হেফাজতে ইসলাম যেসব দাবি তুলেছে, তা মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত দেশ ও সংবিধানের মূল দর্শনের সঙ্গে সাংঘর্ষিক। এ রকম দাবি অতীতে কোনো গোষ্ঠীর পক্ষ থেকে ওঠেনি। সংবিধান নারী-পুরুষের সমান অধিকারের স্বীকৃতি দিয়েছে। সংবিধানের ওই নির্দেশনা বাস্তবায়নের জন্য সরকার নারীনীতি করেছে। সেটা বাতিল করার দাবি অন্যায্য। অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া দণ্ডনীয় অপরাধ। দেশে প্রচলিত আইনে সে দণ্ডের বিধান আছে। কোনো কোনো দেশ এ ব্যাপারে নতুন আইন করেছে। কিন্তু দেখা যাচ্ছে, ওই সব দেশে নতুন নতুন সংঘাতের সৃষ্টি হয়েছে।এ দেশের মানুষ ধর্মপ্রাণ। সবাই যার যার ধর্ম নিজের অন্তরে ধারণ করে। সমাজে শান্তিতে সহাবস্থান করে। এটাই এ দেশের সমাজের চিরকালীন সৌন্দর্য। অনেকে মনে করে, আমাদের মুসলমানত্ব বজায় রাখার জন্য আরও অনেক কিছু করতে হবে। কিন্তু শতকরা ৯৯ ভাগ মানুষ তা মনে করে না। কারণ, তাদের অভিজ্ঞতা হচ্ছে, বাঙালিত্ব ও তার ধর্মের মধ্যে বিরোধাত্মক কিছু নেই।নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টা যেকোনো দেশের উন্নয়নের শক্তি। তার মধ্যেও নারীর শক্তি একটা দেশকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে, বাংলাদেশ তা দেখিয়েছে। কাজেই এই নারীর অধিকার রক্ষা করতে হবে। সবাইকে এ ব্যাপারে সচেতন হতে হবে। সালমা খান: জাতিসংঘ সিডও কমিটির সাবেক চেয়ারপারসন ও সাবেক রাষ্ট্রদূত