোষীদের অবশ্যই শাস্তি পেতে হবে। তিনি আরও বলেন, ‘২০০৫ সালে স্পেকট্রাম পোশাক কারাখানা ধসে পড়ার পর ঠিকমতো উদ্ধার অভিযান চালানো হয়নি। কতজন মারা গিয়েছিল, তার হিসাবও দেয়নি।’ তিনি জানান, যাঁরা আহত হয়েছেন, তাঁদের তালিকা করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সাহায্য করা হবে, পুনর্বাসন করা হবে। সমাপনী বক্তব্যে জাতীয় সংসদে ডেপুটি স্পিকার শওকত আলী সংসদের ভেতরে ও বাইরে সবাইকে উত্তেজনা পরিহার করার আহ্বান জানান। তিনি বলেন, ‘উত্তেজিত মানুষের মুখ খোলা থাকে। কান বন্ধ থাকে। প্রতিপক্ষের কথা শুনতে পায় না। সুতরাং উত্তেজনা বর্জন করুন।’ এ ছাড়া তিনি বিরোধী দলকে সংসদে এসে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।