নারীনীতি নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্র চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারীনীতির নামে ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্র চলছে। তিনি বিরোধী দলকে এ ষড়যন্ত্র থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, পবিত্র কোরআন-সুন্নাহর আলোকে এবং জাতিসংঘের সিডও সনদ অনুসারে এই নীতি প্রণয়ন করা হচ্ছে। কারণ আওয়ামী লীগ কোরআন-সুন্নাহবিরোধী কোনো দল নয়। প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে মুক্তিযোদ্ধাদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। ঐতিহাসিক মুজিবনগর দিবসের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রোববার এসব কথা বলেছেন। প্রধানমন্ত্রী বলেন, পলাশীর আম্রকাননে ১৭৫৭ সালের ২৩ জুন বাঙালির স্বাধীনতার সূর্য অস্ত গিয়েছিল। তারই অদূরে এই মুজিবনগরের আরেক আম্রকাননে ১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়। সেদিন বঙ্গবন্ধুর পরিকল্পনা ও সিদ্ধান্ত অনুযায়ী এখানে একটি নির্বাচিত সরকার শপথ নিয়েছিল। ওই সরকার নয় মাসের স্বাধীনতাযুদ্ধ পরিচালনা করে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার কাজে পা বাড়িয়েছিল। কিন্তু দুর্ভাগ্য, পঁচাত্তর-পরবর্তী সময়ে স্বাধীনতার শত্রুরা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারসহ জাতীয় নেতাদের হত্যা করে দেশকে আবারও চরম অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়। পরবর্তী সময়ে সামরিক কায়দায় রাষ্ট্রীয় ক্ষমতায় এসে তারা (জিয়াউর রহমানকে ইঙ্গিত করে) আবার রাজাকারদের সামাজিক ও রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করে দেশের সংবিধান ক্ষতবিক্ষত করেছিল। শেখ হাসিনা বলেন, ২০০১ সালে সেই স্বাধীনতাবিরোধী শক্তির সহযোগিতায় জোট সরকার ক্ষমতায় এসে স্বাধীনতার ইতিহাস বিকৃতি শুরু করে। তারা ছিয়ানব্বই সালে এই ঐতিহাসিক মুজিবনগরের উন্নয়নে গৃহীত উন্নয়ন প্রকল্পের কাজও বন্ধ করে দেয়। জোট সরকারের সময় দেশের সম্পদ বিক্রি ও লুটপাট করে দেশের মানুষের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে তারা দেশে জঙ্গিবাদ সৃষ্টি করে। তাদের কারণেই দেশে এক-এগারোর জন্ম হয়। এখন তারা সরকারের গণমুখী নানা পরিকল্পনায় ঈর্ষান্বিত হয়ে জঙ্গি লেলিয়ে দিয়ে নারীনীতির নামে দেশে আবার অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইছে। প্রধানমন্ত্রী নারীনীতির নামে ঘোলা পানিতে মাছ শিকারের ষড়যন্ত্র থেকে বিরোধী দলকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, পবিত্র কোরআন-সুন্নাহর আলোকে এবং জাতিসংঘের সিডও সনদ অনুসারে নারীনীতি করা হচ্ছে। বিদ্যুৎ সমস্যার উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ২০০৮ সালে ক্ষমতায় এসে গত আড়াই বছরে এই সরকার এক হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়িয়েছে। তিনি বলেন, মুজিবনগরের ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করে সরকার এই মুজিবনগরের উন্নয়নে সব ধরনের পরিকল্পনা হাতে নেবে। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ, পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী প্রমুখ।মতিয়া চৌধুরী বলেন, জোট সরকারের সময় সার ও তেলের পেছনে কৃষক ঘুরে বেড়িয়ে সার ও তেল পাননি। আজ সার ও তেল কৃষকের পেছনে ছুটে বেড়াচ্ছে। দেশের কৃষি উৎপাদন বাড়াতে সরকার কৃষি মহা-উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। এটা কি সরকারের অপরাধ? তাহলে কেন নারীনীতি নিয়ে মাঠ গরম করা হচ্ছে।সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, যারা মুক্তিযুদ্ধকালীন বঙ্গবন্ধুর অনুপস্থিতির গন্ধ খুঁজে বেড়ায়, তারা স্বাধীনতাকে স্বীকার করে না। তারাই ধর্মের নামে মানুষকে বিভক্ত করার ষড়যন্ত্র করছে। তাদের নেতৃত্বে ধর্ম ব্যবসায়ীরা নারীনীতির অপব্যাখ্যা দিয়ে দেশে জঙ্গিবাদ সৃষ্টি করতে চাইছে। মুজিবনগর দিবসের জনসভায় যোগ দিতে বিভিন্ন জেলা থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা গাড়িবহর নিয়ে মুজিবনগরে আসেন। তাঁরা দিনটিকে জাতীয় দিবস হিসেবে পালনের দাবি জানান।বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ: বাসস জানায়, মুজিবনগর দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সকালে ঢাকায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।