নারীনীতি নিয়ে আন্দোলনই দেশের শেষ আন্দোলন: আমিনী
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী বলেছেন, নারীনীতিবিরোধী আন্দোলনই দেশের শেষ আন্দোলন। এ আন্দোলন বিফল হলে বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্যে পরিণত হবে। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাব চত্বরে ইসলামী ঐক্যজোট ঢাকা মহানগর আয়োজিত নারী উন্নয়ন নীতিমালা, শিক্ষানীতি ২০১০ এবং হাইকোর্টের ফতোয়াবিরোধী রায় বাতিলের দাবিতে সমাবেশে আমিনী এসব কথা বলেন।প্রধানমন্ত্রীর সংস্থাপনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামের সঙ্গে যেসব আলেম নারীনীতি নিয়ে বৈঠক করেছেন, তাঁদের অনেককে ভয়ভীতি দেখিয়ে আনা হয়েছে বলে অভিযোগ করেন আমিনী। তিনি বলেন, নারীনীতি স্থগিত না হওয়া পর্যন্ত যেসব আলেম সরকারের সঙ্গে আলোচনায় বসবেন, তাঁরা দালাল।আমিনী অভিযোগ করেন, শেখ হাসিনা পাশ্চাত্য ও ভারতের সহায়তায় ক্ষমতায় টিকে থাকতে চায়। কিন্তু এতেও শেষ রক্ষা হবে না। সমাবেশে ইসলামী ঐক্যজোট ঢাকা মহানগরের আমির মাওলানা আবদুল কাসেম, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী প্রমুখ উপস্থিত ছিলেন।