নারীনীতি বিষয়ে আলোচনার প্রয়োজন আছে: এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, নারীনীতি দেওয়ার আগে মহাজোটের শরিকদের সঙ্গে আলোচনা করা প্রয়োজন ছিল। নারীনীতি দেওয়াকে কেন্দ্র করে বর্তমানে আলেম-ওলামারা আন্দোলনে নেমেছেন। তাঁদের সঙ্গে আলোচনা করে কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো বিষয় থাকলে তা পরিবর্তন করা উচিত বলে মন্তব্য করেন তিনি।আজ মঙ্গলবার বিকেলে বগুড়ার পর্যটন মোটেলে দলীয় নেতা-কর্মী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এরশাদ এ মন্তব্য করেন।এরশাদ বলেন, যারা নারীনীতি বাতিলের দাবিতে হরতাল করেছে এবং আন্দোলনে রয়েছে, তাদের সঙ্গে দ্রুত আলোচনা করে নারীনীতির বিষয়টি সুরাহা করা প্রয়োজন। আন্দোলনকারীরা নারীনীতি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক বললেও সরকার বলছে, নারীনীতিতে এমন কিছু নেই, যা কোরআন-সুন্নাহর বিরোধী। এ ক্ষেত্রে জনগণ আন্দোলনকারীদের কথা বিশ্বাস করেছে, যার কারণে ঢাকার বাইরে মফস্বল শহরে হরতাল হয়েছে। এ ছাড়া তারা আবারও আন্দোলনের কথা বলছে, যা দেশের জন্য শুভ নয়। তাই আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে নারীনীতিতে যে বিষয়গুলো সাংঘর্ষিক, তা পরিবর্তন করা যেতে পারে। অন্যথায় আগামী নির্বাচনে মহাজোটের ক্ষতি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। মহাজোটের শরিকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।এ সময় বেগম রওশন এরশাদ, বগুড়া জেলা জাপার সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, আইনজীবী আলতাফ আলী, নুরুল আমিন, মোস্তাফিজার রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।উল্লেখ্য, এরশাদ তাঁর ছেলে এরিক এরশাদকে নিয়ে চার দিনের সফরে রংপুরে যাচ্ছেন।