আন্তর্জাতিক নারী দিবস ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এ বছর দিবসটি ঘোষণার শতবর্ষ পালিত হতে যাচ্ছে। এ উপলক্ষে সময় থেকে এগিয়ে থাকা কয়েকজন পথিকৃত্ নারীর লেখার অংশবিশেষ প্রকাশিত হবে ‘সংগ্রামের ১০০ বছর’ আয়োজনে। আজ থাকছে বঙ্গীয় নারী-শিক্ষা সমিতির সভানেত্রী হিসেবে বেগম রোকেয়ার দেওয়া অভিভাষণ
নারীজাতির জন্য কাঁদিবার একটি লোকও এ ভূ-ভারতে নাই
মাননীয় উপস্থিত ভগিনীবৃন্দ!আপনারা আমার ন্যায় তুচ্ছ নগণ্য ব্যক্তিকে সভানেত্রী পদে বরণ করিয়া আমার প্রতি সম্মান প্রদর্শন করিয়াছেন, তজ্জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করিতেছি। কিন্তু আমি অবশ্যই বলিব যে, আপনাদের নির্বাচন ঠিক হয় নাই। কারণ আমি আজীবন কঠোর সামাজিক ‘পর্দার’ অত্যাচারে লোহার সিন্দুকে বন্ধ আছি—ভালোরূপে সমাজে মিশিতে পাই নাই—এমনকি সভানেত্রীকে হাসিতে হয়, না কাঁদিতে হয়, তাহাও আমি জানি না। সুতরাং আমার ভাষায় কথায় অনেক ভুল-ভ্রান্তি থাকিবে তজ্জন্য আপনারা প্রস্তুত থাকুন। শ্রদ্ধাস্পদা ভগিনী লিন্ডসে আমাকে মুসলমান বালিকাদের শিক্ষা সম্বন্ধীয় অভাব অভিযোগের কথা বলিতে অনুরোধ করিয়াছেন। সমবেত সুশিক্ষিতা গ্রাজুয়েট মহিলাদের সম্মুখে এ সম্বন্ধে কিছু বলিতে পারি, এমন যোগ্যতা আমার নাই। তবে ২০/২১ বত্সর হইতে সাহিত্য ও সমাজসেবা করিয়া, বিশেষত, ১৬ বত্সর যাবত্ সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল পরিচালনা করিয়া যতটুকু অভিজ্ঞতা অর্জন করিয়াছি, তাহাই আপনাদের সম্মুখে উপস্থিত করিতে সাহস করিতেছি। স্ত্রীশিক্ষার কথা বলিতে গেলেই আমাদের সামাজিক অবস্থার আলোচনা অনিবার্য হইয়া পড়ে। আর সামাজিক অবস্থায় কথা বলিতে গেলে, নারীর প্রতি মুসলমান ভ্রাতৃবৃন্দের অবহেলা, ঔদাস্য এবং অনুদার ব্যবহারের প্রতি কটাক্ষপাত অনিবার্য হয়। প্রবাদ আছে, ‘বলিতে আপন দুঃখ পরনিন্দা হয়।’এখন প্রশ্ন এই যে, মুসলমান বালিকাদের সুশিক্ষার উপায় কী? উপায় তো আল্লাহর কৃপায় অনেকই আছে, কিন্তু অভাগিনীগণ তাহার ফলভোগ করিতে পায় কই? আপনারা হয়তো শুনিয়া আশ্চর্য হইবেন যে, আমি আজ ২২ বত্সর হইতে ভারতের সর্বাপেক্ষা নিকৃষ্ট জীবের জন্য রোদন করিতেছি। ভারতবর্ষে সর্বাপেক্ষা নিকৃষ্ট জীব কাহারা, জানেন? সে জীব ভারত-নারী! এই জীবগুলির জন্য কখনো কাহারও প্রাণ কাঁদে নাই। পশুর জন্য চিন্তা করিবারও লোক আছে, তাই যত্রতত্র ‘পশুক্লেশ-নিবারণী সমিতি’ দেখিতে পাই। পথে কুকুরটা মোটর চাপা পড়িলে তাহার জন্য এংলো-ইন্ডিয়ান পত্রিকাগুলিতে ক্রন্দনের রোল দেখিতে পাই। কিন্তু আমাদের ন্যায় অবরোধ-বন্দিনী নারীজাতির জন্য কাঁদিবার একটি লোকও এ ভূ-ভারতে নাই।... ...আলীগড়ের প্রসিদ্ধ উচ্চ বালিকা বিদ্যালয়ের সেক্রেটারি শেখ মহম্মদ আবদুল্লাহ সাহেব এক সময় তাঁহার কোন বক্তৃতায় বলিয়াছেন, ‘এ দেশে বালক ও বালিকার শিক্ষায় পার্থক্য রাখার ফলে আমাদের অবস্থা এরূপ শোচনীয় হইয়া পড়িয়াছে যে আমাদের দুঃখে শেয়াল-কুকুর কাঁদে! বালিকাদের শিক্ষা না দেওয়া আমাদের পক্ষে গৌরবের বিষয় নহে, বরং ইহা আমাদের দুরপনেয় কলঙ্ক।’ অর্থাত্ ২০ বত্সর পূর্বে আমি হেন নগণ্য যাহা ১ম খণ্ড মতিচূর-এ বলিয়াছি, সেই কথা এখন শেখ সাহেবের ন্যায় জ্ঞানবৃদ্ধ লোকের মুখেও শুনিতেছি।......ভারতবর্ষে এক কোটি লোক ভিক্ষাজীবী, তন্মধ্যে মুসলমানের সংখ্যাই অধিক। সুতরাং তাহারা কোন মুখে অন্য জাতির সহিত সমকক্ষতা করিবে? আমরা আবার কৌলীন্যের বড়াই করি। ভিক্ষাবৃত্তি সর্বাপেক্ষা নীচ কার্য, আর মুসলমানের সংখ্যাই ইহাতে অগ্রণী। ইহার কারণ এই যে, তাঁহারা স্ত্রীলোকদিগকে শারীরিক ও মানসিক বিকাশ সাধনে বঞ্চিত রাখিয়া সর্ববিষয়ে পঙ্গু করিয়া রাখিয়াছে। ফলে তাঁহাদের গর্ভজাত সন্তান অলস ও শ্রমকাতর হয়। সুতরাং ‘বাপ দাদার নাম’ লইয়া ভিক্ষা ছাড়া তাঁহারা আর কী কাজ করিবে? যে পর্যন্ত পুরুষগণ শাস্ত্রীয় বিধান অনুসারে স্ত্রীলোকদিগকে তাঁহাদের প্রাপ্য অধিকার দিতে স্বীকৃত না হয়, সে পর্যন্ত তাঁহারা স্ত্রীলোকদিগকে শিক্ষাও দিবে না। যাহারা নিজের সমাজকে উদ্ধার করিতে পারিতেছে না, তাহারা আর দেশোদ্ধার কিরূপে করিবে? অর্ধাঙ্গীকে বন্দিনী রাখিয়া নিজে স্বাধীনতা চাহে, এরূপ আকাঙ্ক্ষা পাগলেরই শোভা পায়। ...আমাদের অমুসলমান প্রতিবেশীগণ যেরূপ মুসলমানদের দাবি-দাওয়া সহ্য করিতে পারেন না, সেইরূপ মুসলমান পুরুষগণও নারীজাতির কোনো প্রকার উন্নতির অভিলাষ স্বীকার করিতে চাহেন না। কিন্তু আল্লাহর কুদরত বা প্রকৃতির নিয়ম অতি চমত্কার! তিনি এ বিশ্ব-জগেক এক অচ্ছেদ্য বন্ধনে বাঁধিয়া রাখিয়াছেন—আমরা পরস্পরের সহিত এরূপভাবে জড়িত আছি যে, একে অপরকে অতিক্রম করিয়া চলিতে পারি না। মুসলিম ভ্রাতৃগণ যত দিন আমাদের দুঃখ-সুখের প্রতি মনোযোগ না করিবেন, তত দিন তাহাদের কথাও ভারতের অপর ২২ কোটি লোকে শুনিবে না; আর যত দিন ঐ ২২ কোটি লোকে ৮ কোটি মুসলমানকে উপেক্ষা করিবে তত দিন পর্যন্ত তাঁহাদের রোদনও ব্রিটিশ গভর্নমেন্টের কর্ণকুহরে প্রবেশ করিবে না। ...পাঁচ-ছয় বত্সর হইল, ডাক্তার মিস কোহেন বালিকা বিদ্যালয়সমূহের ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার ভারপ্রাপ্ত হইয়াছিলেন। আমাদের স্কুলের কতিপয় বালিকার স্বাস্থ্যের রিপোর্ট যখন তাহাদের মাতার নিকট এই অনুরোধসহ গেল যে, আপনারা অনুগ্রহপূর্বক শীঘ্র ডাক্তার দ্বারা চিকিত্সা করুন, তাহাতে তাঁহারা চটিয়া এই উত্তর দিলেন—স্কুলমে লাড়কী পড়নে কো দিয়া হায়, না বিচার করনে কো, কে, আঁখ কমজোর, দাঁত কম-জোর, হলক মে ঘাও হায়, ফেঁফ্ড়া খারাব হ্যায়! ইয়ে সব বোলনে সে হামারী লাড়কী কা শাদী ক্যায়সে হোগা? ইয়ে সব বাত্ রহনে দেঁ, হামারী লাড়কী কো ডাক্তারনীসে না দেখায়ে। ইয়া আল্লাহ! মেয়ের প্রাণ লইয়া টানাটানি, অথচ শাদির চিন্তায় মায়ের চোখে ঘুম ধরে নাই! ফল কথা, অশিক্ষিতা মাতার নিকট ইহাপেক্ষা আর কী আশা করা যাইতে পারে? [সংক্ষেপিত। বাংলা একাডেমী থেকে প্রকাশিত আবদুল কাদির সম্পাদিত রোকেয়া-রচনাবলী থেকে নেওয়া]