নারীদের প্রতি যেন সর্বোচ্চ শ্রদ্ধাশীল হই: কনা
অডিও, চলচ্চিত্র, বিজ্ঞাপনের জিঙ্গেল সব মাধ্যমেই এখন দারুণ ব্যস্ত কনা। গত বছর প্রকাশিত হয় তাঁর তৃতীয় একক অ্যালবাম ‘সিম্পলি কনা’। মাঝেমধ্যে অভিনয় করলেও কনার পুরো ধ্যান-জ্ঞান জুড়ে আছে গান। আর ক্যারিয়ার হিসেবে এখন সেটি তাঁর প্রথম ও প্রধান পছন্দের। কনা বলেন, গান করতাম একেবারে ছোটবেলা থেকে। তবে কখনো চিন্তা করিনি পেশা হিসেবে গানটাকে বেছে নিতে হবে। একটা সময় মনে হলো আমি তো গান ছাড়া আর কিছুই শিখিনি। ছোটবেলায় গানের জন্য বিভিন্ন ধরনের পুরস্কার আমাকে বেশ অনুপ্রেরণা দিত। উচ্চমাধ্যমিক শ্রেণীতে পড়ার সময়ে পেশাদারিভাবে আমি কাজ শুরু করি। প্রথম দিন সম্মানী পেয়েই আত্মবিশ্বাসটা বেড়ে গিয়েছিল অনেকখানি। সেই শুরু। নানা অদল-বদল হলেও ক্যারিয়ার হিসেবে গানের জগত্টাকে সবচেয়ে বেশি আপন করে নিয়েছেন কনা। ২০০৬ সালের শেষদিকে প্রকাশিত হয় কনার প্রথম একক ‘জ্যামিতিক ভালোবাসা’। গানগুলো আলোচিত হয় শ্রোতামহলে। মাঝে চলচ্চিত্র, অডিও, জিঙ্গেল ও নাটকের টাইটেল সব খানেই নিজেকে মেলে ধরতে থাকেন। কণ্ঠ মেলান বিভিন্ন মিক্সড অ্যালবামের গানেও। ২০০৮ সালে ফুয়াদের সুর ও সংগীতে স্বনামে বাজারে আসে কনার দ্বিতীয় একক অ্যালবাম। অ্যালবামের ‘বর্ষা’ ও ‘এক্ষুনি সময়’ গানগুলো ভালোভাবেই গ্রহণ করেন শ্রোতা। কনার ব্যস্ততা যেন আরও বাড়তে থাকে। প্রতিদিনই কোনো না কোনো সুরের সঙ্গে কণ্ঠ মেলাতে হয় তাঁকে। আর এভাবেই আস্তে আস্তে নিজেকে পুরোপুরিভাবে গানের সঙ্গে নিজেকে জড়িয়ে নেন তিনি।ভবিষ্যত্ পরিকল্পনা প্রসঙ্গে কনা বলেন, ‘সবকিছু ছাপিয়ে গানটাই ভালোভাবে শিখেছি। তাই গান নিয়েই আমার যত ভাবনা। নতুনদের গানের জগতে আসার ক্ষেত্রে কনার পরামর্শ হচ্ছে, নিজেকে পুরোপুরিভাবে তৈরি করেই আসা উচিত। মন-মানসিকতা দুটোই ঠিক করতে হবে। ধৈর্যশীল হতে হবে। অনেকে অবশ্য ধৈর্যহারা হয়ে পড়েন। তা হলে হয়তো সাময়িকভাবে খ্যাতি অর্জন করা সম্ভব হবে। কিন্তু সেটার স্থায়িত্ব বেশি দিন টিকবে না।’ মা-বাবা, বড় বোন ও একমাত্র ভাই, দুলাভাই ও ভাগনিকে নিয়েই কনার সংসার। এখন পর্যন্ত বিয়ে করেননি। এ বিষয়ে তিনি বলেন, ‘কপালে যে দিন লেখা আছে সেদিনই বিয়ে করে ফেলব। এর ওপর তো কারও হাত নেই। জানেন না, জন্ম, মৃত্যু, বিয়ে এগুলো আল্লাহর হাতে। তা ছাড়া আমি এখন পুরোপুরিভাবে কাজ নিয়ে ব্যস্ত।’নারী দিবস সম্পর্কে কনার মূল্যায়ন হচ্ছে, ‘এখন আসলে নারীদের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি ঘটেছে। সমাজের সব বড় বড় জায়গায় নারীদের উন্নয়ন চোখে পড়ার মতো। আমার কাছে মনে বছরের একটা দিনই শুধুমাত্র নারীদের মূল্যায়ন করা হবে তা কিন্তু ঠিক নয়। তবে এটা ঠিক যে এই একটা দিন থেকে শিক্ষা নিয়ে আমাদের সবাইকে নারীদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল ও সম্মান জানানো উচিত। কারণ এরা কেউ আমাদের মা, কেউবা আমাদের বোন, আবার কেউবা হলেন বউ। তাই নারী দিবসে আমাদের সবারই উচিত হবে নারীদের প্রাপ্য সম্মানটুকু বুঝিয়ে দেওয়ার।’