নারীদের জন্যনারীদের অভিনয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ধ্যা পেরিয়ে ক্রমেই রাতের দিকে এগিয়ে যাচ্ছে একটি দিন। বঙ্গোপসাগর তখন রাগে-ক্ষোভে ফুঁসছে! তুমুল তর্জন-গর্জন করে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে বালিয়াড়িতে। ওদিকে সৈকতে ঠিক তেমনই রাগে-ক্ষোভে ফেটে পড়ছে পুরো রোমবাসী! তাঁদের কণ্ঠে প্রতিবাদ, আহাজারি। জুলিয়াস সিজার যে খুন হয়েছেন!কিন্তু বঙ্গোপসাগর উপকূলে রোম কেন? কারণ, ৩ ও ৪ ডিসেম্বর কক্সবাজার সৈকতে মঞ্চস্থ হলো উইলিয়াম শেক্সপিয়ারের লেখা জুলিয়াস সিজার নাটকটি। সিজার খুন হয়েছিলেন সেই কত শত বছর আগে (খ্রিষ্টপূর্ব ৪৪ সাল)! সেই দিন রোমের প্রকৃতি ছিল ঝঞ্ঝা-বিক্ষুব্ধ। স্বাভাবিকভাবেই কক্সবাজারের মারমেইড ক্যাফের নাট্যমঞ্চেও সে রকম পরিস্থিতিরই অবতারণা হয়েছিল। তবে সেখানকার প্রকৃতিতে কিছুটা হলেও রোমের সেই দিনটির আবহ ফুটে উঠেছিল কাকতালীয়ভাবে!বাংলাদেশের নতুন থিয়েটার কোম্পানি স্টেজ ওয়ান এবং ব্রিটিশ কাউন্সিলকে নিয়ে জুলিয়াস সিজার মঞ্চস্থ করেছে লন্ডনভিত্তিক থিয়েটার তারা আর্টস। আর দশটি মঞ্চনাটক থেকে তাদের এই প্রয়াস বেশ আলাদা ধাঁচের ছিল। আলাদা ছিল নাটকটির চারটি স্বাতন্ত্র্যের কারণে—১. এখানে যে ১০ জন অভিনয় করেছেন, তাঁরা প্রত্যেকেই নারী; ২. ১০ জনের মধ্যে পাঁচজন আবার ভিনদেশি; ৩. নাটকের সংলাপ ছিল বাংলা-ইংরেজি দুই ভাষায়; এবং ৪. নাটকটির টিকিট বিক্রীত পুরো টাকাই ব্যয় করা হবে ফ্রেন্ডস হ্যান্ড ব্রেস্ট ক্যানসার সাপোর্ট সোসাইটি ও বাংলাদেশের নারী মুক্তিযোদ্ধাদের জন্য।১৯৭৭ সাল থেকে তারা আর্টসের পথচলা। লন্ডনভিত্তিক এই প্রতিষ্ঠানটির মূলবাণী, ‘গ্লোবাল থিয়েটার ফর লোকাল অডিয়েন্স’। বিশ্বের বিভিন্ন দেশে নাটক মঞ্চায়নের মাধ্যমে সাংস্কৃতিক ভাব আদান-প্রদান তাদের উদ্দেশ্য। সেই ধারাবাহিকতায় এবার তারা আর্টসের স্টুডিও প্রোগ্রামার বাংলাদেশি মুকুল আহমেদের (নাটকটি পরিচালনাও করেছেন তিনি) নেতৃত্বে বাংলাদেশে এই আয়োজন। বাংলাদেশি অভিনেত্রীদের মধ্যে ছিলেন মিতা চৌধুরী, নায়লা আজাদ, ফারহানা মিঠু, শর্মি ইসলাম ও পূজা সেনগুপ্ত। ভিনদেশিদের মধ্যে ছিলেন গ্রেটা ক্লাফ, তারা জাফর, সিবিল বারনারডিন, তানিয়া হক ও ইমোজেন বাটলার।‘এই নাটকে যাঁরা অভিনয় করেছেন, তাঁরা সবাই নারী। এটা আমাদের দেশে নতুন হয়তো বা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা পুরুষের চরিত্রে অভিনয় করলেও আসলে আমরা নারীই ছিলাম। এই চরিত্রগুলোর মাধ্যমে আমরা নারীদের বিভিন্ন অনুভূতির বহিঃপ্রকাশ দেখাতে চেয়েছি। আর এই নাটকের মধ্য দিয়ে স্টেজ ওয়ানেরও পথচলা শুরু হলো। আশা করি, এবারের মতো সামনেও নাটকের মাধ্যমে সমাজ উন্নয়নে আমরা ভূমিকা রাখতে পারব।’ বলছিলেন অভিনেত্রী মিতা চৌধুরী।পরিচালক মুকুল আহমেদ বললেন তারা আর্টসের এই প্রয়াস নিয়ে, ‘জুলিয়াস সিজারের মূল গল্পে দুজন বাদে আর সবাই পুরুষ। কিন্তু আমি চেয়েছি সবগুলো চরিত্র নারীদের অবয়বে দেখাতে। আমাদের দেশে নারীর ক্ষমতায়ন নিয়ে অনেক কথা হয়। উল্লেখযোগ্য ব্যাপার, এখন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ স্থানে নারীরাই অধিষ্ঠিত। আর নাটকটি এই সময়ের জন্য খুব উপযুক্ত মনে হয়েছে। যেখানে স্বৈরাচারবিরোধী এবং গণতন্ত্রের পক্ষের আন্দোলনের মাধ্যমে মানুষের অন্ধকার দিকটি ফুটে ওঠে। নারী মুক্তিযোদ্ধাদের কথা আমরা খুব বেশি মনে রাখি না, তা ছাড়া স্তন ক্যানসারের জন্য সচেতনতাও জরুরি। তাই এ নাটক থেকে পাওয়া পুরো টাকাটাই আমরা এই ক্ষেত্র দুটিতে ব্যয় করব।’নায়লা আজাদ ও ফারহানা মিঠু বললেন মঞ্চনাটকের মাধ্যমে ভালো কিছু করার কথা। ভালো লাগার কথা বললেন, তাঁদের কাজের মাধ্যমে নারীদের পাশে দাঁড়াতে পেরেছেন বলে। মঞ্চনাটককে ঘিরে তাঁদের অনেক আশা। চারপাশের হাজারো সমস্যার মধ্যে মঞ্চ হাঁফ ছাড়ার জায়গা হতে পারে বলে তাঁরা বিশ্বাস করেন। মঞ্চে দাঁড়িয়ে মনের কথা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, সেটির প্রমাণ হিসেবে দাঁড় করালেন তাঁদের এই উদ্যোগটিকে।মজার ব্যাপার, মাত্র ১৩-১৪ দিনের অনুশীলনে ভিনদেশি অভিনেত্রীদের প্রায় সবাই টুকটাক বাংলা বলা শিখে নিয়েছেন! তাঁরাও তৃপ্ত নারী মুক্তিযোদ্ধাদের জন্য কাজ করতে পেরে। তাঁদেরই একজন ইমোজেন বাটলার বললেন তাঁর ভালো লাগার কথা: ‘এ রকম একটি কাজ করতে পারলে তো অবশ্যই ভালো লাগে। সামনে এমনটা আরও করতে চাই।’ শুধু অভিনয়ই নয়, সেট ডিজাইন ও লাইটিং ডিজাইনিংয়েও ছিলেন দুই ভিনদেশি নারী—ফ্লোরেন্স ম্যাকহাঘ ও সুংহি ইয়ু। বাংলাদেশ এবং বাংলাদেশিদের নিয়ে তাঁদের সবারই মন্তব্য, ‘এই দেশটি খুব সুন্দর, মানুষগুলোও। এখানে কাজ করার অনুভূতিও অসাধারণ!’ বাংলাদেশি অভিনেত্রীদের মধ্যে দুই কনিষ্ঠ সদস্য শর্মি ইসলাম এবং পূজা সেনগুপ্ত, তাঁদের দুজনের অনুভূতি প্রায় একই রকম। বিশেষ করে ভিনদেশিদের সঙ্গে কাজ করে, নতুন কিছু শেখার ব্যাপারটিকে জোর গুরুত্ব দিলেন। পাশাপাশি নারীদের জন্য কিছু করতে পেরে ভালো লাগার কথাও বললেন তাঁরা।কক্সবাজারে তো জুলিয়াস সিজার মঞ্চস্থ হলোই। একই নাটক ব্রিটিশ কাউন্সিলে মঞ্চস্থ হবে আজ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত। এরপর ১১-১২ ডিসেম্বর শিল্পকলা একাডেমী, ১৩-১৪ ডিসেম্বর ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা এবং ১৯-২০ ডিসেম্বর মঞ্চস্থ হবে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে। টিকিট-সংক্রান্ত যেকোনো প্রয়োজনে: ০১৮১৯৮৯৫৮৬২।