নারীদের প্রতি বৈষম্যমূলক সব আইন বাতিল করা হবে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৯৭ সালের জাতীয় নারী উন্নয়ন নীতিকে আরও সময়োপযোগী করে খুব শিগগিরই অনুমোদন দেওয়া হবে। এ ছাড়া নারীদের প্রতি আরও যেসব বৈষম্যমূলক আইন চালু আছে তা বাতিল করা হবে। আজ সোমবার সকাল ১০টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবসের শতবর্ষ পালনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রধানমন্ত্রী বলেন, সংবিধানে নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। ইসলাম ধর্মেও নারীর অধিকার দেওয়া হয়েছে। পৈতৃক সম্পত্তিতে এ ধরনের ভাগ দেওয়ার বিধান অন্য কোনো ধর্মে নেই বলে জানান শেখ হাসিনা। তিনি বলেন, সরকার জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে চায়। তবে ক্ষেত্রবিশেষে একটি ছেলেসন্তানের আশায় নারীকে আট-নয়টি মেয়েসন্তান জন্ম দিতে হচ্ছে। সম্পদে উত্তরাধিকার সূত্র থেকেই এ অবস্থার সৃষ্টি হচ্ছে। এ জন্য সম্পদে নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করা প্রয়োজন বলে জানান তিনি।কর্মজীবী নারীদের প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, অফিস থেকে ঘরে ফেরার পর স্ত্রীদেরই সব কাজ করতে হয়। তাঁদেরকে গৃহকর্মে সহযোগিতা করার জন্য পুরুষদের প্রতি প্রধানমন্ত্রী আহ্বান জানান। অফিস-আদালতে ডে কেয়ার সেন্টার প্রতিষ্ঠা করা হবে বলেও তিনি জানান। প্রধানমন্ত্রী নারী পাচার বন্ধ ও সব ধরনের নারী নির্যাতন বন্ধ করে নারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।বক্তব্য দেওয়ার পর প্রধানমন্ত্রী একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন একই মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি। স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রাজিয়া বেগম।