চট্টগ্রামে নারী মহাসমাবেশে বক্তারা বলেছেন, নারীদের ঘরে বন্দী করে রাখা যাবে না। যখন কাবা শরিফের গিলাফ বিকৃত করে পত্রিকায় ছাপা হয়, তখন হেফাজতের শফী হুজুর কোনো কথা বলেন না। জামায়াত কিংবা যুদ্ধাপরাধীদের বিরুদ্ধেও তাঁর কোনো কথা নেই। আসলে তাঁরা ইসলাম নয়, জামায়াত ও যুদ্ধাপরাধীদের রক্ষার জন্যই মাঠে নেমেছেন।সমাবেশ থেকে হেফাজতে ইসলামকে দেশের দুর্যোগের সময় অবরোধ প্রত্যাহারের আহ্বানও জানানো হয়। পাশাপাশি নারীনীতি বাস্তবায়নে নারীদের সংগ্রাম অব্যাহত রাখার অঙ্গীকার করা হয়।গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরের গণজাগরণ মঞ্চের স্থানে সম্মিলিত নারী সমাজ চট্টগ্রামের ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নগরের বিভিন্ন স্থান থেকে নারী শ্রমিক, শিক্ষার্থী, গৃহবধূ, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী-পেশার নারীরা যোগ দেন। জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশ। এরপর বিভিন্ন ধর্মীয় গ্রন্থ থেকে পবিত্র বাণী পাঠ করা হয়। এ ছাড়া সাভারে নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শহীদজায়া মুশতারী শফী বলেন, ‘এই দেশ হেফাজতের না, এই দেশ জামায়াতের না। এই দেশ সবার। সবাই মিলে সব অন্যায় আবদারকারীদের প্রতিরোধ করব। নারীদের ঘরে বন্দী করে রাখা যাবে না।’বিশেষ অতিথি কর্মজীবী নারীর সভাপতি শিরীন আখতার বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের রায় যখন হচ্ছে, তখন হঠাৎ করে হেফাজতে ইসলাম মাঠে নেমে আসে। তারা ইসলাম নয়, জামায়াত ও যুদ্ধাপরাধীদের রক্ষায় মাঠে নেমেছে।’ অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়ে শিরীন আখতার বলেন, ‘দেশে এখন দুর্যোগ চলছে। এই দুর্যোগের সময় বিরোধী দলও হরতাল প্রত্যাহার করেছে। আর নারীদের ঘরে বন্দী করে রাখার এই অবরোধ আপনারা প্রত্যাহার করুন। নারীনীতি, শিক্ষানীতির বিরুদ্ধে যত কর্মসূচিই দেন, তা সফল হবে না।’ গতকাল বক্তৃতার পাশাপাশি ছিল আবৃত্তি ও গণসংগীত। আর নারী কণ্ঠে ছিল আওয়াজ ‘জয় বাংলা’, ‘জামায়াত-শিবির নিষিদ্ধ কর’, ‘যুদ্ধাপরাধীদের বিচার চাই, করতে হবে’ ইত্যাদি। মঞ্চের পেছনে ছিল নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া ও পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী কিশোরী মালালার ছবি।সম্মিলিত নারী সমাজের সদস্যসচিব হাসিনা মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নূরজাহান খান, রেহেনা বেগম, জান্নাতুল ফেরদৌস, খালেদা আক্তার চৌধুরী, রেখা চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। ঘোষণাপত্র পাঠ করেন মহিলা পরিষদের সভাপতি লতিফা কবীর।