শ্রম ও কর্মসংস্থানবিষয়ক প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেছেন, বর্তমান সরকার কোরআন-সুন্নাহ অনুযায়ী নারীনীতি করেছে। কিন্তু গোলাম আজম, নিজামীরা বিভ্রান্ত করে মানুষকে এর বিরুদ্ধে উসকে দিচ্ছে। মন্নুজান সুফিয়ান আরও বলেছেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধীদের বিচার শুরু করেছে। আর এ থেকে বাঁচার জন্যই তারা বিভিন্ন কৌশল গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে তারা নারীনীতি নিয়ে একটি গণ-আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে। পাকিস্তান আমলে তারাই ধর্মকে ব্যবহার করে আখের গুছিয়েছে।মানুষের জন্য ফাউন্ডেশন নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন ২০০৬ সালে তৈরি করা হলেও সরকার এ ক্ষেত্রে কোনো বরাদ্দ দেয়নি বলে তিনি অভিযোগ করেন। প্রতিমন্ত্রী খুব শিগগিরই এ খাতে বরাদ্দ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন ‘বিলস’-এর সহকারী নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ।সেমিনারে আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক আবদুর রাজ্জাক, পক্ষের জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবদুল মতিন মাস্টার, বাংলাদেশ এমপ্লয়ার ফেডারেশনের উপদেষ্টা কাজী সাইফুদ্দিন আহমেদসহ প্রমুখ।