নারীদের মুঠোফোন ব্যবহারে নিষেধাজ্ঞা!
যে পঞ্চায়েত এলাকার প্রধান একজন নারী, ওই এলাকার নারীদেরই মুঠোফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হলো। তবে পঞ্চায়েত-প্রধানকে না জানিয়ে এ বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের লাগোয়া বিহার রাজ্যের কিষানগঞ্জ জেলার সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত টুপামারি গ্রামে ঘটনাটি ঘটে। গত রোববার বিকেলে ওই এলাকার মাতবরেরা গ্রামবাসীদের নিয়ে একটি বৈঠকে বসেন। সেখানেই এ-সম্পর্কিত কয়েকটি ফতোয়া জারি করা হয়। টুপামারি গ্রামটি যে পঞ্চায়েত এলাকায় অবস্থিত, তার পঞ্চায়েত-প্রধান সামিনা খাতুন বলেছেন, ‘টুপামারি গ্রামের এ সিদ্ধান্তের কথা আমাকে জানানো হয়নি। গ্রাম্য মাতবরদের সভার কথাও আমাকে জানানো হয়নি। এখন এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’টুপামারি গ্রামের মাতবরেরা এ সংক্রান্ত তিনটি ফতোয়া জারি করেছেন—এক. অবিবাহিত ও অল্প বয়সী নারীরা মুঠোফোন ব্যবহার করতে পারবে না। কেউ মুঠোফোন ব্যবহার করলে ১০ হাজার রুপি জরিমানা করা হবে। দুই. বাড়ির বিবাহিত নারীরা গ্রামের রাস্তাঘাটে মুঠোফোন ব্যবহার করতে পারবেন না। তাঁরা শুধু বাড়ির ভেতরে মুঠোফোন ব্যবহার করতে পারবেন। এ নিষেধাজ্ঞা না মানলে দুই হাজার রুপি জরিমানা করা হবে। তিন. গ্রামের পুকুর, কুয়া, টিউবওয়েল ও পানি সরবরাহের কলে প্রকাশ্যে মেয়েরা গোসল করতে পারবে না।এ তিন ফতোয়া ঠিকঠাকভাবে পালন করা হচ্ছে কি না, তা দেখভালের জন্য ১০ সদস্যের একটি তদারকি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির সভাপতি ও সম্পাদক হয়েছেন যথাক্রমে মনজুর আলম ও জাভেদ ইকবাল। এর আগে উত্তর প্রদেশ ও রাজস্থান রাজ্যের চারটি গ্রামেও এ ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।