নারীনীতি বাস্তবায়নে নারীদের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের অধিকার পূরণের লক্ষ্যে নারীনীতি বাস্তবায়নে সরকারকে সহযোগিতার জন্য নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার বিকেলে সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ কোরআন-সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করেনি। যাঁরা এটা বলছেন তাঁরা মিথ্যা বলছেন। আওয়ামী লীগ মা-বোনদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য নারী অধিকার নীতিমালা করেছে। বিরোধীদলীয় নেত্রী এই নীতিমালা নিয়ে নানা কথা বলছেন। তিনি বলেন, এ দেশের অবহেলিত নারীদের মর্যাদা রক্ষায় বর্তমান সরকার নারী উন্নয়ন নীতিমালা প্রণয়ন করেছে।প্রধানমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ীই দেশ চলছে। সংবিধান নিয়ে প্রধান বিরোধী দল বিএনপি অপপ্রয়াস চালাচ্ছে। তিনি বলেন, ‘সংবিধান নেই বলে বিরোধী দলের নেত্রী চিৎকার করছেন, কিন্তু দেশে সংবিধান আছে। সংবিধান অনুযায়ীই দেশ চলছে। বরং তাঁর স্বামী জিয়াউর রহমান সংবিধান লঙ্ঘন করে সামরিক শাসন জারি করে ক্ষমতা দখল করেছিলেন।’প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘ক্ষমতায় থেকে লুটপাট ও দুর্নীতি করে আপনি ও আপনার ছেলে কালো টাকা সাদা করেছেন। এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটার বানিয়ে জনগণের ভোট চুরি করে পুনরায় ক্ষমতায় যেতে চেয়েছিলেন। কিন্তু সে আশা পূরণ হয়নি। ক্ষমতায় নেই, দুর্নীতি করতে পারছেন না, এ জন্যই আপনি আবোলতাবোল কথা বলছেন।’শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে চার হাজার ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে রেখে গিয়েছিল। বিএনপি-জামায়াত জোট সরকার কোনো উৎপাদন বাড়াতে পারেনি। এই সরকার ক্ষমতায় এসে দুই বছরে নতুনভাবে এক হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছে। এ ছাড়া আরও ৩৪টি নতুন বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়েছে। সিরাজগঞ্জে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের উদ্বোধন করা হলো, এখানে আরও এক হাজার ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে।প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ জনগণের দল। তারা জনগণের জন্য কাজ করে। দুই বছরে দুই লাখ ২৩ হাজার বেকার যুবকের কর্মসংস্থানের সমাধান করা হয়েছে। শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থান ব্যাংক সৃষ্টি করা হয়েছে। তিনি দেশের সার্বিক উন্নয়নের বিবরণ তুলে ধরে বলেন, দেশের খাদ্যঘাটতি মোকাবিলা, বিদ্যুৎ-সংকট দূর করা, রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে। ডিগ্রি পর্যন্ত মেয়েরা যাতে বিনা পয়সায় পড়তে পারে, সে ব্যবস্থাও করা হচ্ছে।শেখ হাসিনা বলেন, সিরাজগঞ্জের নদীভাঙন রোধে ও বগুড়ার সারিয়াকান্দি পর্যন্ত ৫০০ কোটি টাকার প্রতিরক্ষামূলক কাজ হাতে নেওয়া হয়েছে। রায়পুরে রেল জংশন স্থাপনসহ আন্তনগর ট্রেন চালুর ব্যবস্থা করা হবে। মিল্কভিটার আদলে আরও একটি দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন, মেরিন একাডেমি স্থাপন, ভেটেরিনারি কলেজ, মৎস্য কারিগরি প্রশিক্ষণকেন্দ্র স্থাপন ও শিল্পপার্ক স্থাপন করা হবে। সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত রেললাইন স্থাপন করা হবে। একই সঙ্গে তিনি সিরাজগঞ্জে রাসেল শিশুপার্ক ও বিচারিক ভবন স্থাপনের ঘোষণা দেন।এর আগে প্রধানমন্ত্রী বেলা দুইটার দিকে হেলিকপ্টারযোগে সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় অবতরণ করেন। সেখানে সিরাজগঞ্জ ১৫০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি সয়দাবাদ-এনায়েতপুর সাড়ে উনিশ কিলোমিটার বাইলেন সম্প্রসারণ কাজের উদ্বোধন শেষে সিরাজগঞ্জ জাতীয় জুট মিলস (কওমী জুট মিল) পুনরায় চালুর উদ্বোধন করেন।জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ নাসিম, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, প্রধানমন্ত্রীর সংস্থাপন ও প্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, সাংসদ শফিকুল ইসলাম, চয়ন ইসলাম, তানভীর শাকিল জয়, আক্তারুজ্জামান বাবু প্রমুখ।এদিকে শাহজাদপুর থেকে সিরাজগঞ্জের জনসভাস্থলে আসার সময় বেলা সোয়া একটার দিকে উল্লাপাড়া উপজেলার পাইকপাড়ায় মুক্তিযোদ্ধাদের বহনকারী মডার্ন এন্টারপ্রাইজ নামের একটি বাসের সঙ্গে ঢাকা থেকে চাটমোহরগামী শাহজাদপুর পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুটি বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় ৩০ জন আহত হন।