নারীদের জন্য পৃথক নগর! (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতিহাস গড়ে লন্ডন অলিম্পিকে এবারই প্রথমবারের মতো অংশ নিয়েছিলেন সৌদি আরবের নারী অ্যাথলেট। শুধু অলিম্পিকেই নয়, আধুনিক বিশ্বের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য নারীদের আরও অনেক ক্ষেত্রেই অন্তর্ভুক্ত করতে চায় মুসলিম এই রাষ্ট্রটি। কিন্তু নারীদের পুরুষের সঙ্গে একত্রে কাজ করার ব্যাপারটি সৌদি আরবের রক্ষণশীল শরিয়াহ আইন লঙ্ঘনের শামিল। তাই এ সমস্যার সমাধানে যুগান্তকারী এক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। কর্মজীবী নারীদের জন্য নতুন একটি শহরই বানাতে যাচ্ছে ইসলামিক এই রাষ্ট্রটি, যেখানে পুরুষদের প্রবেশ নিষেধ।

ধারণা করা হচ্ছে, আধুনিক বিশ্বের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল সৌদি ইন্ডাস্ট্রিয়াল প্রোপার্টি অথরিটি। আর সেই ডাকে সাড়া দিয়েই নতুন এই নারী নগর গড়ে তুলতে যাচ্ছে সৌদি সরকার। বর্তমানে শহরের নকশা প্রস্তুত করা হচ্ছে এবং এর নির্মাণকাজ শুরু হবে আগামী বছর থেকে। নতুন এই নগরের জন্য প্রায় ৮৪ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করা হবে বলে আশা করছে সৌদি কর্তৃপক্ষ। আর এখানে কর্মসংস্থান হবে প্রায় পাঁচ হাজার নারীর। এখানে পোশাক, ওষুধ ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে সবকিছুই পরিচালনা করবেন নারীরা। এতে যেসব নারী শুধু চার দেয়ালের মধ্যে বন্দী না থেকে স্বাধীনভাবে ক্যারিয়ার গড়তে চান, তাঁদের ইচ্ছাও পূরণ হবে, আবার দেশের কঠোর ইসলামি আইনেরও কোনো লঙ্ঘন হবে না বলে আশা করছেন এই নতুন নগরের পরিকল্পনাকারীরা। আর পুরো ব্যাপারটি জাতীয় অর্থনীতির ক্ষেত্রেও একটা ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশাবাদী সৌদি ইন্ডাস্ট্রিয়াল প্রোপার্টি অথরিটির ঊর্ধ্বতন কর্মকর্তা সালেহ আল-রশিদ। তিনি সম্প্রতি এক সাক্ষাত্কারে বলেছেন, ‘আমি নিশ্চিত যে নারীরা বিভিন্ন ক্ষেত্রে তাদের কর্মদক্ষতার প্রমাণ দিতে পারে। তারা নতুন কিছু শিল্প নির্ধারণ করতে পারে যেগুলো তাদের সামর্থ্য, প্রকৃতি ও আগ্রহের সঙ্গে খাপ খায়।’